পিএফে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র।এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফের সুদের হার ঘোষণা করেছে মোদী সরকার। তবে আগের হারই অপরিবর্তিত রয়েছে। এই নিয়ে টানা তিন বছর প্রভিডেন্ট ফান্ডের সুদের হারে কোনও বদল করা হল না। জেনে নিন কবে ঢুকবে টাকা এবং কী ভাবে দেখবেন ব্যালেন্স।
পিএফে ৮.২৫ শতাংশ সুদের হারে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ২ মার্চ পিএফের সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ-ও ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ সুদের হার রাখার সিদ্ধান্ত নিয়েছে। কবে ঢুকবে সুদের টাকা?
একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অর্থ মন্ত্রকের সবুজ সংকেত মেলার পর এবার পিএফ অ্যাকাউন্ট দেখভালকারী সংস্থা ইপিএফও চলতি মাসেই দেশের ৭ কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা করা শুরু করে দিতে পারে।
অ্যাকাউন্টে টাকা জমা পড়ল কি না কীভাবে যাচাই করবেন?
পাসবুক লাইটেরর মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা এখন খুব সহজ। গত বছরই এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে পিএফ গ্রাহকেরা সরাসরি পোর্টাল থেকেই তাঁদের ইপিএফ পাসবুকের ব্যালেন্স দেখে নিতে পারেন। আপনার বেতন থেকে সংস্থা ঠিক কত টাকা পিএফ বাবদ কাটছে এবং কত টাকাই বা জমা করছে, তার সবটাই এখানে দেখে নেওয়া সম্ভব। সাধারণ পাসবুকের তুলনায় এখানে কিছুটা সংক্ষেপে তথ্য দেওয়া থাকে। যাতে চটজলদি ব্যালেন্স চেক করে নেওয়া যায়।
কীভাবে পাসবুক লাইটের মাধ্যমে পিএফের টাকা দেখবেন, তা ধাপে ধাপে জানুন।
প্রথমে পোর্টালে যান। এরপর আপনার ১২ সংখ্যার ইউএএন, পাসওয়ার্ড এবং সিকিউরিটি ক্যাপচা দিয়ে সাইন-ইন করুন।
পরবর্তী প্রক্রিয়ার জন্য আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি নির্দিষ্ট জায়গায় লিখুন।
স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণে থাকা 'ভিউ অপশনে' ক্লিক করুন। এরপর ড্রপ-ডাউন মেনু থেকে 'পাসবুক লাইট' বেছে নিলেই পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে বা তোলা হয়েছে, তা দেখতে পাবেন।
পিএফের সুদ চেক করার অন্যান্য উপায়
ইপিএফও অ্যাকাউন্টে সুদের টাকা জমা করলেই তা আপনার ইপিএফ ব্যালেন্সে দেখা যাবে। ফলে সুদ দেখতে আপনাকে মূল ইপিএফ ব্যালেন্সটিই দেখতে হবে। আরও চারটি সহজ উপায় রয়েছে
UMANG অ্যাপ ব্যবহার করুন।
-ইপিএফ মেম্বার ই-সেবা পোর্টাল।
9966044425 নম্বরে মিসড কল।
SMS পাঠিয়ে।