8th Pay Commission : অষ্টম পে কমিশনে পেনশন বাড়তে পারে এক ধাক্কায় ৬৭ শতাংশ! সরকারি কর্মীদের জন্য বড় প্রস্তাব

বর্তমান পেনশন কাঠামোয় সাধারণত শেষ বেতন অথবা অবসরের আগের ১০ মাসের গড় বেতনের ভিত্তিতে পেনশন নির্ধারণ করা হয়। প্রস্তাবিত ৬৭ শতাংশের ফর্মুলা কার্যকর হলে পেনশনের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

Advertisement
অষ্টম পে কমিশনে পেনশন বাড়তে পারে এক ধাক্কায় ৬৭ শতাংশ! সরকারি কর্মীদের জন্য বড় খবরফাইল ছবি
হাইলাইটস
  • তবে মনে রাখতে হবে, এই হিসাব সম্পূর্ণ প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর ও পেনশন ফর্মুলার ভিত্তিতে করা হয়েছে
  • এগুলি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বাস্তবে বেতন ও পেনশনের অঙ্ক কতটা বাড়বে, তা নির্ভর করবে অষ্টম পে কমিশনের সুপারিশের উপর

অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার সময় যত এগিয়ে আসছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের প্রত্যাশাও তত বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন কর্মচারী সংগঠন ও পেনশনভোগীদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছে বেতন কমিশন। সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার জন্য কমিশনকে ১৮ মাস সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হতে আর মাত্র ছ'মাস বাকি। আগামী ২০২৭ সালের মে মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা। এরই মধ্যে কমিশনের সামনে দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে কর্মচারী সংগঠনগুলি। এই দাবিগুলি মেনে নেওয়া হলে শুধু কর্মরত কর্মচারীদের বেতনই নয়, অবসরপ্রাপ্তদের পেনশনেও বড়সড় পরিবর্তন আসতে পারে।

পেনশন ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ করার দাবি

অষ্টম পে কমিশনের কাছে পেনশন বাড়ানোর একাধিক প্রস্তাব জমা পড়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন ব্যবস্থা বা ওল্ড পেনশন স্কিম (OPS) ফের চালু করার দাবিও উঠেছে। ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ (BPMS) সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীর জন্য OPS পুনরায় চালু করার দাবি জানিয়েছে।

অন্যদিকে, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM) পেনশন গণনার ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। সংগঠনটির দাবি, কর্মচারীদের শেষ বেসিক বেতনের ৫০ শতাংশের পরিবর্তে ৬৭ শতাংশ পেনশন দেওয়া হোক। পাশাপাশি, ফ্যামিলি পেনশন বা পারিবারিক পেনশনের হার ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) এবং ভারত পেনশনার্স সমাজ-সহ অন্যান্য সংগঠনও পেনশন সংক্রান্ত নিয়মে পরিবর্তনের দাবি তুলেছে।

পেনশন কতটা বাড়তে পারে?

বর্তমান পেনশন কাঠামোয় সাধারণত শেষ বেতন অথবা অবসরের আগের ১০ মাসের গড় বেতনের ভিত্তিতে পেনশন নির্ধারণ করা হয়। প্রস্তাবিত ৬৭ শতাংশের ফর্মুলা কার্যকর হলে পেনশনের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

ধরা যাক, সপ্তম পে কমিশনের অধীনে লেভেল ১০-এর কোনও কর্মচারীর বেসিক বেতন ৫৬,১০০ টাকা। বর্তমান ৫০ শতাংশের হিসাব অনুযায়ী তাঁর বেসিক পেনশন হবে ২৮,০৫০ টাকা। কিন্তু পেনশন শেষ বেসিক বেতনের ৬৭ শতাংশ করার প্রস্তাব গৃহীত হলে সেই অঙ্ক বেড়ে দাঁড়াবে ৩৭,৫৮৭ টাকা। অর্থাৎ, মাসিক পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে।

Advertisement

ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ করার দাবি

পেনশনের পাশাপাশি অষ্টম পে কমিশনের কাছে কর্মচারী সংগঠনগুলির অন্যতম বড় দাবি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি। এর আগে ষষ্ঠ পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৮৬। সপ্তম পে কমিশনে তা বাড়িয়ে ২.৫৭ করা হয়। এর ফলে ন্যূনতম বেসিক বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল।

এবার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৮৩ করার দাবি উঠেছে। এই দাবি মেনে নেওয়া হলে ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৬৮,৯৪০ টাকা হতে পারে। অর্থাৎ, বেতনের অঙ্কে বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হবে।

লেভেল ১০ কর্মীদের পেনশন কত হতে পারে?

ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ কার্যকর হলে লেভেল ১০-এর ৫৬,১০০ টাকা বেসিক বেতন বেড়ে হতে পারে ২,১৪,৮৬৩ টাকা। এরপর পেনশন শেষ বেসিক বেতনের ৬৭ শতাংশ করার প্রস্তাবও গৃহীত হলে সংশ্লিষ্ট কর্মচারীর মাসিক পেনশন দাঁড়াতে পারে প্রায় ১,৪৩,৯৫৮ টাকা। অর্থাৎ, অঙ্কটি ১.৪৩ লক্ষ টাকারও বেশি।

তবে মনে রাখতে হবে, এই হিসাব সম্পূর্ণ প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর ও পেনশন ফর্মুলার ভিত্তিতে করা হয়েছে। এগুলি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বাস্তবে বেতন ও পেনশনের অঙ্ক কতটা বাড়বে, তা নির্ভর করবে অষ্টম পে কমিশনের সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের উপর।

২০২৭ সালের মে মাসে স্পষ্ট হতে পারে ছবি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের নভেম্বর মাসে ৮ম পে কমিশন গঠনের পর সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দিয়েছিল। সেই সময়সীমা অনুযায়ী ২০২৭ সালের মে মাসের মধ্যে রিপোর্ট জমা পড়ার কথা। ফলে আগামী কয়েক মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

OPS পুনরায় চালু করা, পেনশনের হার বৃদ্ধি, ফ্যামিলি পেনশনে পরিবর্তন এবং ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর মতো দাবিগুলি শেষ পর্যন্ত কতটা গুরুত্ব পায়, এখন সেটাই দেখার। কমিশনের সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পরেই ৮ম পে কমিশনে বেতন ও পেনশনের প্রকৃত ছবি স্পষ্ট হবে।


 

POST A COMMENT
Advertisement