স্টক মার্কেটে বিরাট পতন আজ সোমবার। সপ্তাহের শুরুর দিন। আর আজ খুলতেই লালে লাল হয়ে গেল ভারতের শেয়ারবাজার। গত সপ্তাহের নেগেটিভ ট্রেন্ড বজায় রেখে সোমবারও নিম্নমুখী ভারতীয় শেয়ারবাজার। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, মূল্যবৃদ্ধির আশঙ্কা এবং আইটি সংস্থাগুলির শেয়ারে ক্ষতির জেরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি চলতি সপ্তাহের শেষের দিকে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।
আজ সকালে কী হল শেয়ারবাজারে?
সোমবার সকালেই পড়ে যায় সেনসেক্স। এটি সকাল ৯টা ২৪ মিনিটে ৫৩৮.৮৯ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে ৭২,৫৮৪.৯৪ পয়েন্টে নেমে আসে। দিনের শুরুতে সূচকটি ছিল ৭২,৯৯০.০৪ পয়েন্টে। পরে তা নেমে যায় ৭২,৫৪৯.৭৬ পয়েন্টে, তখনও পর্যন্ত এটিই ছিল সর্বনিম্ন স্তর।
অন্যদিকে নিফটি ৫০ সূচক ২১১.৮০ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ কমেছে। এটি নেমে আসে ২২,৩৮৮.২০ পয়েন্টে। এদিনের শুরুতে সূচকটি ছিল ২২,৫২৪.৪০ পয়েন্টে। পরে সেটা ২২,৩৮৭.৪৫ পয়েন্টে নেমে আসে।
অপরিশোধিত তেলের দাম নিয়ে উদ্বেগ
অপরিশোধিত তেলের দাম এখনও বেশির দিকে। আর সেই দিকেও নজর রখেছে বাজার। যার ফলে পড়ছে মার্কেট। যদিও ভাল খবর হল, ধীরে ধীরে আবার কমছে তেলের দাম।
সোমবার ব্রেন্ট ক্রুডের ফিউচার্সের দাম ২.০৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১৪.৩০ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লুটিআই) ক্রুডের দাম ২.২৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০.৯৫ ডলারে দাঁড়ায়।
দাম কিছুটা কমলেও অপরিশোধিত তেলের দাম এখনও বেশির দিকে রয়েছে। যার ফলে মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার লাভের উপর চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া চলতি সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার ঘোষণা করতে পারে। আর সেই দিকেও তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।
পতনের নেতৃত্বে আইটি শেয়ার
সোমবার বাজারের পতনে বড় ভূমিকা নিয়েছে তথ্যপ্রযুক্তি বা আইটি সংস্থার শেয়ারগুলি। নিফটি আইটি সূচক ১.১৬ শতাংশ কমেছে। এ দিন ইনফোসিসের শেয়ারের দাম পড়েছে ১.৯৫ শতাংশ। এছাড়া এইচসিএল টেকনোলজিসের শেয়ার ১.১৪ শতাংশ, টেক মাহিন্দ্রার শেয়ার ০.৮৮ শতাংশ এবং টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের (টিসিএস) শেয়ার ০.৫৪ শতাংশ কমেছে। আসলে বার্ষিক আয় কমার ইঙ্গিতে ইনফোসিসের শেয়ারে চাপ আরও বেড়েছে।
যদিও শুধু আইটি নয়, বাজারের অধিকাংশ ক্ষেত্রেই সেলিং দেখা গিয়েছে। নিফটি অটো ১.৪১ শতাংশ, নিফটি এফএমসিজি ১.৪৮ শতাংশ এবং নিফটি পিএসইউ ব্যাঙ্ক ১.৫৯ শতাংশ কমেছে। নিফটি রিয়েলটি ১.২৬ শতাংশ এবং নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস ২৫/৫০ ১.১১ শতাংশ নেমেছে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।