বিশ্বকর্মা পুজোর শুভ মুহূর্ত ঠিক কখন?হিন্দুধর্মে বিশ্বকর্মা পুজোকে অত্যন্ত গুরুত্ব সহকারেই পালন করা হয়। বিশেষ করে যেসব বাড়িতে কারখানা, গাড়ি ও নানা যন্ত্রপাতি রয়েছে, সেই বাড়িতে ধুমধাম সহকারে বিশ্বকর্মা পুজো পালন করা হয়। ভগবান বিশ্বকর্মাকে এই বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার ও শিল্পী হিসেবে ধরা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভগবান বিশ্বকর্মা দেবলোক, স্বর্ণলঙ্কা, ভগবান কৃষ্ণের নগরী দ্বারকা এবং দেবতাদের নানা অস্ত্র তৈরি করেছেন। সেই কারণেই এই দিন যন্ত্র, যানবাহন এবং লোহা-ইস্পাতের সরঞ্জামগুলির বিশেষ পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে যন্ত্রের পূজা করলে ব্যবসায় সমৃদ্ধি আসে এবং কাজের বাধা দূর হয়।
কবে বিশ্বকর্মা পুজো?
জ্যোতিষীদের মতে, যেদিন সূর্য সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে (কন্যা সংক্রান্তি) সেই দিনই বিশ্বকর্মা পুজো পালন করা হয় । কন্যা সংক্রান্তির ঘটনা এবছর ঘটবে ১৭ সেপ্টেম্বর ভোর ৪:২৮ মিনিটে, যার ফলে এই সময়টিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময়ে সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করবে।
২০২৬ সালে বিশ্বকর্মা পূজার শুভ সময়:
ব্রহ্ম মুহুর্ত- সকাল ৫টা ৫৮ থেকে সকাল ০৬:৪৪ পর্যন্ত।
প্রাতঃ মুহূর্ত- সকাল ৬:২১ থেকে ০৭:৩০ পর্যন্ত
অভিজিত মুহূর্ত: দুপুর ১:২০ থেকে ২:১০ পর্যন্ত
বিজয় মুহূর্ত: দুপুর ৩:৫০ থেকে ০৪:৪০ পর্যন্ত
গোধূলি মুহূর্ত- রাত ৭:৫৯ থেকে রাত ৮:২৩ পর্যন্ত।
বিশ্বকর্মা পূজা পদ্ধতি:
এই দিনে, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, স্নান সেরে নিন এবং তারপর আপনার কর্মক্ষেত্র বা মেশিন বা গাড়ি পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করুন। এক্ষেত্রে গাড়ি বা মেশিন ধোয়ার পরে স্নান করতে পারেন। একটি মোড়ার উপর পরিষ্কার লাল বা হলুদ কাপড় বিছিয়ে, আট পাপড়ির একটি পদ্ম আঁকুন এবং একটি কলস ও ভগবান বিশ্বকর্মার মূর্তি বসান। সমস্ত সরঞ্জাম ও যন্ত্রপাতিতে রোলি, চন্দন এবং হলুদ মাখিয়ে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। ভগবান বিশ্বকর্মাকে ফল, ফুল এবং মিষ্টি নিবেদন করুন। পূজার পর প্রসাদ গ্রহণ করুন এবং পরিবারের সদস্যদেরকেও প্রসাদ দিন।
গাড়ি কীভাবে পুজো করবেন?
পুজোর আগের দিন রাতে অথবা পুজোর দিন সকালে গাড়িটি ভালো করে ধুয়ে ও মুছে পরিষ্কার করে নিন। সিঁদুর ও তেল বা জলে গুলে গাড়ির সামনে বা ইঞ্জিনের গায়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। গাড়ির চাকা, স্টিয়ারিং এবং মেশিনের অংশে সিঁদুর ও হলুদের ফোঁটা (তিলক) দিন। গাড়ির সামনে ফুল ও মালা দিন। ধূপ ও প্রদীপ জ্বালিয়ে ভগবান বিশ্বকর্মার নাম স্মরণ করে পুজো করুন। গাড়ির সুরক্ষার জন্য মনে মনে প্রার্থনা করুন। গাড়ির সামনে বা চাকার কাছে একটি ডাব বা ফল কেটে নিবেদন করতে পারেন।