বাড়ির বাস্তুর এই নিয়মগুলি জেনে রাখুন।অর্থভাগ্যের উন্নতি করতে চান? বাস্তুশাস্ত্র মতে, শুধু ঘরের দিকনির্দেশ বা আসবাবের অবস্থানই নয়, খাটের বক্সে কী রাখা হচ্ছে, তারও প্রভাব পড়তে পারে সংসারের সুখ-শান্তি ও আর্থিক অবস্থার উপর। বাস্তু বিশেষজ্ঞদের দাবি, অনেকেই অজান্তেই এমন কিছু জিনিস খাটের বক্সে রেখে দেন, যা নেতিবাচক শক্তি বাড়িয়ে অর্থপ্রবাহে বাধা সৃষ্টি করতে পারে। তাই সময় থাকতেই সেই জিনিসগুলি সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, খাটের বক্স মূলত প্রয়োজনীয় ও গুছিয়ে রাখা সামগ্রী সংরক্ষণের জায়গা। সেখানে অপ্রয়োজনীয় বা নির্দিষ্ট কিছু বস্তু জমিয়ে রাখলে ঘরের ইতিবাচক পরিবেশ নষ্ট হতে পারে বলে বিশ্বাস করা হয়।
কোন কোন জিনিস খাটের বক্সে রাখা উচিত নয়?
লোহার ভারী বা ধারালো জিনিস
পুরনো যন্ত্রপাতি, কাঁচি, পেরেক কিংবা ভারী লোহার সামগ্রী খাটের বক্সে রাখা এড়ানোর পরামর্শ দেন বাস্তু বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এগুলি পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ও সম্পর্কের টানাপড়েন বাড়াতে পারে।
ছেঁড়া কাপড় ও অপ্রয়োজনীয় জঞ্জাল
অনেকেই পুরনো কম্বল, চাদর বা ছেঁড়া পোশাক খাটের বক্সে জমিয়ে রাখেন। বাস্তুমতে, এ ধরনের জিনিস নেতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং সংসারে আর্থিক অগ্রগতিতে বাধা তৈরি করতে পারে।
নষ্ট ইলেকট্রনিক্স সামগ্রী
খারাপ মোবাইল ফোন, চার্জার, পুরনো ব্যাটারি বা বৈদ্যুতিক তার খাটের বক্সে না রাখাই ভালো বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, এগুলি মানসিক অস্থিরতা ও ঘুমের সমস্যার কারণ হতে পারে।
তরল পদার্থ ও সুগন্ধি
ইত্র, সুগন্ধি, তেল বা অন্য কোনও তরল পদার্থও খাটের বক্সে সংরক্ষণ না করার পরামর্শ দেওয়া হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এগুলি সুখ-সমৃদ্ধির প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে।
পুজোর সামগ্রী বা দেবদেবীর ছবি
পুরনো পুজোর সামগ্রী, দেবদেবীর ছবি কিংবা পূর্বপুরুষদের ছবি খাটের বক্সে রাখা উচিত নয় বলেই মনে করা হয়। বাস্তুমতে, এতে বাস্তুদোষ তৈরি হতে পারে।
জুতো-চটি
জায়গার অভাবে অনেকেই খাটের বক্সে জুতো বা চটি রেখে দেন। তবে বাস্তুশাস্ত্রে এটিকে শুভ মনে করা হয় না। বিশ্বাস করা হয়, এতে সংসারে আর্থিক সংকট দেখা দিতে পারে।
পজিটিভ এনার্জি বজায় রাখতে কী করবেন?
বাস্তু বিশেষজ্ঞদের মতে, প্রতি দুই থেকে তিন মাস অন্তর খাটের বক্স সম্পূর্ণ খালি করে পরিষ্কার করা উচিত। জমে থাকা ধুলো-ময়লা সরিয়ে অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে।
এ ছাড়া মাঝে মাঝে খাটের বক্স খুলে রেখে সেখানে আলো ও বাতাস চলাচলের সুযোগ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে বদ্ধ পরিবেশ দূর হয়।
অনেকেই খাটের বক্সে ২-৩টি কর্পূরের টুকরো অথবা সামান্য কর্পূরের তেল রাখার পরামর্শ দেন। বাস্তুমতে, কর্পূরের গন্ধ নেতিবাচক শক্তি দূর করে ঘরে শান্ত পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।
বিঃদ্রঃ এই প্রতিবেদনটি বাস্তুশাস্ত্রে প্রচলিত বিশ্বাস ও মতামতের ভিত্তিতে লেখা। এর বৈজ্ঞানিক প্রমাণ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত নয়।