বকেয়া এরিয়ার পাবেন পেনশনভোগীরারাজ্য সরকারের পেনশনভোগীদের জন্য সুখবর। রাজ্যের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের বকেয়া ডিআর পরিশোধ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল শুভেন্দু সরকারের অর্থ দফতর। এই নির্দেশিকা কলকাতা পুরসভা (KMC) এলাকার সেই সব রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য, যাঁরা ব্যাঙ্কের মাধ্যমে পেনশন পান।
রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিআর) প্রদানে মঙ্গলবার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর। কলকাতা পুর এলাকার (KMC) অন্তর্গত বিভিন্ন ব্যাঙ্ক থেকে পেনশনপ্রাপ্তদের দীর্ঘদিনের বকেয়া নিষ্পত্তির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির কাছে অতীতের পেনশন বিতরণের তথ্য না থাকায় বহু পেনশনভোগীর ডিআর বকেয়া পরিশোধ আটকে ছিল। সেই পরিস্থিতিতে প্রাথমিকভাবে ২০০৮ থেকে ২০১৯ সময়কালের সম্ভাব্য বকেয়া ডিআরের ৫০ শতাংশ অগ্রিম হিসেবে মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এই অর্থের হিসাব করা হবে পশ্চিমবঙ্গের অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের তথ্য, রোপা ২০০৯ অনুযায়ী ঘোষিত ডিআর হার এবং AICPI-ভিত্তিক ১০০ শতাংশ নিউট্রালাইজেশনের ভিত্তিতে। এ জন্য WBiFMS-এর অধীনে একটি ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল চালু করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে দ্রুত পেনশনভোগীদের তথ্য যাচাই ও হালনাগাদ করে নির্ধারিত অর্থ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে, ব্যাঙ্কগুলিকে অতীতের সমস্ত পেনশন বিতরণের তথ্য সরকারকে জমা দিতে বলা হয়েছে, যাতে অবশিষ্ট বকেয়া ডিআরও দ্রুত মিটিয়ে দেওয়া যায়। অবশিষ্ট বকেয়া প্রদানের পদ্ধতি পরে পৃথকভাবে জানানো হবে।
তবে, এক ধাপেই পুরো বকেয়া ডিআর মেটানো হবে না। সূত্রের খবর, জুলাই মাসের মধ্যে বকেয়া ৫০ শতাংশ টাকা দেওয়া হবে পেনশনভোগীদের। আনুমানিক হিসেবের উপর ৫০ শতাংশ টাকা পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আগেই পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা ঘোষণা করেছে রাজ্য সরকার। পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের ৫০ শতাংশ দিয়ে দেবে রাজ্য।
প্রবীণ পেনশনভোগীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে, কিছুটা আর্থিক স্বস্তি দিতেই, এই অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে, ৫০ শতাংশ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থ দফতর জানিয়েছে, অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (AG) পশ্চিমবঙ্গের তথ্য এবং নির্ধারিত ডিআর হারের ভিত্তিতে এই আনুমানিক বকেয়ার পরিমাণ নির্ধারণ করা হবে। এছাড়া, WBIFMS-এর অধীনে চালু হওয়া বিশেষ Bank Pension Management Portal-এর মাধ্যমে পেনশন সংক্রান্ত তথ্য যাচাই করে দ্রুত পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। পরে ব্যাঙ্কগুলি সম্পূর্ণ তথ্য জমা দিলে অবশিষ্ট বকেয়া ডিআরের হিসাব করে পরবর্তী কিস্তিতে তা পরিশোধ করা হবে।