রেকর্ড তলানিতে সেনসেক্স, নিফটিওমধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সপ্তাহের শুরুতেই রক্তস্নাত দালাল স্ট্রিট। ভারতীয় শেয়ারবাজারে বহু শেয়ার এদিন নিম্নমুখী। দিনের প্রথমেই জোর ধাক্কা খেয়েছে সেনসেক্স ও নিফটি 50। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই ৫১৯ পয়েন্ট পতনের সাক্ষী হয় নিফটি 50। ৫১৯ পয়েন্ট কমে নিফটি 50 এদিন খুলেছিল সকাল ২৪ হাজার ৬৫৯ পয়েন্টে। অন্যদিকে, BSE সেনসেক্স বাজার খোলার সময় ছিল ৭৮ হাজার ৫১২ পয়েন্টে। যা কিনা আগের দিনের তুলনায় ২৭৭৫ পয়েন্ট কম।
৬ লক্ষ কোটি টাকার লস
শেয়ার বাজারে সূচকের পতন হতেই সোমবার বাজার থেকে উবে গেল ৬ লক্ষ কোটি টাকা। শুক্রবার BSE-র মার্কেট ক্যাপ ছিল ৪৬৩.৫০ লক্ষ কোটি টাকা। সোমবার বাজার খুলতেই তা নেমে আসে ৪৫৭.৫০ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ বিনিয়োগকারীদের প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মধ্য়প্রাচ্যে যুদ্ধের জেরে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বেই শেয়ার বাজার ধসের সাক্ষী। তবে ইরানের বিদেশমন্ত্রীর দাবি, তেহরান হরমুজ প্রণালী অবরোধের রাস্তায় হাঁটছে না। বরং তারা চাইছে আমেরিকার সঙ্গে আলোচনায় বসে গোটা বিষয়টির সমাধান করতে। যদিও যুদ্ধের পরিস্থিতি কোনদিকে যায়, তা এখনও বলা সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে হরমুজ প্রণালী খোলা থাকলে ভারতীয় বাজার ফের কিছুটা ঘুরে দাঁড়াতে পারে বলেও আশা রয়েছে।
কোন কোন শেয়ার জোর ধাক্কা খেল?
এদিন NIFTY 50-তে L&T, IndiGo, এশিয়ান পেইন্ট, আদানি এন্ট., আদানি পোর্টস-এর মতো শেয়ার জোর ধাক্কা খেয়েছে। সকাল ১০ টা পর্যন্ত L&T-এর শেয়ার 4.77 শতাংশের বেশি নীচে নেমেছে। পাশাপাশি ইন্ডিগো-র স্টকের দাম নেমেছে ৩.৯২ শতাংশ।
কোন কোন শেয়ারের দাম বাড়ল?
সপ্তাহের প্রথম দিন NIFTY 50-তে সামান্য কয়েকটি স্টকের দাম বেড়েছে। সেই তালিকায় রয়েছে BEL, হিন্ডালকো, টাটা স্টিলের মতো কোম্পানি। এরমধ্যে সকাল ১০ টা পর্যন্ত ২ শতাংশের বেশি দাম বেড়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের। এদিন স্টকটির দাম বৃদ্ধি পেয়েছে ২.২৫ শতাংশ।
(বি.দ্র: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। এই প্রতিবেদনে কোনও বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়নি। তথ্য তুলে ধরা হয়েছে মাত্র।)