হাই লেভেল ব্যাঙ্কিং কমিটিবিকশিত ভারত তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। ২০৪৭ সালের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার। আর সেই কাজের জন্য ব্যাঙ্কিং সেক্টরে বিরাট বদল প্রয়োজন। আর সেই বিষয়টা যে ভারতের অর্থমন্ত্রক বেশ গুরুত্ব দিয়ে দেখছে, সেটা প্রমাণ হল আজকের বাজেটে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, ব্যাঙ্কিং সেক্টরের জন্য উচ্চ স্তরীয় কমিটি গঠন করা হবে। সেই প্রস্তাব দেওয়া হল এই বাজেটে।
তবে এখানেই শেষ নয়, বিদ্যুৎ ফিনান্স কর্পোরেশন ও গ্রামীণ বিদ্যুতায়ন কর্পোরেশনের পুনর্গঠন করার প্রস্তাবও দেওয়া হয়েছে আজকের বাজেট থেকে। আবার বিদেশি মুদ্রা পরিচালনার যেই সব নিয়মবলী রয়েছে, সেগুলিও পুনর্বিবেচনা করা হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে এই বাজেটে।
বন্ড নিয়ে ঘোষণা?
এ দিন নিজের বক্তৃতায় কর্পোরেট বন্ড নিয়েও কথা তোলেন নির্মলা। তিনি জানান, কর্পোরেট বন্ডে সম্পূর্ণ রিটার্ন সোয়াপ চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বড় শহরে উচ্চ মূল্যের মিউনিসিপাল বন্ড বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। আবার কোনও বন্ডের দাম ১,০০০ কোটি টাকা বা তার বেশি হয়, তবে তার জন্য ১০০ কোটি টাকা পুরস্কার দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
বস্ত্রশিল্পের জন্য বিরাট বরাদ্দ
আজকের বাজেট থেকে সিল্ক, উল ও জুটের জন্য ন্যাশনাল ফাইবার স্কিম আনার প্রস্তাব দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ন্যাশনাল হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্ট প্রোগ্রামে পোশাক শিল্পীদের সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে। যার ফলে বস্ত্রশিল্প এগিয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ডানকুনি থেকে সুরাট ‘ডেডিকেটেড ফ্রেট করিডর’
চলতি বাজেটে যে পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে ঘোষণা থাকবে, সেই প্রত্যাশা ছিল। আর সেই প্রত্যাশা ইতিমধ্যেই বাস্তবে পরিণত হয়েছে। ডানকুনি থেকে সুরাটের মধ্যে ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।। এছাড়া ওড়িশা থেকে তালচের, কলিঙ্গনগর থেকে পারাদ্বীপ পর্যন্ত জলপথে বাণিজ্যে জোর দিচ্ছে সরকার। এই সব জলপথে কাজের জন্য কর্মী সংখ্যা বাড়াতে ট্রেনিং সেন্টার তৈরি করা হবে।
মাথায় রাখতে হবে, চলতি বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে তুঙ্গে। বিশেষত, ট্যাক্স নিয়ে প্রত্যাশা রয়েছে বেশি।
এদিকে আজ সকাল থেকেই চড়ছে শেয়ারবাজার। নিফটি এবং সেনসেক্সে লাভের মুখ দেখা যাচ্ছে। বিশেষত, সেমিকন্ডাক্টর থেকে শুরু করেছে ডিফেন্স স্টক লাফাচ্ছে। তাই সেই দিকেও নজর রয়েছে সকলের।