স্পাইস জেট সংস্থায় অচলাবস্থা - পিটিআই ফাইল ছবিSpiceJet-এর পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছে। সংস্থার যে সব ফ্লাইট বাতিল করা হয়েছে, সেগুলিও টিকিট বিক্রি করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করছেন যাত্রীরা। এমনমকী কিছু বিমানের টিকিট বিক্রির পরে ঘোষণা করা হচ্ছে, আগেই নাকি বাতিল করা হয়েছে ওই ফ্লাইট।
SpiceJet-এর আর্থিক পরিস্থিতি ভীষণ খারাপ। তার মধ্যে এই বিপুল অচলাবস্থাতেও কোনও এক অজ্ঞাত কারণে টিকিট বিক্রি করে চলেছে SpiceJet। যে সব ফ্লাইটের টিকিট বিক্রি করছে, সেই ফ্লাইটগুলি আদৌ চলবে কিনা, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা। যাত্রীদের অভিযোগ, ফ্লাইট বাতিলের পরে টাকাো রিফান্ড করছে না SpiceJet। আটকে রয়েছে বহু যাত্রীর টিকিটের টাকা। অনেক যাত্রীর অভিযোগ, যে সব ফ্লাইটগুলির টিকিট বুকিং নেওয়া হচ্ছে, সেগুলি সম্ভবত টেক অফ করবেই না। ফলে কেন দেদার টিকিট বিক্রি করছে, তা নিয়ে প্রশ্ন।
যে ফ্লাইট বাতিল, সেই ফ্লাইটেরও টিকিট বিক্রি চলছে
যেমন, SpiceJet-এর মুম্বই-দুবাই ফ্লাইট SG-5060 গত একসপ্তাহ ধরে বসে গিয়েছে। কোনও পরিষেবা নেই। অথচ আজ অর্থাত্ ২১ নভেম্বরে টিকিট বুকিংয়ের তালিকায় সেই ফ্লাইট রয়েছে। অ্যাভিয়েশন জার্নালিস্ট অরিন্দম মজুমদার এক্স হ্যান্ডেলে লিখছেন, 'কীভাবে SpiceJet যাত্রীদের থেকে অনৈতিক ভাবে টাকা তুলছে, এটা তারই প্রমাণ। এ রকম আরও একাধিক ফ্লাইট রয়েছে, যেগুলি SpiceJet আদৌ চালাবে না, অথচ টিকিট বুকিং ওপেন করে রেখেছে।'
বিমান বাতিলের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন স্পাইসজেটের যাত্রীরা। শুধু বিকল্প বিমানের ব্যবস্থা নয়, বাতিল হওয়া টিকিটের টাকা ফেরত পাওয়াও এখন যাত্রীদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একাধিক যাত্রীর অভিযোগ, বিমান বাতিল হওয়ার ২০ দিন পেরিয়ে গেলেও তাঁরা এখনও টাকা ফেরত পাননি। এমনকি এক যাত্রীকে জানানো হয়েছে, তাঁর টিকিটের টাকা ফেরত দেওয়া হবে ২০২৭ সালের জানুয়ারিতে।
যাত্রীদের অভিযোগ, টাকা ফেরত চাওয়ার প্রক্রিয়াও অত্যন্ত জটিল। জসলিন কৌর নামে এক যাত্রীর দাবি, অনলাইন ট্র্যাভেল এজেন্সি (ওটিএ)-র মাধ্যমে স্পাইসজেটের টিকিট কেটেছিলেন তিনি। পরে বিমানটি বাতিল করে দেয় বিমান সংস্থা। টাকা ফেরত চাইতে স্পাইসজেটের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে সংশ্লিষ্ট অনলাইন ট্র্যাভেল এজেন্সির সঙ্গে কথা বলতে বলা হয়। অন্যদিকে, ওই বুকিং প্ল্যাটফর্ম আবার তাঁকে স্পাইসজেটের সঙ্গে যোগাযোগ করতে বলে। ফলে দুই পক্ষের মধ্যে ঘুরপাক খাচ্ছেন যাত্রীরা।
ডিজিসিএ-র নতুন নিয়ম অনুযায়ী, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিমানের টিকিট কেনা হলে বাতিলের ক্ষেত্রে সাত দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। ট্র্যাভেল এজেন্ট বা অনলাইন পোর্টালের মাধ্যমে টিকিট কাটা হলে ১৪ কর্মদিবসের মধ্যে টাকা ফেরতের প্রক্রিয়া সম্পূর্ণ করার দায়িত্ব বিমান সংস্থার।
কেন এমন পরিস্থিতি স্পাইসজেটে?
নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই আর্থিক সঙ্কটের জেরে প্রতিদিন বিপুল সংখ্যক বিমান বাতিল করছে স্পাইসজেট। শীতকালীন উড়ান সূচিতে প্রতিদিন ৬৬টি বিমান চালানোর অনুমতি থাকলেও বাস্তবে দিনে মাত্র ১০ থেকে ১৫টি বিমান চালাতে পারছে সংস্থাটি। যে কয়েকটি বিমান চলছে, সেগুলিও দীর্ঘ বিলম্বের মুখে পড়ছে। এর ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজার হাজার যাত্রী। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের এয়ারসেবা (AirSewa) অভিযোগ নিষ্পত্তি পোর্টালে স্পাইসজেটের বিরুদ্ধে ৭ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে।
একদা দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহণ সংস্থা ছিল
পরিস্থিতির ক্রমাগত অবনতির জেরে শুক্রবার বিমান সংস্থাটিকে শোকজ নোটিস পাঠিয়েছে ডিজিসিএ। নিয়মবিধি বারবার লঙ্ঘন, বিমান পরিষেবায় লাগাতার বিপর্যয় এবং বকেয়া অর্থ পরিশোধ না করার অভিযোগে এই নোটিস দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে স্পাইসজেটকে জবাব দিতে বলা হয়েছে। একসময় দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা ছিল স্পাইসজেট। করোনা অতিমারির আগে দেশের অভ্যন্তরীণ বিমান পরিবহণের বাজারে সংস্থাটির দখলে ছিল প্রায় ১৫ শতাংশ অংশ। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। গত অক্টোবর মাসে তাদের বাজারের অংশীদারিত্ব কমে দাঁড়িয়েছে মাত্র ০.৬ শতাংশে।