মূল্যবৃদ্ধির হিসাবসেপ্টেম্বরে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৫.৫৪ শতাংশে। সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে দৈনন্দিন খরচ বেড়ে গিয়েছে এক ধাক্কায়। অগাস্টে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৪.৮৩ শতাংশ। ২০২৬ সালে এখনও পর্যন্ত সেপ্টেম্বরে মূল্যবৃদ্ধির হার সর্বোচ্চ। ঠিক পুজোর আগে এই খবরে আপনার পকেটে কতটা প্রভাব পড়ছে? কারণ পুজোর আগে এমনিতেই বাড়ে খরচ। নতুন জামাকাপড় তো আছেই, বাড়ি রং করা থেকে ফল সবজির খরচ বেড়ে যায় এই সময়। এ বার বিষয়টা শুধু উৎসবের কেনাকাটাতেই সীমাবদ্ধ নয়। নিত্যপ্রয়োজনীয় বহু খাদ্যপণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে। সবচেয়ে বেশি চাপ দেখা ভোজ্যতেল, চিনি, ডাল, পেঁয়াজ এবং মশলার দামে। অন্যদিকে, ২০২৫ সালের সেপ্টেম্বরের তুলনায় পেট্রোল ও ডিজেলের দামও বেড়েছে। চলুন গত বছরের সঙ্গে এ বছরের হিসেবের ফারাক দেখা যাক।
উপভোক্তা বিষয়ক দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বরের সঙ্গে ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বরের সর্বভারতীয় গড় খুচরো দামের তুলনা করলে দেখা যাচ্ছে, চালের দাম প্রায় ৭.৮ শতাংশ বেড়েছে। অড়হর ডালের দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ, বিউলির ডাল ৭.৫ শতাংশ এবং দুধের দাম ৩.৩ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্যতেলের দাম। ওই সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সর্ষের তেলের দাম প্রায় ৭.৪ শতাংশ, সয়াবিন তেলের ১৩.৫ শতাংশ, সূর্যমুখী তেলের ১৯ শতাংশ এবং পাম তেলের দাম প্রায় ১৫.২ শতাংশ বেড়েছে। দেশি ঘিয়ের দামও বেড়েছে প্রায় ৪.৬ শতাংশ। চিনির দামের হিসাব আরও চমকে দেওয়ার মতো। ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর প্রতি কেজি চিনির সর্বভারতীয় গড় খুচরো দাম ছিল ৪৬.৫০ টাকা। ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর তা বেড়ে হয়েছে ৫৮.৬৬ টাকা। অর্থাৎ এক বছরে দাম বেড়েছে প্রায় ২৬ শতাংশ। ফলে উৎসবের মরসুমে মিষ্টি, নানা ধরনের পদ বা নোনতা খাবার তৈরির জন্য যে উপকরণগুলির চাহিদা হঠাৎ বেড়ে যায়, তার অনেকগুলির দাম ইতিমধ্যেই চড়া।
| পণ্য | সেপ্টেম্বর ২০২৫ |
সেপ্টেম্বর ২০২৬ |
দাম বেড়েছে/কমেছে |
| চাল | ৪৩.১৪ টাকা/কেজি | ৪৬.৫০ টাকা/কেজি | +৭.৮% |
| গম | ৩১.৭৮ টাকা/কেজি | ৩১.৮৭ টাকা/কেজি | +০.৩% |
| আটা | ৩৭.১০ টাকা/কেজি | ৩৭.৪৮ টাকা/কেজি | +১.০% |
| অড়হর ডাল | ১১৬.১৪ টাকা/কেজি | ১২৪.২৪ টাকা/কেজি | +৭.০% |
| বিউলির ডাল | ১১৪.১০ টাকা/কেজি | ১২২.৬৪ টাকা/কেজি | +৭.৫% |
| দুধ | ৫৯.২৮ টাকা/লিটার | ৬১.২৪ টাকা/লিটার | +৩.৩% |
| দেশি ঘি | ৬৬৯.৭৭ টাকা/কেজি | ৭০০.৪৭ টাকা/কেজি | +৪.৬% |
| চিনি | ৪৬.৫০ টাকা/কেজি | ৫৮.৬৬ টাকা/কেজি | +২৬.২% |
সূত্র: উপভোক্তা বিষয়ক দফতর।
শুধু গত এক বছরে দাম বাড়াই নয়, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভোজ্যতেলের দাম আরও বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এর অন্যতম কারণ ভোজ্যতেলের চাহিদার বড় অংশের জন্য ভারতকে আমদানির উপর নির্ভর করতে হয়। আন্তর্জাতিক বাজারে পাম, সয়াবিন ও সূর্যমুখী তেলের দাম, পণ্য পরিবহণের খরচ, বিমার ব্যয় এবং টাকার বিনিময়মূল্য, সবই বেড়েছে। এবার আসা যাক সবজির বাজারে। এখানে ছবিটা কিছুটা আলাদা। ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর পেঁয়াজের সর্বভারতীয় গড় খুচরো দাম ছিল প্রতি কেজি ২৭.৪৮ টাকা। ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর তা বেড়ে হয়েছে ৫৩.৭৮ টাকা। অর্থাৎ এক বছরে দাম বেড়েছে প্রায় ৯৬ শতাংশ। কিন্তু একই সময়ে আলুর দাম প্রতি কেজি ২৫.৩৫ টাকা থেকে কমে হয়েছে ২২.৭২ টাকা। টমেটোর দামও ৩৯.৭৫ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩৮.৭৭ টাকা। অর্থাৎ আলুর দাম প্রায় ১০ শতাংশ এবং টমেটোর দাম প্রায় ২.৫ শতাংশ কমেছে।
| সবজি | সেপ্টেম্বর ২০২৫ | সেপ্টেম্বর ২০২৬ | দাম বেড়েছে/কমেছে |
| আলু | ২৫.৩৫ টাকা/কেজি | ২২.৭২ টাকা/কেজি | -১০.৪% |
| পেঁয়াজ | ২৭.৪৮ টাকা/কেজি | ৫৩.৭৮ টাকা/কেজি | +৯৫.৭% |
| টমেটো | ৩৯.৭৫ টাকা/কেজি | ৩৮.৭৭ টাকা/কেজি | -২.৫% |
| বেগুন | ৪২.১৭ টাকা/কেজি | ৪৩.৩২ টাকা/কেজি | +২.৭% |
| ধনেপাতা | ৩৭.২২ টাকা/কেজি | ৪৩.৭৭ টাকা/কেজি | +১৭.৬% |
সূত্র: উপভোক্তা বিষয়ক দফতর।
২০২৫ সালের ২৪ সেপ্টেম্বরের সঙ্গে ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বরের দামের তুলনা করলে দেখা যাচ্ছে, দেশের একাধিক বড় শহরে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১০২.১২ টাকা। ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৫.২০ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম প্রায় ১০৩.৫০ টাকা থেকে বেড়ে ১১১.২১ টাকা এবং ডিজেলের দাম ৯০.০৩ টাকা থেকে বেড়ে ৯৭.৮৩ টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১১৩.৫১ টাকা, ডিজেলের দাম ৯১.৭৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৯.৮২ টাকা। বড় শহরগুলিতে এক বছরে পেট্রোলের দাম মোটামুটি ৭ থেকে ৯ শতাংশ এবং ডিজেলের দাম ৮ থেকে ১০ শতাংশ বেড়েছে।
| শহর | পেট্রোল ২০২৫ | পেট্রোল ২০২৬ | ডিজেল ২০২৫ | ডিজেল ২০২৬ |
| দিল্লি | ৯৪.৭৭ | ১০২.১২ | ৮৭.৬৭ | ৯৫.২০ |
| মুম্বই | ১০৩.৫০ | ১১১.২১ | ৯০.০৩ | ৯৭.৮৩ |
| কলকাতা | ১০৪.৯৫ | ১১৩.৫১ | ৯১.৭৬ | ৯৯.৮২ |
| চেন্নাই | ১০০.৭৫ | ১০৭.৭৬ | ৯২.৩৪ | ৯৯.৫৫ |
| বেঙ্গালুরু | ১০২.৯২ | ১১১.৬৮ | ৯০.৯৯ | ৯৯.৫৬ |
| হায়দরাবাদ | ১০৭.৪৬ | ১১৬.১৫ | ৯৫.৭০ | ১০৪.২৩ |
সূত্র: পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল।
মূল্যবৃদ্ধি শুধু দোকানে লেখা দামের মধ্যেই সীমাবদ্ধ নয়। পেঁয়াজের দাম বাড়লে রান্নার খরচ বাড়ে, ডিজেলের দাম বাড়লে পণ্য পরিবহণের ব্যয় বাড়ার আশঙ্কা থাকে, ভোজ্যতেলের দাম বাড়লে মিষ্টি ও নোনতা খাবার তৈরির খরচও বাড়ে।