আয়কর আইনসংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। আর সেখানেই আয়কর আইন নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তিনি জানালেন, ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। আর এই আইনের নিয়মে বড়সড় কিছু বদল আনা হয়েছে।
কী কী বদল আনা হয়েছে?
নতুন আয়কর আইন নিয়ে বড় ঘোষণা শোনা গিয়েছে অর্থমন্ত্রীর মুখ থেকে। তিনি জানিয়েছেন যে এখন থেকে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। পাশাপাশি অডিট না হওয়া ব্যবসা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ অগাস্ট পর্যন্ত ট্যাক্স জমা দেওয়া যাবে। অর্থাৎ আয়কর দেওয়ার সময়ে বড় বদল এল।
আর কী ঘোষণা নির্মলার?
বিকশিত ভারত তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে। ২০৪৭ সালের মধ্যে সেখানে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর সেই কাজের জন্য ব্যাঙ্কিং সেক্টরে বিরাট পরিবর্তন আনতে চাইছে সরকার। সেই মতো বাজেটে একটি বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন যে, ব্যাঙ্কিং সেক্টরের জন্য একটি হাই লেভেল কমিটি গঠন করা হবে। এই কমিটি নির্দিষ্ট প্ল্যানিং করবে বলেই জানা গিয়েছে।
এছাড়া সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ফিনান্স কর্পোরেশন ও গ্রামীণ বিদ্যুতায়ন কর্পোরেশনের পুনর্গঠন করার প্রস্তাবও দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি মুদ্রা পরিচালনার নিয়মেও বদল আনতে চলেছে সরকার। সেই মতো প্রস্তাব দেওয়া হয়েছে এই বাজেটে।
বস্ত্রশিল্প এগিয়ে যাবে
এ দিনের বাজেট থেকে সিল্ক, উল ও জুটের জন্য ন্যাশনাল ফাইবার স্কিম আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ন্যাশনাল হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্ট প্রোগ্রামে পোশাক শিল্পীদের সাহায্য করা হবে বলে জানান হয়েছে। যার ফলে এগিয়ে যাবে বস্ত্রশিল্প বলে মনে করা হচ্ছে।
ডানকুনি থেকে সুরাট ‘ডেডিকেটেড ফ্রেট করিডর’
চলতি বাজেটে পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে প্রত্যাশা ছিলই। সেই প্রত্যাশা ইতিমধ্যেই পূরণ হয়েছে। ডানকুনি থেকে সুরাটের মধ্যে ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে বাড়বে ব্যবসা।
এছাড়া ওড়িশা থেকে তালচের, কলিঙ্গনগর থেকে পারাদ্বীপ পর্যন্ত জলপথে বাণিজ্যে জোর দিচ্ছে সরকার। এই সব জলপথে কাজের জন্য কর্মী সংখ্যা বাড়াতে ট্রেনিং সেন্টার তৈরি করা হবে।
মাথায় রাখতে হবে, চলতি বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে তুঙ্গে। বিশেষত, ট্যাক্স নিয়ে প্রত্যাশা রয়েছে বেশি।
কিন্তু মাথায় রাখতে হবে যে, ইতিমধ্যেই পড়ে গিয়েছে শেয়ারবাজার। ২৮৯ পয়েন্ট ক্র্যাশ করল নিফটি। আর সেনসেক্স পড়ে গিয়েছে ৮০৩।