গত পাঁচ বছরে বন্ধ হয়েছে বহু কোম্পানি নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশে কর্মসংস্থান কমেছে। বেড়েছে বেকারত্ব। এই দাবি করে থাকে বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার কেন্দ্র সরকারের তরফেই জানানো হল, গত ৫ বছরে দেশে ২ লক্ষেরও বেশি বেসরকারি কোম্পানি বন্ধ হয়েছে।
সোমবার সংসদে লিখিত জবাবে কেন্দ্র সরকারের তরফে তথ্য দিয়ে জানানো হয়, গত পাঁচ বছরে ২,০৪,২৬৮টি বেসরকারি কোম্পানি বন্ধ হয়েছে। কোম্পানি আইনের অধীনে ২০১৩ সালে একত্রিকরণ, রূপান্তর, বিলুপ্তি ইত্য়াদির কারণে কোম্পানিগুলো বন্ধ হয়েছে।
কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা লোকসভায় জানান, ২০০৪-০৫ সালে ২০,৩৬৫টি বেসরকারি কোম্পানি বন্ধ হয়ে যায়। সেখানে ২০২৩-২৪ এবং ২০২২-২৩ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ২১,১৮১ এবং ৮৩,৪৫২। বন্ধ হয়ে যাওয়া বেসরকারি কোম্পানির সংখ্যা ২০২১-২২ সালে ৬৪,০৫৪ এবং ২০২০-২১ সালে ছিল ১৫,২১৬।
বন্ধ হয়ে যাওয়া বেসরকারি কোম্পানির কর্মচারীদের পুনর্বাসন করা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের কাছে এমন কোনও প্রস্তাব নেই।
মন্ত্রী আরও জানান, ২০২১-২০২২ সাল থেকে শুরু করে পাঁচ আর্থিক বছরে ১,৮৫,৩৫০টি কোম্পানিকে সরকারি রেকর্ড থেকে বাদ দেওয়া হয়। যার মধ্যে ৮,৬৪৮টি প্রতিষ্ঠানকে চলতি অর্থবছরের ১৬ জুলাই পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।
সাধারণত, ২০১৩ সালের কোম্পানি আইন অনুসারে, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা না করলে প্রতিষ্ঠানগুলিকে সরকারি রেকর্ড থেকে বাদ দেওয়া যেতে পারে। সেই নিয়মেই অনেক কোম্পানির নাম বাদ পড়েছে বলে খবর।
শেল কোম্পানি সম্পর্কে এবং অর্থ পাচারের জন্য সেগুলোকে ব্যবহার করা হচ্ছে কিনা, এই প্রশ্নের উত্তরে মালহোত্রা আর একটি লিখিত উত্তরে জানান, ২০১৩ সালের কোম্পানি আইনে 'শেল কোম্পানি' শব্দটি সংজ্ঞায়িত করা হয়নি।