UPI লেনদেনের নয়া হিসাব UPI পেমেন্টে বড় পরিবর্তন আনল সরকার। এবার থেকে নির্দিষ্ট কিছু UPI লেনদেনে ব্যবসায়ীদের দিতে হবে মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR। তবে সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তির খবর, UPI দিয়ে টাকা পাঠানোর সময় তাঁদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। নতুন নিয়ম চালু হবে আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে।
নতুন নিয়মে ২০০০ টাকার বেশি পার্সন টু মার্চেন্ট বা P2M UPI পেমেন্টে সাধারণত ০.৪ শতাংশ MDR ধার্য হবে। এই টাকা দিতে হবে ব্যবসায়ীকে তাঁর পেমেন্ট গ্রহণকারী ব্যাঙ্ককে। কোনওভাবেই এই চার্জ গ্রাহকের কাছ থেকে নেওয়া যাবে না।
৩ হাজার টাকার পেমেন্টে কত চার্জ?
ধরা যাক, কোনও দোকানে ৩ হাজার টাকা UPI-তে পেমেন্ট করলেন। সেক্ষেত্রে ০.৪ শতাংশ হারে ব্যবসায়ীকে ১২ টাকা MDR দিতে হবে।
আবার ৫০ হাজার টাকার পেমেন্ট হলে MDR হবে ২০০ টাকা। তবে ৭৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে একটি সর্বোচ্চ সীমা রাখা হয়েছে। সেই ক্ষেত্রে MDR সর্বোচ্চ ৩০০ টাকা হবে।
অর্থাৎ, ১ লক্ষ টাকার UPI পেমেন্টে ০.৪ শতাংশ হিসেবে ৪০০ টাকা হওয়ার কথা। কিন্তু নির্ধারিত ক্যাপের কারণে ব্যবসায়ীকে দিতে হবে সর্বোচ্চ ৩০০ টাকা।
গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে না
নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই MDR দিতে হবে ব্যবসায়ীকে। গ্রাহকের উপর এই খরচ চাপানো যাবে না। অর্থাৎ UPI-তে পেমেন্ট করার সময় আগের মতোই গ্রাহককে কোনও লেনদেনের চার্জ দিতে হবে না। শুধু তাই নয়, UPI অ্যাপগুলিও পেমেন্টের জন্য আলাদা প্ল্যাটফর্ম ফি বা অন্য কোনও চার্জ নিতে পারবে না।
কোন ক্ষেত্রে ৫ টাকা MDR?
কিছু নির্দিষ্ট পরিষেবার জন্য আবার ০.৪ শতাংশের বদলে আলাদা ফ্ল্যাট রেট রাখা হয়েছে। রেল পরিষেবা, টেলিকম, বিমা এবং জ্বালানির মতো নির্দিষ্ট ক্ষেত্রে ২০০০ টাকার বেশি UPI পেমেন্টে ৫ টাকা MDR দিতে হবে। যেমন, কোনও পেট্রল পাম্পে ২০০০ টাকার বেশি UPI পেমেন্ট করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ টাকা MDR দিতে হবে। ২০০০ টাকার কম জ্বালানি পেমেন্টে কোনও MDR থাকবে না।
একইভাবে, ২০০০ টাকার বেশি বিমার প্রিমিয়াম UPI-তে দিলে ৫ টাকা MDR লাগবে। বিদ্যুৎ, জল এবং পাইপের মাধ্যমে গ্যাসের মতো সরকারি ইউটিলিটি বিলের ক্ষেত্রেও ২০০০ টাকার বেশি পেমেন্টে ৫ টাকা MDR ধার্য হবে।
শেয়ার-মিউচুয়াল ফান্ডে আলাদা নিয়ম
মিউচুয়াল ফান্ড, শেয়ার, স্টকব্রোকার, ডিলার এবং বিনিয়োগ সংক্রান্ত প্ল্যাটফর্মে UPI পেমেন্টের জন্য আলাদা MDR কাঠামো রাখা হয়েছে। এই ধরনের লেনদেনে MDR হবে ০.০২ শতাংশ। তবে এখানেও সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত MDR নেওয়া যাবে।
ব্যক্তিগত UPI লেনদেনে কোনও চার্জ নেই
এক ব্যক্তি অন্য ব্যক্তিকে UPI-তে টাকা পাঠালে এই নতুন MDR নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ পরিবারের সদস্য, বন্ধু বা পরিচিত কাউকে টাকা পাঠানো আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। নিজের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠালেও কোনও MDR দিতে হবে না।
ছোট ব্যবসায়ীদের জন্যও স্বস্তি
ছোট ব্যবসায়ীদের জন্যও এই নিয়মে বিশেষ ছাড় রাখা হয়েছে। যাঁরা পার্সন টু পার্সন মার্চেন্ট বা P2PM কাঠামোর আওতায় পড়েন, তাঁদের ক্ষেত্রে MDR লাগবে না। নতুন FAQ অনুযায়ী, কোনও ছোট ব্যবসায়ী যদি UPI QR কোডের মাধ্যমে সরাসরি নিজের অ্যাকাউন্টে মাসে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট পান, তাহলে তিনি এই ছাড়ের আওতায় থাকবেন।
এক্ষেত্রে কোনও গ্রাহক তাঁকে একবারে ২০০০ টাকার বেশি দিলেই MDR চালু হয়ে যাবে, এমনটা নয়। ব্যবসায়ী পার্সন টু পার্সন মার্চেন্ট বা P2PM ছাড়ের আওতায় থাকলে সেই পেমেন্টেও MDR দিতে হবে না।
২০০০ টাকার কম UPI পেমেন্টে চার্জ নেই
সাধারণ P2M UPI লেনদেনের ক্ষেত্রেও ২০০০ টাকা পর্যন্ত পেমেন্টে MDR থাকবে না। সরকারি FAQ অনুযায়ী, পরিমাণের হিসাবে ৯৫ শতাংশেরও বেশি P2M UPI লেনদেন ২০০০ টাকার মধ্যে হয়।
কেন MDR চালু করছে সরকার?
সরকারের যুক্তি, UPI এখন দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম। এত বড় পরিকাঠামো চালাতে সার্ভার, ব্যান্ডউইথ, জালিয়াতি রুখতে নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যাঙ্কগুলির প্রযুক্তিগত সহায়তার মতো খাতে বিপুল খরচ হয়। সরকারি FAQ-তে বলা হয়েছে, প্রতি বছর UPI পরিকাঠামো চালাতে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। তাই UPI ব্যবস্থাকে আরও দীর্ঘমেয়াদি ও আর্থিকভাবে টেকসই করতে নতুন MDR কাঠামো আনা হচ্ছে।
অগাস্টে UPI-তে রেকর্ড লেনদেন
UPI-র বিপুল ব্যবহারকেও নতুন কাঠামোর অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অগাস্টে UPI-তে প্রায় ২,৪৫১ কোটি লেনদেন হয়েছে। এই লেনদেনের মোট মূল্য ছিল প্রায় ২৯.৯ লক্ষ কোটি টাকা। MDR থেকে পাওয়া অর্থ UPI ব্যবস্থার পরিকাঠামো আরও শক্তিশালী করা, সাইবার নিরাপত্তা, নতুন প্রযুক্তি এবং গ্রাহক পরিষেবায় ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
ছোট ব্যবসায়ী এবং গ্রামীণ এলাকায় ডিজিটাল পেমেন্ট আরও বাড়ানোর জন্য একটি বিশেষ তহবিল তৈরির প্রস্তাবও রয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকা এবং Tier 3 থেকে Tier 6 শহর ও অঞ্চলে ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনতে এই অর্থ ব্যবহার করা হতে পারে।
সাধারণ মানুষের জন্য কী বদলাল?
সহজ করে বললে, সাধারণ গ্রাহকের জন্য UPI পেমেন্টে কোনও নতুন চার্জ আসছে না। বন্ধু বা পরিবারের কাউকে টাকা পাঠানো, নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা- সবই বিনামূল্যে থাকবে। দোকান বা ব্যবসায়ীর ক্ষেত্রে ২০০০ টাকার বেশি নির্দিষ্ট UPI পেমেন্টে MDR দিতে হবে। তবে সেই টাকা ব্যবসায়ী গ্রাহকের কাছ থেকে নিতে পারবেন না। অর্থাৎ কোনও পণ্যের দাম ৩০০০ টাকা হলে UPI-তে পেমেন্ট করার জন্য গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ১২ টাকা নেওয়া যাবে না।