Share Market Future: বড়সড় কিছু হতে চলেছে? খারাপ সঙ্কেত সর্বত্র, নজরে ভারতের শেয়ারবাজার

গত দু’দিন ধরে ভারতীয় শেয়ার বাজারে ঊর্ধ্বগতির প্রবণতা দেখা গেলেও আজ বুধবার সেই গতি ধাক্কা খেতে পারে। আমেরিকা থেকে জাপান, হংকং, বিশ্বের একাধিক দেশের শেয়ার বাজারে পতনের প্রভাব পড়তে পারে ভারতীয় বাজারেও।

Advertisement
বড়সড় কিছু হতে চলেছে? খারাপ সঙ্কেত সর্বত্র, নজরে ভারতের শেয়ারবাজারবম্বে স্টক এক্সচেঞ্জ - রয়টার্স ফাইল ছবি
হাইলাইটস
  • শেয়ারবাজারের ষাঁড়ের গতি ধাক্কা খেতে পারে
  • মঙ্গলবার মিশ্র ছবি দেখা গিয়েছিল
  • কেন বাড়ছে বিশ্ববাজারে উদ্বেগ?

শেয়ার বাজারে যাঁরা বিনিয়োগ করছেন বা করেন, তাঁদের জন্য বড় সতর্কতা। বড়সড় পতন হতে পারে Sensex ও Nifty-তে। বিদেশ থেকে কিন্তু খুব একটা ভাল সঙ্কেত আসছে না। চলতি সপ্তাহে দু'দিন ধরে Sensex ও Nifty চাঙ্গা ছিল। ভাল মুনাফা কামিয়েছেন বিনিয়োগকারীরা। কিন্তু এই সুখ বেশিদিন সম্ভবত স্থায়ী হবে না।

শেয়ারবাজারের ষাঁড়ের গতি ধাক্কা খেতে পারে

গত দু’দিন ধরে ভারতীয় শেয়ার বাজারে ঊর্ধ্বগতির প্রবণতা দেখা গেলেও আজ বুধবার সেই গতি ধাক্কা খেতে পারে। আমেরিকা থেকে জাপান, হংকং, বিশ্বের একাধিক দেশের শেয়ার বাজারে পতনের প্রভাব পড়তে পারে ভারতীয় বাজারেও। বুধবার সকালে লেনদেন শুরুর আগে থেকেই দুর্বল ছিল গিফট নিফটি। ১৩০ পয়েন্টেরও বেশি পতন নিয়ে লেনদেন করতে দেখা যায় এই সূচককে। ফলে বুধবার সেনসেক্স ও নিফটির গতিপ্রকৃতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার মিশ্র ছবি দেখা গিয়েছিল

মঙ্গলবারের লেনদেনে অবশ্য ভারতীয় শেয়ার বাজারে মিশ্র ছবি দেখা গিয়েছিল। বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) ৩০টি সংস্থার শেয়ার নিয়ে গঠিত সেনসেক্স ৪২৭ পয়েন্ট কমে ৮২,৫৩২ পয়েন্টে বন্ধ হয়। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ৫০টি সংস্থার সূচক নিফটি ৯৬ পয়েন্ট বেড়ে ২৫,৩৮৭ পয়েন্টে দাঁড়ায়।

আমেরিকা থেকে জাপান, সর্বত্র পতনের আশঙ্কা

মঙ্গলবার মার্কিন শেয়ার বাজারে বড়সড় পতন দেখা গিয়েছে। ডাও জোন্স সূচক ৯৫৪ পয়েন্ট বা ১.৮৫ শতাংশ কমে বন্ধ হয়েছে। অন্যদিকে, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১০৬ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ নেমেছে। মার্কিন বাজারের এই পতনের প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। আজ লেনদেন শুরু হতেই জাপানের নিক্কেই সূচক প্রায় ২০০ পয়েন্ট কমে যায়। হংকংয়ের হ্যাং সেং সূচকও প্রায় ২২০ পয়েন্ট পতনের মুখে পড়ে। ইউরোপের বাজারেও ড্যাক্স, সিএসি এবং ব্রিটেনের এফটিএসই ১০০ সূচকে দুর্বলতার ইঙ্গিত মিলেছে।

কেন বাড়ছে বিশ্ববাজারে উদ্বেগ?

আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতার অন্যতম কারণ ভূ-রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধের আশঙ্কা এখনও কাটেনি। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধও নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিনিয়োগকারীদের। পাশাপাশি অপরিশোধিত তেলের দামের ওঠানামাও বাজারের উপর প্রভাব ফেলছে। সব মিলিয়ে বুধবার ভারতীয় শেয়ার বাজারে ফের অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

বিঃদ্রঃ- শেয়ারবাজারে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

POST A COMMENT
Advertisement