
২০২৫-২৬ অর্থবর্ষের শেষ মানিটারি পলিসি বৈঠকে রেপো রেটের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে রেপো রেট ৫.২৫%-এ বহাল রইল। EMI হোক বা FD-তে সুদের হার, সাধারণ মানুষের সুরাহা হচ্ছে না।
RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, 'মানিটারি পলিসি কমিটি ৪ ফেব্রুয়ারি থেকে পরপর ৩ দিন বৈঠক করে বর্তমান ম্যাক্রো অর্থনীতি এবং অর্থনীতির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যালোচন করে এই সিদ্ধান্ত নিয়েছে। এই মূল্যায়ণের ভিত্তিতেই মানিটারি পলিসি কমিটি সর্বসম্মত ভাবে রেপো রেট ৫.২৫%-এ অপরিবর্তিত রাখল।' এর ফলে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (SDF) হার ৫%-এ থাকবে। পাশাপাশি মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি (MSF) হার এবং ব্যাঙ্ক রেটও ৫.৫%-এ অপরিবর্তিত রাখা হয়েছে।
এছাড়াও মুদ্রাস্ফীতি কমিটি তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান RBI গভর্নর।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে ৫.২৫ শতাংশে আনা হয়েছিল। সেটাই বহাল থাকল। ফলে গাড়ি-বাড়ির EMI থেকে শুরু করে FD-তে সুদের হার, কোনও কিছুতেই আমজনতার সুরাহা হল না।
বিশ্লেষকরা বলছেন, গত বছরে রেপো রেট বেশ কিছুটা কমানো হয়েছিল। ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে রেপো রেট দাঁড়ায় ৫.৫%-এ। এরপর ফের ডিসেম্বর মাসে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট ৫.২৫%-এ আনা হয়। আপাতত রিজার্ভ ব্যাঙ্ক চাইছে, আগে রেপো রেট কমানোর প্রভাব বাজারে কেমন পড়েছে তা যাচাই করে নিতে।
রেপো রেট অপরিবর্তিত থাকার অর্থ কী?
ঋণগ্রহীতাদের EMI-তে কোনও পরিবর্তন হবে না।
নতুন ঋণগ্রহীতারা আপাতত ঋণের সুদের হার অপরিবর্তিত পাবেন।
সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলো বাড়ি, গাড়ি এবং ব্যক্তিগত ঋণের বর্তমান হার বজায় রাখবে।
হোম লোনের EMI কমবে না বাড়বে?
৩০ বছরের জন্য ৫০ লক্ষ টাকার হোম লোনে EMI পড়বে ৮.২০% সুদের হারে। সেক্ষেত্রে বর্তমানে EMI রয়েছে ৩৭ হাজার ৩৪৬ টাকা। যা অপরিবর্তিতই থাকবে। মাসিক সঞ্চয় হবে শূন্য।
পার্সোনাল লোনে EMI কমবে না বাড়বে?
৫ লক্ষ টাকা পার্সোনাল লোন যদি কেই ৫ বছরের জন্য নিয়ে থাকেন এবং সুদের হার হয় ১২%, তবে ১১ হাজার ১১২২ টাকার EMI অপরিবর্তিতই থাকবে। মাসিক সঞ্চয় হবে শূন্য।