পিএফে সুদের হার কবে অ্যাকাউন্টে। দেশের চাকরিজীবীদের জন্য সুখবর দিল কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা বা EPFO। পিএফের সুদ কবে ঢুকবে অ্যাকাউন্টে? সেই প্রশ্নের উত্তর এল। ইপিএফও জানাল, প্রায় ৩৪ কোটি গ্রাহকের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ২০২৫-২৬ অর্থবর্ষের বকেয়া সুদ জমা করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এ দফায় সুদের হার ৮.২৫ শতাংশ।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড আইটি ইনেবলড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে সদস্যদের অ্যাকাউন্টে সব মিলিয়ে মোট ১.৪৪ লক্ষ কোটি টাকা জমা করা হবে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সমস্ত কর্মচারীদের পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা সরাসরি ট্রান্সফার করে দেওয়া হবে।
সদস্যদের রেকর্ড সম্বলিত গোটা ডেটাবেসটিকে পুরনো ডেসেন্ট্রালাইজড ব্যবস্থা থেকে সম্পূর্ণ নতুন সেন্ট্রালাইজড ডেটাবেসে স্থানান্তরিত করা হয়েছে। এ কাজ সফলভাবে শেষ হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। নতুন এই প্রযুক্তির অধীনে ইপিএফ সদস্যরা একটি ইউনিফাইড মেম্বার পোর্টাল পাবেন। একটি ইন্টারফেসের মাধ্যমেই তাঁদের নিজের বিবরণ, পিএফ ব্যালেন্স, ক্লেম স্টেটাস, পেনশনের রেকর্ড-সহ অন্যান্য সমস্ত পরিষেবার সুবিধা এক জায়গায় পেয়ে যাবেন।
কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, নতুন এই প্ল্যাটফর্মে টাকা তোলার আবেদনের ক্ষেত্রে অটোমেটেড প্রি-ভ্যালিডেশনের বিশেষ সুবিধাও রয়েছে। অর্থাৎ টাকা তোলার আবেদনটি EPFO অফিসে পৌঁছানোর আগেই সিস্টেম নিজে থেকেই সংশ্লিষ্ট সদস্যের যোগ্যতা যাচাই করে নেবে। ফর্মে কোনও খামতি থাকলে তা চিহ্নিত করবে। কোনও সদস্য যদি নির্ধারিত সীমার চেয়ে বেশি টাকা তোলার চেষ্টা করলে আগাম সতর্কবার্তা পাবেন। গ্রাহক পরিষেবা আরও মসৃণ করতে এই প্ল্যাটফর্ম।