শুধু টাকা জমালেই এই স্বপ্ন পূরণ হবে না। চাকরি থেকে অবসর নেওয়ার জন্য ৬০ বছর পর্যন্ত অপেক্ষা করতে চান না? ৪০ বছর বয়সেই কাজের বাধ্যবাধকতা থেকে মুক্তি পেতে চান অনেকে। কিন্তু শুধু টাকা জমালেই এই স্বপ্ন পূরণ হবে না। প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নিয়মিত বিনিয়োগ এবং খরচের উপর নিয়ন্ত্রণ। আর্থিক স্বাধীনতা ও আগাম অবসরের এই ধারণাকে বলা হয় ‘ফায়ার’ (FIRE)। অর্থাৎ, Financial Independence, Retire Early।
কত টাকা প্রয়োজন?
অবসরের পরিকল্পনার শুরুতেই হিসাব করতে হবে মাসিক খরচ। এখন যদি সংসার চালাতে মাসে ৫০ হাজার টাকা লাগে, ভবিষ্যতে সেই খরচ অনেকটাই বাড়বে। মূল্যবৃদ্ধির কারণে ১৫-২০ বছর পর একই জীবনযাপনে অনেক বেশি টাকা প্রয়োজন হতে পারে। তাই শুধু বর্তমান খরচ ধরে হিসাব করলে চলবে না। বিশেষজ্ঞদের মতে, আগাম অবসরের ক্ষেত্রে অবসরের সময়ের বার্ষিক খরচের প্রায় ৩০-৩৫ গুণ সঞ্চয়ের লক্ষ্য রাখা যেতে পারে। তবে এটি কোনও নিশ্চিত সূত্র নয়।
কোথায় বিনিয়োগ করবেন?
হাতে দীর্ঘ সময় থাকলে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ নিতে পারেন। বিশেষজ্ঞদের একাংশের মতে, অবসরের লক্ষ্য ১৫-২০ বছর দূরে থাকলে ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী পোর্টফোলিয়োর বড় অংশ ইক্যুইটিতে রাখা যায়। ইনডেক্স ফান্ড বা ডাইভার্সিফায়েড ইক্যুইটি ফান্ডে নিয়মিত এসআইপি হতে পারে একটি উপায়। পাশাপাশি পিপিএফ, ইপিএফ এবং ঋণভিত্তিক বিনিয়োগে সঞ্চয়ের একটি অংশ রাখা যেতে পারে। বাজারের ওঠানামা সামলাতে অবসরের বয়স যত এগিয়ে আসবে, ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কমানো জরুরি।
জরুরি সঞ্চয় ও বিমা ভুলবেন না
বিনিয়োগের পাশাপাশি অন্তত কয়েক মাসের সংসার খরচের সমান জরুরি তহবিল রাখুন। পর্যাপ্ত স্বাস্থ্যবিমাও জরুরি। চিকিৎসার খরচ বাড়লে অবসরের সঞ্চয়ে টান পড়তে পারে। বাড়ি, সন্তানের পড়াশোনা বা অন্য বড় খরচের জন্য আলাদা তহবিল গড়ুন। ক্রেডিট কার্ড বা ব্যক্তিগত ঋণের মতো বেশি সুদের ধার আগে মেটানো ভাল।
অবসরের পরেও পরিকল্পনা চাই
৪০ বছরে অবসর নিলে সঞ্চয়ের উপর নির্ভর করতে হতে পারে আরও ৪০-৫০ বছর। তাই সব টাকা একসঙ্গে তুলে খরচ করা ঠিক নয়। স্বল্পমেয়াদি খরচের জন্য নিরাপদ বিনিয়োগ, আর দীর্ঘমেয়াদি বৃদ্ধির জন্য ইক্যুইটি; এই ভারসাম্য জরুরি। বছরে অন্তত এক বার পরিকল্পনা পর্যালোচনা করুন। মনে রাখবেন, বেশি রিটার্নের লোভে অজানা প্রকল্পে টাকা ঢালবেন না। বিনিয়োগের আগে নিজের ঝুঁকি ও প্রয়োজন বুঝে নিবন্ধিত আর্থিক পরামর্শদাতার সাহায্য নিন।