বাংলায় ৬০০ কোটি টাকা ঢালছে Relianceবাংলায় শিল্প নিয়ে আসার বার্তা দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারীর সরকার। আর ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি রক্ষার্থে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি জানিয়েছেন, রাজ্যে হরিণঘাটায় বিনিয়োগ করতে চলেছে কাম্পাকোলার কোম্পানি, রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। ২৮ অক্টোবর এই প্রকল্পের শিলান্যাস হবে। হরিণঘাটায় রিলায়েন্সের FMCG ব্র্যান্ডের ঠিক কী পরিকল্পনা রয়েছে? বুঝে নেওয়া যাক।
জানা যাচ্ছে, নদিয়ার হরিণঘাটায় রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (RCPL) একটি বড় আকারের খাদ্য ও পানীয় উৎপাদন পার্ক গড়ে তুলতে ৬০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে। চলতি সপ্তাহের শুরুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কোম্পানির শিলান্যাসের ঘোষণা করেন। জানা গিয়েছে, এই প্রজেক্টের জন্য রিলায়েন্সকে মোট ৩০ একর জমি হরিণঘাটায় দেওয়া হয়েছে।
মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ব্র্যান্ডের আওতায় থাকা RCPL-এর এটাই প্রথম বাংলায় বিনিয়োগ। তবে শুধু বাংলা নয়, সূত্রের দাবি এই বিনিয়োগই হল দেশের পূর্বাংশে RCPL-এর মালিকানাধীন প্রথম সমন্বিত ফুড পার্ক। এই কোম্পানিরই একটি প্রোডাক্ট হল কাম্পা কোলা। বর্তমানে সারা দেশ জুড়ে ক্যাম্পার উৎপাদন কেন্দ্র রয়েছে।
সংস্থাটির দুটি বৃহত্তম কারখানা গুজরাত ও অন্ধ্র প্রদেশে অবস্থিত। সারা দেশের বিচারে সফট ড্রিংকসের দুনিয়ায় ক্যাম্পার দুই অঙ্কের মার্কেট শেয়ার রয়েছে। পানীয়, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ব্যক্তিগত পরিচর্যার পণ্য, মিষ্টি, আইসক্রিম, স্ন্যাকস, নুডলস ইত্যাদি বিভাগে প্রোডাক্ট রয়েছে RCPL-এর।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইতিমধ্যেও জিও-র বাংলায় বিপুল পরিমাণে বিনিয়োগ রয়েছে। এরমধ্যে RCPL-এর বিনিয়োগ আসায়, রাজ্যে রিলায়েন্সের উপস্থিতি আরও প্রায় দ্বিগুণ হতে চলেছে।
তবে পুজোর আগে শিল্প নিয়ে আরও ঘোষণা রয়েছে। মহালয়ার পরেই হলদিয়ায় মেগা প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের ফেনল এবং অ্যাসিটোন কারখানার উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী।