দিওয়ালি মুহূর্ত ট্রেডিং-এর তারিখ জানাল NSE, BSE২০২৬ সালের জন্য মুহূর্ত ট্রেডিং-এর দিন ও সময় জানাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ও বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)। এই বছর দিওয়ালি এবং লক্ষ্মী পূজার দিন, ৮ নভেম্বর শুরু হবে বিশেষ ট্রেডিং সেশন। এই সেশনে বিনিয়োগকারীরা শেয়ার কেনা বেচার সুযোগ পাবেন। উল্লেখ্য বিষয় হল, এই প্রথমবার মুহুর্ত ট্রেডিং চলাকালীন ক্লোজিং অকশন সেশন (সিএএস)-ও চালু করা হবে।
মুহূর্ত ট্রেডিং কখন শুরু হবে?
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ও বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)-এর বিজ্ঞপ্তি অনুসারে, ৮ নভেম্বর দুপুর ২:২০ মিনিট থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত চলবে মুহূর্ত ট্রেডিং। এর মানে হলো, বিনিয়োগকারীরা মোট ৭০ মিনিটের ট্রেডিং সেশন পাবেন। তবে, ট্রেডিং শুরু হওয়ার আগে একটি প্রি-ওপেন সেশনও অনুষ্ঠিত হবে।
প্রি-ওপেন সেশন শুরু হবে দুপুর ২:০৫ মিনিটে। দুপুর ২:২০ মিনিট পর্যন্ত চলবে। প্রাথমিকভাবে, মার্কেট এবং লিমিট উভয় অর্ডারই গ্রহণ করা হবে। তবে দুপুর ২:১০ মিনিটের পর থেকে শুধুমাত্র লিমিট অর্ডার গ্রহণ করা হবে। এরপর, ৩ মিনিটের বাফার পিরিয়ডসহ দুপুর ২:১৫ মিনিট থেকে ২:১৭ মিনিট পর্যন্ত অর্ডার ম্যাচিং হবে।
এবারের মুহূর্ত ট্রেডিং কী করে চলবে?
এ বছরের মুহুর্ত ট্রেডিং আরও স্পেশাল হতে চলেছে। কারণ ক্লোজিং অকশন সেশন (সিএএস) চালু হওয়ার পর এটিই হবে প্রথম দিওয়ালি ট্রেডিং সেশন। CAS-এর আওতায় অর্ডার এন্ট্রির সময় বিকাল ৩:২০ থেকে ৩:২৫ পর্যন্ত নির্ধারিত।
দিওয়ালিতে কেন মুহূর্ত ট্রেডিং কেনাবেচা করা হয়?
নতুন সংবৎ বর্ষের সূচনা উপলক্ষে মুহূর্ত ট্রেডিংকে একটি শুভ সময় হিসেবে বিবেচনা করা হয়। অনেক বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী স্টক কেনার জন্য এই দিনটিকে শুভ বলে মনে করেন। BSE-তে ১৯৫৭ সালে মুহুর্ত ট্রেডিংয়ের প্রথা শুরু করে, অন্যদিকে NSE-তে এটি শুরু হয় ১৯৯২ সালে।
কেন মুহূর্ত ট্রেডিং গুরুত্বপূর্ণ?
দীপাবলির দিন শুরু হয় নতুন সংবৎ বা হিন্দু নববর্ষ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই সময় বিনিয়োগ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই বিশ্বাসকে মাথায় রেখেই প্রতি বছর স্টক এক্সচেঞ্জগুলিতে আয়োজন করা হয় বিশেষ ট্রেডিং সেশনের। এই উপলক্ষে বহু বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগ করেন কিংবা শেয়ার কেনেন। ২০২৫ সাল থেকে সন্ধ্যার পরিবর্তে দুপুরে আয়োজন করা হচ্ছে এই বিশেষ ট্রেডিং সেশন।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। এই প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে মাত্র। বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়নি।)