বাড়ছে এসি, টিভি ও ফ্রিজের দাম পুজোর আগে বড় ধাক্কা আমজনতার পকেটে। ১ অক্টোবর থেকে দেশে বাড়তে চলেছে AC, LED TV, ওয়াশিং মেশিন-সহ একাধিক গৃহস্থালির বৈদ্যুতিক পণ্যের দাম। কোনও কোনও ক্ষেত্রে দাম ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মূলত তামা, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অপরিশোধিত তেলের মতো কাঁচামালের দাম বৃদ্ধি, মুদ্রার ওঠানামা এবং পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
PTI-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে এই নিয়ে তৃতীয়বারের জন্য দাম বাড়াতে চলেছে কনজিউমার ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স শিল্প। সংস্থাগুলির উপর কাঁচামালের বাড়তি খরচের চাপ ক্রমশ বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে ফ্রেট বা পণ্য পরিবহণের খরচ বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাব।
AC-এর দাম বাড়বে ৫-৮ শতাংশ
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এয়ার কন্ডিশনারের দামে। ১ অক্টোবর থেকে AC-এর দাম প্রায় ৫ থেকে ৮ শতাংশ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে একাধিক সংস্থা। পাশাপাশি ওয়াশিং মেশিন, ফ্রিজ এবং LED TV-এর দামও ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে সব সংস্থা একই হারে দাম বাড়াবে না। কয়েকটি সংস্থা ইতিমধ্যেই নতুন দামের হিসাব করছে এবং কাঁচামালের খরচের সামগ্রিক প্রভাব কতটা পড়বে, তা পর্যালোচনা করছে।
পুজোয় পুরনো দামেই মিলতে পারে পণ্য
তবে ১ অক্টোবর থেকেই দোকানে থাকা সমস্ত পণ্যের দাম বেড়ে যাবে, এমনটা নয়। অগাস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন সংস্থার প্রি বাইয়িং স্কিমের কারণে কারণে ডিলার এবং চ্যানেল পার্টনারদের কাছে পুরনো দামে কেনা পণ্যের মজুত রয়েছে।
ফলে দীপাবলি পর্যন্ত বাজারে পুরনো দামের পণ্য পাওয়া যেতে পারে। অর্থাৎ দুর্গাপুজো এবং দীপাবলির কেনাকাটায় নতুন দাম পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। উৎসবের মরসুম শেষ হওয়ার পর নতুন দাম আরও স্পষ্টভাবে বাজারে দেখা যেতে পারে।
কোন সংস্থা কত দাম বাড়াচ্ছে
PTI-এর রিপোর্ট অনুযায়ী, ব্লু স্টার, গোদরেজ, হাইয়ার, ডাইকিন এবং SPPL ইতিমধ্যেই দাম বাড়িয়েছে অথবা দাম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে এই দাম বৃদ্ধির হার প্রায় ৪ থেকে ১০ শতাংশের মধ্যে।
এলজি, বসক হোম কমফোর্ট, হিটাচি- এসির দাম প্রায় ৫ শতাংশ বাড়িয়েছে বলে শিল্প সূত্রে জানা যাচ্ছে।
অন্যদিকে প্যানাসোনিক এখনও পরিস্থিতি পর্যালোচনা করছে। কাঁচামাল এবং অন্যান্য খরচের পরিস্থিতি দেখে তারপর দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সংস্থাটি।
তামার দাম বাড়ায় AC তৈরির খরচ বাড়ছে
Haier India-র প্রেসিডেন্ট এন এস সতীশ জানিয়েছেন, ১ অক্টোবর থেকে তাদের এসির দাম প্রায় ৫ শতাংশ বাড়তে পারে। LED TV এবং ওয়াশিং মেশিনের দামও ২ থেকে ৩ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, জানুয়ারি নাগাদ সামগ্রিকভাবে দাম বৃদ্ধির পরিমাণ প্রায় ১৫ শতাংশে পৌঁছতে পারে।
AC তৈরিতে তামার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সতীশ জানিয়েছেন, গত বছর যেখানে প্রতি মেট্রিক টন তামার দাম ছিল প্রায় ৮,০০০ থেকে ৯,০০০ ডলার, বর্তমানে তা বেড়ে হয়েছে প্রায় ১৪,৫০০ ডলার। একটি AC তৈরিতে প্রায় ৩ থেকে ৪ কেজি তামা প্রয়োজন হয়।
৮-১০ শতাংশ দাম বাড়িয়েছে ডাইকিন
ডাইকিন ইতিমধ্যেই ১৬ সেপ্টেম্বর থেকে AC-এর দাম প্রায় ৮ থেকে ১০ শতাংশ বাড়িয়েছে বলে জানিয়েছেন সংস্থা। তাদের বক্তব্য, তামার দাম প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ বেড়েছে। ফলে সংস্থাগুলির উপর প্রচণ্ড খরচের চাপ তৈরি হয়েছে।
এদিকে SPPL অক্টোবরের পর TV-এর দাম প্রায় ৭ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই বিভিন্ন appliances-এর দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়ানো হয়েছে। প্য়ানাসোনিকের AC বিভাগের অভিষেক বর্মা জানিয়েছেন, শিল্পক্ষেত্রে নজিরবিহীন খরচের চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
পুজোর বাজারে চাপ আমজনতার উপর
ওনাম থেকে দশেরা এবং দীপাবলি পর্যন্ত সাধারণত বছরে বিক্রি হওয়া মোট AC, TV এবং অন্যান্য সামগ্রী প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বিক্রি হয়। ফলে এই সময় দাম বাড়ালে একদিকে যেমন সংস্থাগুলির বাড়তি উৎপাদন খরচ সামলানোর সুযোগ তৈরি হবে, অন্যদিকে তেমনই উৎসবের কেনাকাটায় সাধারণ মানুষের খরচও বাড়তে পারে।
তবে পুরনো দামে কেনা স্টক বাজারে থাকায় দুর্গাপুজো-দীপাবলির সময় দাম বৃদ্ধির পুরো প্রভাব ক্রেতাদের উপর একসঙ্গে পড়বে না বলেই মনে করা হচ্ছে। উৎসবের পর নতুন দামের পণ্য বাজারে বাড়তে থাকলে AC, TV, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন কেনার ক্ষেত্রে অতিরিক্ত খরচ করতে হতে পারে ক্রেতাদের।