অষ্টম বেতন কমিশন।২০২৬ সালের অক্টোবর এসে গেলেও এখনও ফিটমেন্ট ফ্যাক্টর চূড়ান্ত হয়নি। বর্ধিত বেতন কবে থেকে দেওয়া হবে, তাও ঘোষণা করেনি কেন্দ্র। স্বাভাবিকভাবে অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মনে একাধিক প্রশ্ন। প্রতি মাসে বেতন কত হাজার টাকা বাড়বে? কবে থেকে নতুন বেতন মিলবে? ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি বকেয়া টাকাও ঢুকবে? অষ্টম বেতন কমিশনের কাজ কত দূর এগোল?
২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছিল। তার আগে ২০২৫ সালের ২৮ অক্টোবর কমিশনের কাজের শর্তাবলি বা টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাই এই কমিশনের চেয়ারপার্সন। আইআইএম বেঙ্গালুরুর অধ্যাপক পুলক ঘোষ পার্ট-টাইম সদস্য এবং বর্ষীয়ান আইএএস আধিকারিক পঙ্কজ জৈন সদস্য-সচিব। সুপারিশ তৈরির জন্য কমিশনকে ১৮ মাস সময় দেওয়া হয়েছে। সেই হিসেবে, ২০২৭ সালের ৩ মে-র মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা। বর্তমানে সরকারি কর্মী, কর্মী সংগঠন এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের কাছ থেকে মতামত ও পরামর্শ নিচ্ছে কমিশন। বিভিন্ন রাজ্যে বৈঠকও চলছে। অক্টোবর মাসে মুম্বইয়েও বৈঠক হওয়ার কথা।
কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত বেতন?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, কবে থেকে বর্ধিত বেতন মিলবে? এই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কেন্দ্র। প্রথমে কমিশন তার রিপোর্ট তৈরি করবে। তার পরে সুপারিশগুলি খতিয়ে দেখে সেগুলি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।
তাই রিপোর্ট জমা পড়ার পরেই যে বর্ধিত বেতন হাতে আসবে, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। কমিশনের রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা ২০২৭ সালের মে মাস। তবে সেটি বর্ধিত বেতন পাওয়ার তারিখ নয়।
১ জানুয়ারি ২০২৬ থেকে বর্ধিত বেতন?
অষ্টম বেতন কমিশনের সুপারিশ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে বলে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এর অন্যতম কারণ সাধারণত দুটি বেতন কমিশনের মধ্যে প্রায় ১০ বছরের ব্যবধান থাকে। তবে বর্ধিত বেতন কার্যকর হওয়ার তারিখ এবং কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ার তারিখ এক নয়। আগে বেতন কমিশনকে সুপারিশ করতে হবে। সেই সুপারিশ কেন্দ্র মেনে নিলে সংশ্লিষ্ট সময়ের বকেয়া বেতন পেতে পারেন সরকারি কর্মীরা। তবে কোন তারিখ থেকে এরিয়ার গণনা করা হবে এবং কীভাবে সেই টাকা দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
ফিটমেন্ট ফ্যাক্টর কতটা বাড়বে বেতন?
নতুন বেতনে কতটা বৃদ্ধি হবে, তা নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টর এবং নতুন বেতন কাঠামোর উপর। এখনও পর্যন্ত কমিশন কোনও ফিটমেন্ট ফ্যাক্টর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। ২.০, ২.৫ বা ২.৮-এর মতো সংখ্যাগুলি আপাতত অনুমান বা বিভিন্ন মহলের দাবি মাত্র। সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়েছিল।