বিধ্বস্ত শেয়ার বাজারের ভিতরের খবর জানুনআমেরিকান শেয়ার বাজার পড়লে, ভারতীয় শেয়ার বাজারও হু হু করে নীচের দিকে নামতে থাকে। এ এক অতি চেনা দৃশ্য। কিন্তু মার্কিন বাজার যেখানে বাড়ছে, সেখানে ভারতীয় বাজারের টানা পতন উদ্বেগের কারণ। গত ১০ মাস ধরে ভারতীয় শেয়ার বাজার কার্যত নিম্নমুখী।
শেষবার বাজেটে দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগকারীরা নজর রেখেছিল কেন্দ্রের দিকে। সকলেরই আশা ছিল, সরকার এমন কোনও ঘোষণা করবে, যার ফলে ভারতীয় শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টে ফিউচার ও অপশন ট্রেডের উপর সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (এসটিটি) বাড়ানো হয়, যা বাজারকে কার্যত আরও পতনের দিকেই ঠেলে দেয় বলে দাবি বিশেষজ্ঞদের একাংশের।
বিনিয়োগকারীরা এখনও আশা করছেন, কেন্দ্র শেয়ার বাজার স্থিতিশীল করতে কোনও একটি পদক্ষেপ নেবে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বিনিয়োগকারীদের আশাহতই হতে হচ্ছে। এই বছরের মার্চ মাসে যখন বাজারে বড় ধরনের পতন ঘটে, তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, সরকার শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আশা ছিল, এসটিটি-র উপর ছাড় দেওয়া হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই বিষয়টিও স্থগিত রাখা হয়। এরপর, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ক্রমাগত দুর্বল হতে থাকা ভারতীয় মুদ্রা বিনিয়োগকারীদের জোর ধাক্কা খেয়েছে।
বিদেশি বিনিয়োগকারীদের বিক্রিই মূল কারণ
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাজার কেন হু হু পড়ছে তা কম বেশি সকলেই বুঝতে পারছেন। এর মূল কারণ হল, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি। বিদেশি বিনিয়োগকারীরা প্রতিদিন ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। ২০২৬ সালে এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে ৪ লক্ষ কোটি টাকারও বেশি তুলে নিয়েছেন। বিনিয়োগকারীদের জন্য এই পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। শুধুমাত্র গত ৯ দিনেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে প্রায় ৬০,০০০ কোটি টাকা তুলে নিয়েছেন।
বিনিয়োগকারীরা কী চাইছেন?
বিনিয়োগকারীরা জানাচ্ছেন, বিদেশি বিনিয়োগকারীদের বেপরোয়া বিক্রি বন্ধ করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে বিদেশি বিনিয়োগকারীদের দোষারোপ করে কোনো লাভ হবে না বলে মানছেন তাঁরাও। সর্বোপরি, বিদেশি বিনিয়োগকারীরা সেখানেই বিনিয়োগ করেন যেখানে তাঁরা, কম ঝুঁকিতে বেশি মুনাফা পান। আসল প্রশ্ন হল, বিদেশি বিনিয়োগকারীরা কেন ভারতীয় বাজারকে আর আগের মতো আকর্ষণীয় মনে করছেন না?
ভারতীয় বাজার নিয়ে মোহভঙ্গের কারণ
বিশেষজ্ঞরা মনে করেন, ভারতীয় বাজারের জটিলতা এবং কর সংক্রান্ত বিষয়গুলো বিদেশী বিনিয়োগকারীদের হতাশ ও নিরুৎসাহিত করছে। ভারতে দীর্ঘমেয়াদী মূলধনী লাভের (LTCG) হার ১২.৫% এবং স্বল্পমেয়াদী মূলধনী লাভের (STCG) হার ২০%, যা বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FII) ক্ষতি করে। উপরন্তু, ফিউচার অ্যান্ড অপশন (F&O) লেনদেনের উপর বর্ধিত STT বিদেশি ফান্ডগুলোর লাভের মার্জিন আরও কমিয়ে দিচ্ছে। টাকার অবমূল্যায়ন এই দুর্দশাকে আরও বাড়িয়ে তুলছে। ফলে মোহভঙ্গ হচ্ছে।