অষ্টম বেতন কমিশন।অষ্টম বেতন কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন, পেনশন, পদোন্নতি এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে একগুচ্ছ দাবি পেশ করা হয়েছে। মোট ৭৩টি প্রস্তাব জমা দিয়েছে প্রতিরক্ষা কর্মীদের জাতীয় সংগঠন ভারতীয় প্রতিরক্ষা মজদুর সঙ্ঘ (BPMS)। গত ১৮ নভেম্বর কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে নিজেদের দাবি পেশ করে সংগঠনটি। বছরে বেতন বৃদ্ধির হার দ্বিগুণ করা থেকে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবি রয়েছে সেই তালিকায়।
প্রতি বছর ৬ শতাংশ হারে বেতন
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার বেসিক স্যালারির ৩ শতাংশ। তা বাড়িয়ে ৬ শতাংশ করার দাবি জানিয়েছে কর্মচারী সংগঠন। তাদের বক্তব্য, মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের সঙ্গে পাল্লা দিতে এই বেতন বৃদ্ধি কর্মীদের সাহায্য করবে। পাশাপাশি নতুন বেতন কাঠামো নির্ধারণের আগে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বেসিক স্যালারি ও পেনশনের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
পুরনো পেনশন স্কিম ফেরানোর দাবি
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) এবং ইউনিফায়েড পেনশন স্কিম (UPS) বন্ধ করে পুরনো পেনশন প্রকল্প (OPS) ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি ১ জানুয়ারির আগে এবং পরে অবসর নেওয়া কর্মীদের পেনশনের ক্ষেত্রে সমতা বজায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রেও কয়েকটি মাপকাঠি নির্দিষ্ট করার প্রস্তাব রয়েছে। পরিবারের প্রয়োজন, ভারতীয় শ্রম সম্মেলনের সুপারিশ, অ্যাক্রয়েড ফর্মুলা এবং বাজারদরের ভিত্তিতে ন্যূনতম বেতন ঠিক করার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি উপযুক্ত ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে অনুপাত ১:১০ রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে।
৪৫ দিনের পিতৃত্বকালীন ছুটি
বর্তমানে পিতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে ৪৫ দিন করার দাবি জানিয়েছে কর্মচারী সংগঠন। যে কর্মীরা সন্তান দত্তক নেবেন, তাঁদেরও এই ছুটির আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে, বছরে ক্যাজুয়াল লিভের সংখ্যা বাড়িয়ে ১২ দিন করা হোক। কয়েকটি নির্দিষ্ট শর্তসাপেক্ষে সম্পূর্ণ বেতন-সহ ২ বছর পর্যন্ত চাইল্ড কেয়ার লিভ বা শিশুর দেখাশোনার ছুটি দেওয়ার প্রস্তাবও রয়েছে। পাশাপাশি মহিলা কর্মীদের প্রতি মাসে এক দিন করে ঋতুকালীন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
১৫ লক্ষের বিমা কভার
কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্রুপ ইনস্যুরেন্স স্কিমের আওতায় বিমার পরিমাণ ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ১৫ লক্ষ টাকা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্সের সুবিধা বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। এছাড়াও সন্তানদের স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়াশোনার জন্য শিক্ষাভাতা, উন্নত চিকিৎসা পরিষেবা এবং ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত কর্মীদের প্রতি মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত রিস্ক অ্যালাউন্স দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
৩০ বছরের চাকরিতে পাঁচ বার বেতন স্তর বৃদ্ধি
মডিফায়েড অ্যাশিওরড কেরিয়ার প্রোগ্রেশন (MACP) স্কিমের আওতায় ৩০ বছরের চাকরিজীবনে অন্তত ৫ বার বেতনস্তর বাড়ানোর দাবি জানিয়েছে কর্মচারী সংগঠন। পাশাপাশি শুধু শূন্যপদের ভিত্তিতে নয়, বরং চাকরির মেয়াদ, যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির প্রস্তাবও দেওয়া হয়েছে।
এগুলি আপাতত কর্মচারী সংগঠনের দাবি ও প্রস্তাব মাত্র। অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি।