Kolkata Real Estate: 'কলকাতার রিয়েল এস্টেট হাঙরদের খপ্পরে', ঠিক কী দাওয়াই দিলেন অর্থমন্ত্রী?

Kolkata News: কলকাতায় রিয়েল এস্টেট ব্যবসা ‘রাজনৈতিক যোগাযোগ থাকা হাঙরদের' হাতে ছেড়ে দেওয়া হয়েছিল বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

Advertisement
'কলকাতার রিয়েল এস্টেট হাঙরদের খপ্পরে', ঠিক কী দাওয়াই দিলেন অর্থমন্ত্রী?কলকাতার রিয়েল এস্টেট হাঙরদের খপ্পরে আছে
হাইলাইটস
  • রিয়েল এস্টেট সেক্টরে দুর্নীতির অভিযোগ তুলে এবার সরব বলেন খোদ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
  • অর্থমন্ত্রীর দাবি, কলকাতায় রিয়েল এস্টেট ব্যবসা ‘রাজনৈতিক যোগাযোগ থাকা হাঙরদের' হাতে ছেড়ে দেওয়া হয়েছিল।
  • তিনি বলেন, “আপনারা সংগঠিত শক্তির প্রতিনিধিত্ব করেন। আপনারা কেউ একা একা কাজ করা হাঙর নন।”

কলকাতার রিয়েল এস্টেট সেক্টরে দুর্নীতির অভিযোগ তুলে এবার সরব বলেন খোদ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই ইস্যুতে বিগত রাজ্য সরকারকে নিশানা করেছেন তিনি। রাজ্যের অর্থমন্ত্রীর দাবি, কলকাতায় রিয়েল এস্টেট ব্যবসা ‘রাজনৈতিক যোগাযোগ থাকা হাঙরদের' হাতে ছেড়ে দেওয়া হয়েছিল।

শুক্রবার কলকাতায় রিয়েলটরদের সংগঠন ক্রেডাই আয়োজিত একটি  সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি সংগঠিত রিয়েল এস্টেট সংস্থাগুলিকে রাজ্যে বড় মাপের প্রকল্প গড়ে তোলার আহ্বান জানান। 

স্বপন দাশগুপ্ত বলেন, “কলকাতায় রিয়েল এস্টেট ব্যবসা একটা স্ক্যামে পরিণত হয়েছিল। আমি ইচ্ছা করেই এই শব্দটি ব্যবহার করছি। কারণ রাজনৈতিক যোগাযোগ থাকা কিছু হাঙরের হাতে এই ব্যবসা চলে গিয়েছিল, যারা সাধারণ মানুষকে ঠকিয়ে বিপুল অর্থ উপার্জন করেছে।”

এক্ষেত্রে অর্থমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গ ও কলকাতায় সংগঠিত রিয়েল এস্টেট ক্ষেত্রকে নিয়ে আসা প্রয়োজন। এর ফলে এই ক্ষেত্রে শৃঙ্খলা, নিয়ন্ত্রণ বাড়বে। তিনি বলেন, “আপনারা সংগঠিত শক্তির প্রতিনিধিত্ব করেন। আপনারা কেউ একা একা কাজ করা হাঙর নন।”

বড় ডেভেলপারদের স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, সরকার যে ধরনের মেগা প্রজেক্টের পরিকল্পনা করছে, সেগুলি তৈরি করতে ইচ্ছুক বড় সংস্থাগুলিকে রাজ্যে আসার আহ্বান জানানো হচ্ছে। কলকাতার আবাসন ক্ষেত্রে নতুন করে উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করে স্বপন দাশগুপ্ত বলেন, রেরা (RERA)-কে রাজ্যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা প্রয়োজন। তাঁর মতে, সংগঠিত রিয়েল এস্টেট সংস্থাগুলির উপস্থিতি কলকাতার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

এদিনের বক্তব্যে রাজ্যের আগের সরকারগুলির সময় নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে কলকাতা সমৃদ্ধ অতীত নিয়ে গর্ব করলেও শেষ কয়েক বছরের পরিস্থিতি হতাশাজনক। প্রায় ৫০ বছর ধরে পশ্চিমবঙ্গ দেশের শিল্প মানচিত্র থেকে পিছিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এখন রাজ্য ফের ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী।

 

POST A COMMENT
Advertisement