ভিডিওকন কেস স্টাডি।মনে আছে আপনার ঘরের সেই কালার টিভিটার কথা। কী নাম ছিল বলুন তো। ভিডিওকন তো। একটা সময় ছিল, বাড়িতে ভিডিওকনের রঙিন টেলিভিশন থাকা মানেই ছিল আভিজাত্যের পরিচয়। ভারতে প্রথম রঙিন টেলিভিশন নিয়ে আসার কৃতিত্বও ছিল এই ভিডিওকন গোষ্ঠীর। শুধু টেলিভিশন নয়, ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের বাজারেও দীর্ঘদিন রাজত্ব করেছে এই সংস্থা। সেই সংস্থার ব্যবসায়িক সাম্রাজ্য কার্যত ধ্বংসের মুখে। সম্প্রতি ভিডিওকন গোষ্ঠীর প্রধান বেণুগোপাল ধুতকে ব্যক্তিগতভাবে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। কী এমন ঘটেছিল? কোথায় ভুল করেছিলেন বেণুগোপাল? একসময় দেশের অন্যতম সফল ব্যবসায়িক গোষ্ঠীর এই পরিণতি হল কীভাবে? চলুন জানা যাক সেই কাহিনি।
১৯৫৫ সালে বেণুগোপালের বাবা নন্দলাল ধুত ভিডিওকন গোষ্ঠীর ভিত্তি স্থাপন করেন। প্রথমে তুলো বীজের কারখানা। পরে পাইকারি শস্যের ব্যবসা। আটের দশকে নন্দলালের বড় ছেলে বেণুগোপাল ধুত তাঁর দুই ভাই রাজকুমার ধুত এবং প্রদীপকুমার ধুতকে সঙ্গে নিয়ে ইলেকট্রনিক্সের ব্যবসায় পা রাখেন। পুণে বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়েছিলেন বেণুগোপাল। ইলেকট্রনিক্স সংস্থায় প্রশিক্ষণ নিতে এক বছরের জন্য জাপানেও গিয়েছিলেন। ১৯৮৬ সালে ভিডিওকন ইন্টারন্যাশনালের সূচনা করেন। লক্ষ্য ছিল, প্রতি বছর ১ লক্ষ টেলিভিশন সেট তৈরি করা।
কালার টিভির যাত্রা শুরু
প্রথম দিকে জাপানের সংস্থা তোশিবার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ব্যবসা শুরু হয়। পরের এক দশকে সাফল্যের নতুন ইতিহাস লিখতে শুরু করে ভিডিওকন। নয়ের দশকে রঙিন টেলিভিশনের পাশাপাশি রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, হোম এন্টারটেনমেন্ট সিস্টেম-সহ বিভিন্ন বৈদ্যুতিন পণ্যের বাজারেও নিজেদের ব্যবসা ছড়িয়ে দেয় সংস্থাটি।
ব্যবসা বাড়াতে গিয়েই ঋণের ফাঁদ
ইলেকট্রনিক্সের বাজারে সাফল্য পাওয়ার পর ভিডিওকনকে আরও বড় ব্যবসায়িক গোষ্ঠী হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেন বেণুগোপাল ধুত। সেই লক্ষ্যেই তেল ও গ্যাস, টেলিকম এবং ডিটিএইচ পরিষেবার ব্যবসায় প্রবেশ করে সংস্থাটি। এই সমস্ত নতুন ব্যবসা সম্প্রসারণের জন্য বিপুল পরিমাণ ঋণ নেয় ভিডিওকন গোষ্ঠী। বিশেষ করে টেলিকম ব্যবসা বাড়ানো এবং স্পেকট্রাম কেনার জন্য বিভিন্ন ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়া হয়। আর সেখান থেকেই ক্রমশ বাড়তে শুরু করে ভিডিওকনের সমস্যা। একের পর এক ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ করলেও, সেই অনুপাতে আয় বাড়েনি। বিনিয়োগ এবং ঋণের তুলনায় সংস্থার উপার্জন ছিল অনেকটাই কম। ফলে ঋণের বোঝা ক্রমশ ভারী হতে থাকে।
টেলিকম ব্যবসাই কি ডুবিয়ে দিল?
২০০৮ সালে ভিডিওকন ২১টি টেলিকম সার্কেলে মোবাইল পরিষেবা দেওয়ার লাইসেন্স পেয়েছিল। কিন্তু ২জি স্পেকট্রাম বণ্টন বিতর্কের জেরে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট ২০০৮ সালে দেওয়া ১২২টি লাইসেন্স বাতিল করে দেয়। সেই তালিকায় ছিল ভিডিওকনের লাইসেন্সও। এর ফলে সংস্থার টেলিকম ব্যবসায় বড় ধাক্কা লাগে। পরিস্থিতি সামাল দিতে ২০১৬ সালে প্রায় ৪৫০০ কোটি টাকায় নিজেদের স্পেকট্রাম ভারতী এয়ারটেলের কাছে বিক্রি করে দেয় ভিডিওকন।
টিভির বাজারও হাতছাড়া
একদিকে টেলিকমের মতো নতুন ব্যবসা ধুত পরিবারের সাম্রাজ্যের উপর ঋণের বোঝা বাড়াচ্ছিল। অন্যদিকে ভিডিওকনের ইলেকট্রনিক্স ব্যবসাও ক্রমশ প্রতিযোগিতার মুখে পড়ছিল। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং এবং এলজি দ্রুত ভারতীয় বাজারে নিজেদের জায়গা তৈরি করতে শুরু করে। এলসিডি এবং এলইডি টেলিভিশনের নতুন প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয় ভিডিওকন। ফলে একসময় সংস্থার আয়ের অন্যতম প্রধান উৎস ইলেকট্রনিক্স ব্যবসাও চাপের মুখে পড়ে।
নতুন ব্যবসা থেকে প্রত্যাশিত মুনাফা আসছিল না। অন্যদিকে পুরনো ব্যবসার বাজারে আধিপত্যও ক্রমশ কমছিল। টেলিকম ব্যবসায় ব্যর্থতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একটি সাক্ষাৎকারে বেণুগোপাল ধুত নিজেই টেলিকম ব্যবসাকে গোষ্ঠীর বিপুল ঋণের অন্যতম প্রধান কারণ বলে উল্লেখ করেছিলেন। ঋণ শোধ করতে নিজেদের একাধিক সম্পদ বিক্রি করার চেষ্টা করেছিলেন ধুত। ডিটিএইচ ব্যবসা ডিশ টিভির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি গ্যাস ক্ষেত্র এবং টেলিকম ব্যবসার অংশীদারিত্বও বিক্রি করেন। কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি।
ব্যাঙ্কের বিপুল লোন
২০১৮ সালে ঋণদাতা ব্যাঙ্কগুলি ভিডিওকনকে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি)-এর দ্বারস্থ হতে বাধ্য করে। সেই সময় সুদ-সহ ব্যাঙ্কগুলির কাছে সংস্থার বকেয়া ঋণের পরিমাণ ছিল প্রায় ৩১,০০০ কোটি টাকা। এরপর ২০২১ সালের জুন মাসে অনিল আগরওয়ালের সংস্থা টুইন স্টার টেকনোলজিসকে ভিডিওকন ইন্ডাস্ট্রিজ অধিগ্রহণের অনুমতি দেয় এনসিএলটি। কিন্তু সেই অধিগ্রহণ প্রক্রিয়াও শেষপর্যন্ত জটিলতায় আটকে যায়।
ঘুষ দেওয়ার অভিযোগ
ভিডিওকনের নাম জড়িয়েছিল আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন প্রধান চন্দা কোছরের সঙ্গে যুক্ত বিতর্কেও। অভিযোগ উঠেছিল, ভিডিওকনকে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার বিনিময়ে চন্দার স্বামী দীপক কোছরকে আর্থিক ভাবে সুবিধা পাইয়ে দিয়েছিলেন বেণুগোপাল ধুত। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপক কোছরের সঙ্গে যুক্ত একটি সংস্থায় অর্থ বিনিয়োগ করেছিলেন ধুত। এই ঘটনায় বেণুগোপাল ধুত, চন্দা কোছর এবং তাঁর স্বামীর বিরুদ্ধে পদক্ষেপ করে সিবিআই।
দেউলিয়া বেণুগোপাল ধুত
একসময় কয়েক হাজার কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক বেণুগোপাল ধুত এখন নিঃস্ব। গত ৫ নভেম্বর মুম্বইয়ের এনসিএলটি বেঞ্চ তাঁকে ব্যক্তিগতভাবে দেউলিয়া ঘোষণা করে। এসবিআইয়ের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদ এবং জরিমানা-সহ বেণুগোপালের বকেয়া ঋণের পরিমাণ ছিল প্রায় ১২৬৬৮ কোটি টাকা।
একসময় যে ভিডিওকন টেলিভিশন ছিল ভারতীয় মধ্যবিত্তের আভিজাত্যের প্রতীক, সেই সংস্থার কর্ণধারের ব্যক্তিগত দেউলিয়া হওয়ার ঘটনা দেশের কর্পোরেট দুনিয়ায় আলোড়ন ফেলেছে। সময়ের সঙ্গে তাল মেলাতে না পারা, অতিরিক্ত ঋণ এবং নতুন ব্যবসায় ভুল বিনিয়োগ, সব মিলিয়েই কি শেষ হয়ে গেল বেণুগোপাল ধুতের ব্যবসায়িক সাম্রাজ্য?