Bank Strike : মাসের শেষে ব্যাঙ্ক ধর্মঘটে কোন কোন ক্ষেত্রে প্রভাব? জেনে নিন বিশদে

ইউনিয়নগুলি সেই আবেদন মানতে রাজি নয়। UFBU-র অভিযোগ, ধর্মঘটে যোগ না দেওয়ার জন্য বিশেষ করে স্কেল ফোর এবং তার ঊর্ধ্বতন স্তরের অফিসারদের উপর চাপ তৈরি করা হচ্ছে।

Advertisement
মাসের শেষে ব্যাঙ্ক ধর্মঘটে কোন কোন ক্ষেত্রে প্রভাব? জেনে নিন বিশদে ফাইল ছবি
হাইলাইটস
  • মঙ্গলবার নয়াদিল্লিতে শ্রম মন্ত্রকের নেতৃত্বে একটি বৈঠক হয়
  • সেখানে বিভিন্ন ইউনিয়ন এবং ব্যাঙ্কের ম্যানেজমেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

ব্যাঙ্ক ধর্মঘট থেকে পিছিয়ে আসছে না ইউনিয়নগুলি। তাদের দাবি, ৫ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু না হলে ধর্মঘট হবেই। আর তার জেরে শঙ্কিত কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ব্যাঙ্ক কর্মীদের দাবিদাওয়া নিয়ে আজ মঙ্গলবার 
ভারতীয় ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং কেন্দ্রের অর্থ মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস (DFS)-এর তরফে এখনও কোনও ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। ফলে আগামী ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর তিন দিনের ধর্মঘট হবে। এমনটাই দাবি ব্যাঙ্ক ইউনিয়নগুলির।

মঙ্গলবার নয়াদিল্লিতে শ্রম মন্ত্রকের নেতৃত্বে একটি বৈঠক হয়। সেখানে বিভিন্ন ইউনিয়ন এবং ব্যাঙ্কের ম্যানেজমেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা এবং কর্মীদের অন্যান্য দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়।

ব্যাঙ্ক ইউনিয়নগুলির বক্তব্য, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিংয়ের দাবি নতুন নয়। ২০২৪ সালের মার্চে শেষ ওয়েজ সেটেলমেন্ট রিভিশনের সময় এই দাবিতে সম্মতি জানিয়ে চুক্তি সই হয়েছিল। কিন্তু এখনও তা কার্যকর না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে না UFBU। ইউনিয়নের তরফে জানানো হয়েছে, পাঁচ দিনের ব্যাঙ্কিং চালুর বিষয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ সামনে আসেনি। ফলে ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বরের ধর্মঘটের সিদ্ধান্ত থেকে তারা পিছু হটছে না।

এর আগে সোমবারই ধর্মঘট প্রত্যাহার বা পিছিয়ে দেওয়ার জন্য ব্যাঙ্ক ইউনিয়নগুলির কাছে আবেদন করেছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কর্মীদের অন্যতম দাবি PLI সংক্রান্ত বিষয়ে সরকার আপাতত ব্যবস্থা নিয়েছে। কিন্তু পাঁচ দিনের ব্যাঙ্কিংয়ের দাবি এখনও সরকারের বিবেচনাধীন রয়েছে। মঙ্গলবারের বৈঠকে IBA জানায়, স্কেল ফাইভ এবং তার ঊর্ধ্বতনস্তরের অফিসারদের জন্য PLI সংক্রান্ত বিষয়টি সরকারের নির্দেশ অনুযায়ী আপাতত স্থগিত রাখা হয়েছে। এই বিষয়টি পরবর্তী সময়ে আলোচনা করা হবে।

পাঁচ দিনের ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে IBA-র বক্তব্য, বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনাধীন। ব্যাঙ্কিং পরিষেবার গ্রাহকদের কথা মাথায় রেখে UFBU-কে ধর্মঘট পুনর্বিবেচনা করে তা পিছিয়ে দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

DFS-এর প্রতিনিধিরাও বৈঠকে জানান, ব্যাঙ্ক কর্মীদের কল্যাণে সরকার একাধিক পদক্ষেপ করেছে। পাঁচ দিনের ব্যাঙ্কিংয়ের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মতামতও বিবেচনা করতে হবে। তাই ইউনিয়নগুলিকে ধর্মঘট পিছিয়ে দিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে।

Advertisement

কিন্তু ইউনিয়নগুলি সেই আবেদন মানতে রাজি নয়। UFBU-র অভিযোগ, ধর্মঘটে যোগ না দেওয়ার জন্য বিশেষ করে স্কেল ফোর এবং তার ঊর্ধ্বতন স্তরের অফিসারদের উপর চাপ তৈরি করা হচ্ছে। কর্মীদের নিরুৎসাহিত করার মতো পদক্ষেপও করা হচ্ছে বলে অভিযোগ।  UFBU-র বক্তব্য, এই ধরনের চাপ কখনও কাম্য নয়। তাদের দাবি, এই ধরনের পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করবে।

তবে ইউনিয়নগুলি জানিয়েছে, পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা কার্যকর করার বিষয়ে যদি কোনও ইতিবাচক ও নির্দিষ্ট সিদ্ধান্ত আসে, তাহলে ধর্মঘট পিছিয়ে দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করতে পারে। অন্যথায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তিন দিনের ধর্মঘট হবে।

এদিকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কগুলির হাফ ইয়ারলি ক্লোজিং। অর্থাৎ ওই দিন ব্যাঙ্কগুলির নানা গুরুত্বপূর্ণ কাজ থাকে। সেই কারণেই ধর্মঘট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অর্থ মন্ত্রক। মন্ত্রকের বক্তব্য, ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বরের ধর্মঘটের সঙ্গে তার আগের শনিবার ও রবিবারের ছুটি যুক্ত হওয়ায় কার্যত টানা পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে।

এর ফলে সাধারণ গ্রাহক, ব্যবসায়ী, সরকারি লেনদেন এবং আন্তর্জাতিক ব্যাঙ্কিং পরিষেবার উপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার এবং ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক রাখার আবেদনও জানিয়েছে অর্থ মন্ত্রক। তবে ব্যাঙ্ক ইউনিয়নগুলি জানিয়ে দিয়েছে, ধর্মঘট চলবেই। 
 

POST A COMMENT
Advertisement