8th pay commission salary : এক ধাক্কায় ৫১ হাজার টাকা বেতন বাড়বে? পেনশনভোগীদেরও বড় লাভ

ফিটমেন্ট ফ্যাক্টর হল এমন একটি সংখ্যা, যার মাধ্যমে পুরনো বেসিক পে-কে নতুন বেসিক পেতে গুণ করা হয়। সহজ হিসাব হল- বর্তমান বেসিক পে × ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে

Advertisement
এক ধাক্কায় ৫১ হাজার টাকা বেতন বাড়বে? পেনশনভোগীদেরও বড় লাভPHOTO - ITG
হাইলাইটস
  • শুধু কর্মীরাই নন, ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে কেন্দ্রীয় পেনশনভোগীদের পেনশনেও প্রভাব পড়তে পারে
  • কত টাকা পাবেন তাঁরা?

অষ্টম বেতন কমিশন ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মী, পেনশনভোগী এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। চেন্নাই-পুদুচেরির বৈঠকের পর এবার ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর চণ্ডীগড়ে বৈঠক হওয়ার কথা। আর এই আলোচনায় যে দাবিগুলির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, তার মধ্যে অন্যতম হল ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো।

বিভিন্ন কর্মী ও পেনশনভোগী সংগঠনের তরফে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ করার দাবি সামনে এসেছে। এই দাবি মেনে নেওয়া হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে বড় পরিবর্তন আসতে পারে। তবে এখনও পর্যন্ত এটি শুধুই দাবি। 

৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি কেন?

ফিটমেন্ট ফ্যাক্টর হল এমন একটি সংখ্যা, যার মাধ্যমে পুরনো বেসিক পে-কে নতুন বেসিক পেতে গুণ করা হয়। সহজ হিসাব হল- বর্তমান বেসিক পে × ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে

সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়েছিল। এর ফলে ষষ্ঠ বেতন কমিশনের সময়কার ন্যূনতম বেসিক বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল। এবার ৮ম বেতন কমিশনে একাধিক কর্মী সংগঠন ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে।

ন্যূনতম বেসিক ৬৯ হাজার টাকা?

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা। যদি ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর করা হয়, তাহলে হিসাব দাঁড়াবে- ১৮,০০০ × ৩.৮৩ = ৬৮,৯৪০ টাকা। অর্থাৎ ন্যূনতম বেসিক পে প্রায় ৬৯ হাজার টাকা হতে পারে। বর্তমান ১৮ হাজার টাকার তুলনায় বৃদ্ধি হবে ৫০,৯৪০ টাকা।

তবে মনে রাখতে হবে, এই হিসাব শুধুমাত্র ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগের ভিত্তিতে করা। বাস্তবে নতুন বেতন কাঠামো নির্ধারণের সময় পে-ম্যাট্রিক্স, DA, HRA এবং অন্যান্য ভাতা কীভাবে সমন্বয় করা হবে, তার উপর চূড়ান্ত বেতন নির্ভর করবে।

কারা এই দাবি তুলেছে?

চেন্নাইয়ের আলোচনায় ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অল ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশনের পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বা NC-JCM, অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন বা AIDEF এবং অল ইন্ডিয়া নিউ পেনশন স্কিম এমপ্লয়িজ ফেডারেশনও ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ, শুধু একটি সংগঠন নয়, একাধিক কর্মী ও পেনশনভোগী সংগঠনের তরফেই এই দাবি সামনে এসেছে।

Advertisement

লেভেল ১ থেকে ১০- কী হতে পারে বেসিক?

৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে বিভিন্ন পে লেভেলে কর্মীদের বেসিক পে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। দেওয়া হিসাব অনুযায়ী- 

লেভেল ওয়ানের ক্ষেত্রে ৮,০০০ থেকে হবে ৬৮,৯৪০ টাকা। লেভেল টুয়ের ক্ষেত্রে ১৯,৯০০ টাকা হবে ৭৬,২১৭। লেভেল থ্রিয়ের ক্ষেত্রে ২১,৭০০ টাকা হবে ৮৩,১১১। লেভের ফোরে ২৫,৫০০ টাকা বেড়ে ৯৭,৬৬৫। লেভেল পাঁচের ক্ষেত্রে ২৯,২০০ টাকা ১,১১,৮৩৬ হবে। লেভেল সিক্সে ৩৫,৪০০ হবে ১,৩৫,৫৮২ টাকা। 


পেনশনভোগীদেরও বড় সুবিধা?

শুধু কর্মীরাই নন, ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে কেন্দ্রীয় পেনশনভোগীদের পেনশনেও প্রভাব পড়তে পারে। প্রতিবেদনে প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীর কথা উল্লেখ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কারও বর্তমান পেনশন যদি ২৫ হাজার টাকা হয় এবং তার উপর সরাসরি ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তাহলে—

২৫,০০০ × ৩.৮৩ = ৯৫,৭৫০ টাকা। 


তবে এখানেও একই বিষয় প্রযোজ্য। চূড়ান্ত পেনশন কীভাবে পুনর্নির্ধারণ হবে, তা অষ্টম বেতন কমিশনের সুপারিশ এবং সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।

৫০ লক্ষের বেশি কর্মী, ৬৯ লক্ষ পেনশনভোগী

ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি কার্যকর হলে কেন্দ্রীয় সরকারের বিপুল সংখ্যক কর্মী এবং পেনশনভোগী উপকৃত হতে পারেন বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে প্রায় ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীর কথা উল্লেখ করা হয়েছে। তবে এই মুহূর্তে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। এটি বিভিন্ন কর্মী সংগঠনের দাবি এবং প্রস্তাবের অংশ।

কবে মিলবে চূড়ান্ত ছবি?

অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। কমিশনের কাজ এখনও চলছে। কর্মী, পেনশনভোগী, বিভিন্ন সংগঠন এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে কমিশন সুপারিশ তৈরি করবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের মে-জুন মাসের মধ্যে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা পড়তে পারে। এরপর সেই সুপারিশ নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে।

অর্থাৎ, এখনই ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হচ্ছে বা ন্যূনতম বেসিক ৬৯ হাজার টাকা নিশ্চিত- এমনটা বলা যাবে না। তবে যদি কর্মী সংগঠনগুলির এই দাবি গৃহীত হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন-পেনশনে বড় পরিবর্তন আসতে পারে।

 

POST A COMMENT
Advertisement