India Today Conclave 2026সোনার দর ঊর্ধমুখী। উত্তরোত্তর বাড়ছে দাম। এমতাবস্থায় সোনায় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে যুব প্রজন্ম। কিন্তু সোনা কেনা না ডিডিটাল বিনিয়োগ- কোনটা বেশি লাভজনক? ইন্ডিয়া টুডে কনক্লেভে সোনা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন বিশেষজ্ঞ সচিন জৈন।
ইন্ডিয়া টুডে কনক্লেভে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ইন্ডিয়ার রিজিওনাল সিইও সচিন জৈন জানান,'মিলেনিয়াল থেকে শুরু করে জেন-জি এখন সোনায় বিনিয়োগ করছেন। নিজের পোর্টফোলিওতে সোনা রাখা বিনিয়োগকারীদের জন্য দারুণ সিদ্ধান্ত। তবে তাঁর মতে,'সোনা প্রতি বছরই মানুষকে প্রচুর রিটার্ন দেবে এমনটা ভাবাও ঠিক নয়। গত বছর সোনা প্রায় ৭৫ শতাংশ রিটার্ন দিয়েছিল। তার মানে এই নয় যে চলতি বছরও একই পরিমাণ রিটার্ন পাওয়া যাবে। তবে বছরে গড়ে ১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব'।
জৈন যোগ করেন,'সোনায় বিনিয়োগ নিরাপদ। পোর্টফোলিওয় থাকলে লাভজনকই। দীর্ঘমেয়াদী লাভ পেতে চাইলে সোনায় বিনিয়োগ করা উচিত'।
কেন সোনার দাম বাড়ছে?
জৈনের কথায়,'বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক সোনা কিনছে। প্রচুর সোনা কিনছে চিনের মতো দেশও। এর ফলে সোনার দাম ও চাহিদা বাড়ছে। ফান্ডামেন্টাল দিক থেকে সোনা বড় সম্পদ। এতে বিনিয়োগ বুদ্ধিমানের কাজ'।
সোনা কখন কেনা উচিত?
সচিন জৈন বলেন, 'সোনা কেনার কোনও নির্দিষ্ট ঠিক বা ভুল সময় নেই। এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কখন কিনতে চান। যুদ্ধ পরিস্থিতি হোক বা স্বাভাবিক সময়, সোনা সবসময়ই আপনার পোর্টফোলিওতে থাকা উচিত। এটা গুরুত্বপূর্ণ সম্পদ। বর্তমানে
প্রযুক্তি ক্ষেত্রেও এর ব্যবহার হচ্ছে'।
কোন ধরনের সোনা কেনা উচিত?
সচিনের মতে,'ডিজিটাল থেকে ফিজিক্যাল- দুই ধরনের সোনাই কিনছে যুব প্রজন্ম। ইটিএফ, গোল্ড ফান্ড এবং বন্ড কেনার ওপর বেশি জোর দেওয়া উচিত। ফিজিক্যাল সোনা কিনতে চাইলে গয়নার বদলে সোনার কয়েন বা বার কেনা বেশি লাভজনক'।