
অসমের একটি চা বাগান- পিটিআই ছবিচিনির দাম বেড়েছে। এ বার কি চায়ের দামও বাড়তে পারে? আশঙ্কা তৈরি হচ্ছে, চা উত্পাদনের অবস্থায়। গত জুলাই মাসে ভারতে চায়ের উত্পাদন ব্যাপক হারে কমেছে। জুলাইয়ে ভারতে চা উত্পাদন করা হয়েছে ১৬৪ মিলিয়ন কিলোগ্রাম। গত বছর ওই একই সময়ে চা উত্পাদনের পরিমাণ ছিল ১৮২ মিলিয়ন কিলোগ্রাম। আর এই অবস্থার নেপথ্যে রয়েছে পশ্চিমবঙ্গ ও অসমে ভারী বৃষ্টি ও প্লাবন। ভারতের মূলত এই দুই রাজ্যেই সবচেয়ে বেশি চা চাষ হয়। তবে দক্ষিণ ভারতে চা উত্পান বেড়েছে।
পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির জেরে চা উত্পাদনে ঘাটতি
পশ্চিমবঙ্গে চা উত্পাদন কমার মূল কারণ হল বৃষ্টি। তার জেরে উত্পাদন ১৪ শতাংশ কমে গিয়ে ৪৩.৮৭ মিলিয়ন কিলোগ্রাম হয়েছে। গত বছর জুলাইয়ে ৫০.৯৬ মিলিয়ন কিলোগ্রাম চা উত্পাদন হয়েছিল বাংলায়। পশ্চিমবঙ্গে মূলত পাহাড়, ডুয়ার্স সহ উত্তরবঙ্গেই চা চাষ হয়। চলতি বছরের জুলাইয়ে ডুয়ার্সে ২৪.৮৩ মিলিয়ন কিলোগ্রাম চা উত্পাদন হয়েছে, যেখানে গতবছর ওই একই সময়ে ২৮.৫১ মিলিয়ন কিলোগ্রাম চা উত্পাদন হয়েছিল। তরাইয়েও চা উত্পাদন ১৫ শতাংশ কমেছে। জুলাইয়ে ১৮.২৩ মিলিয়ন কিলোগ্রাম চা উত্পাদন হয়েছে। গত বছর জুলাইয়ে ২১.৫০ মিলিয়ন কিলোগ্রাম চা উত্পাদন হয়েছিল।

অসমে চা উত্পাদন ১৩ শতাংশ কম
ভারতে সবচেয়ে বেশি চা উত্পাদন হয় অসমে। চলতি বছরের জুলাইয়ে উত্পাদন ১৩ শতাংশ কমে গিয়ে ৯১.০৮ মিলিয়ন কিলোগ্রাম হয়েছে। গত বছর ওই একই সময়ে ১০৫ মিলিয়ন কিলো চা উত্পাদন হয়েছিল। জুলাইয়ে অসমের বিস্তীর্ণ এলাকায় অতিভারী বৃষ্টি হয়েছে। বিশাল অংশ এখনও বন্যার কবলে। এই সবই উত্পাদনে প্রভাব ফেলেছে। অসম ভ্যালিতে ১২.৭ শতাংশ কম উত্পাদন হয়েছে। অসমের কাছারে ২৩ শতাংশ কম উত্পাদন হয়েছে গত বছরের জুলায়ের তুলনায়।
দার্জিলিঙেও চা উত্পাদনে ঘাটতি
দার্জিলিঙেও চা উত্পাদন বেশ কমেছে। গতবছরের তুলনায় চলতি বছরের জুলাইয়ে ১৫ শতাংশ কম উত্পাদন হয়েছে। এই বছর জুলাইয়ে ০.৮১ মিলিয়ন কিলো চা উত্পাদন হয়েছে, গত বছর ০.৯৫ মিলিয়ন কিলো চা উত্পাদন হয়েছিল।

জুলাইয়ে কোন ধরনের চায়ের কত উত্পাদন?
জুলাইয়ে সবচেয়ে বেশি উত্পাদন হয়েছে CTC চায়ের। CTC চা ১৪৩.১০ মিলিয়ন কিলোগ্রাম উত্পাদন করা হয়েছে। CTC চা সাধারণত দুধ চা তৈরিতে ব্যবহার হয়। এতে লিকার হয়। তাই ভারতে CTC চায়ের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া অসমের অর্থোডক্স চায়ের উত্পাদন হয়েছে ১৮.৭৬ মিলিয়ন কিলোগ্রাম ও গ্রিন টি ২.৪৭ মিলিয়ন কিলোগ্রাম উত্পাদন করা হয়েছে।
চায়ের দামও কি বাড়তে পারে?
জুলাইয়ে চায়ের উত্পাদন কমার জেরে দাম বৃদ্ধির একটি আশঙ্কা করা হলেও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের খবর নেই। এমনিতেই চিনির দাম বাড়ার ফলে চায়ের দোকানে প্রতি ভাঁড়ে দাম বাড়িয়েছে বহু চায়ের দোকান।