EPFO Alert : PF-এর জমানো টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হবে এই ভুলগুলি করলেই, একবার মিলিয়ে নিন

PF অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও অপ্রমাণিত ওয়েবসাইট বা ব্যক্তিকে কখনও UAN, PPO, আধার, PAN, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কিংবা OTP দেওয়া উচিত নয়।

Advertisement
PF-এর জমানো টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হবে এই ভুলগুলি করলেই, একবার মিলিয়ে নিন PF অ্য়াকাউন্ট
হাইলাইটস
  • অনেক সময় EPFO আধিকারিক সেজে ফোন করা হয়।
  • বলা হতে পারে, আপনার KYC আপডেট করা হয়নি, PF অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে

কর্মীদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার অন্যতম বড় ভরসা প্রভিডেন্ট ফান্ড বা PF। প্রতি মাসে বেতনের একটি অংশ এই অ্যাকাউন্টে জমা হয়। দীর্ঘদিন ধরে জমতে জমতে সেই টাকা একটা সময় বড় অঙ্কে পরিণত হয়। ফলে PF অ্যাকাউন্ট এখন শুধু সঞ্চয়ের জায়গা নয়, সাইবার অপরাধীদের কাছেও লোভনীয় টার্গেট।

কর্মী ভবিষ্যনিধি সংগঠন বা EPFO নিয়মিত তার সদস্যদের সতর্ক করে। বিশেষ করে ভুয়ো ফোন কল, SMS, ই-মেল এবং সন্দেহজনক লিঙ্কের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কারণ, সামান্য অসাবধানতাতেই প্রতারকদের হাতে চলে যেতে পারে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও আর্থিক তথ্য।

কেন PF অ্যাকাউন্টকে টার্গেট করছে সাইবার অপরাধীরা?

বর্তমানে PF সংক্রান্ত বহু পরিষেবাই অনলাইনে পাওয়া যায়। UAN থেকে KYC আপডেট, PF ব্যালান্স দেখা, ক্লেম করা কিংবা টাকা তোলার মতো একাধিক কাজ ডিজিটাল মাধ্যমে করা সম্ভব। এই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করে সাইবার প্রতারকরা।

অনেক সময় EPFO আধিকারিক সেজে ফোন করা হয়। বলা হতে পারে, আপনার KYC আপডেট করা হয়নি, PF অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে অথবা আপনার ক্লেম আটকে রয়েছে। কখনও আবার বলা হতে পারে, অ্যাকাউন্ট সচল রাখতে দ্রুত কিছু তথ্য দিতে হবে।

এই ধরনের ফোনে ভয় দেখিয়ে বা তাড়াহুড়ো করিয়ে প্রতারকরা UAN, আধার, PAN, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কিংবা OTP চেয়ে বসতে পারে। কেউ সেই তথ্য দিয়ে ফেললেই বড় বিপদের সম্ভাবনা তৈরি হয়।

ভুয়ো লিঙ্কেও লুকিয়ে থাকতে পারে বিপদ

ফোন কলের পাশাপাশি SMS, WhatsApp, ই-মেল কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও প্রতারণার চেষ্টা হতে পারে। PF ক্লেম, KYC আপডেট অথবা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও জরুরি কাজের কথা বলে একটি লিঙ্ক পাঠানো হতে পারে।

সেই লিঙ্কে ক্লিক করলে আসল EPFO ওয়েবসাইটের মতো দেখতে কোনও ভুয়ো ওয়েবসাইট খুলে যেতে পারে। সেখানে UAN, পাসওয়ার্ড, আধার নম্বর, PAN অথবা ব্যাংক সংক্রান্ত তথ্য দিতে বলা হতে পারে। প্রতারকদের তৈরি এই ফাঁদে পা দিলেই আপনার গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে চলে যেতে পারে।

Advertisement

তাই কোনও অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই URL ভালো করে দেখে নিন। ওয়েবসাইটের নাম বা বানানে সামান্য পরিবর্তন রয়েছে কি না, সেটিও খেয়াল করুন। অনেক সময় আসল ওয়েবসাইটের সঙ্গে সামান্য মিল রেখে ভুয়ো URL তৈরি করা হয়।

EPFO কখনও OTP বা ব্যক্তিগত তথ্য চায় না

এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখা দরকার। EPFO কখনও ফোন কল, WhatsApp, SMS, সোশ্যাল মিডিয়া অথবা ই-মেলের মাধ্যমে সদস্যদের কাছে ব্যক্তিগত তথ্য, OTP বা লগইন সংক্রান্ত তথ্য চায় না।

তাই কেউ যদি নিজেকে EPFO আধিকারিক বলে পরিচয় দিয়ে আপনার কাছে OTP, UAN-এর পাসওয়ার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা অন্য কোনও গোপন তথ্য চায়, তা হলে সতর্ক হয়ে যান। কোনও তথ্যই শেয়ার করবেন না।

বিশেষ করে OTP কখনও কাউকে দেওয়া উচিত নয়। কারণ OTP ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট বা পরিষেবায় অনুমোদন নেওয়া সম্ভব। ফলে প্রতারকের হাতে OTP চলে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে।

কোন তথ্য কাউকেই দেবেন না?

PF অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও অপ্রমাণিত ওয়েবসাইট বা ব্যক্তিকে কখনও UAN, PPO, আধার, PAN, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কিংবা OTP দেওয়া উচিত নয়।

একইসঙ্গে ফোনে কেউ যদি বলে, KYC আপডেট করতে টাকা দিতে হবে, অ্যাকাউন্ট চালু রাখতে কোনও নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করতে হবে অথবা PF ক্লেম পেতে OTP জানাতে হবে, তাহলেও সতর্ক থাকুন। আগে বিষয়টি EPFO-র সরকারি মাধ্যম থেকে যাচাই করুন।

শুধু সরকারি ওয়েবসাইটেই করুন PF সংক্রান্ত কাজ

PF সংক্রান্ত কাজ করার সময় সবচেয়ে নিরাপদ উপায় হল সরাসরি EPFO-র সরকারি ওয়েবসাইটে যাওয়া। Google বা অন্য কোনও সার্চ ইঞ্জিনে পাওয়া সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করে নিজে হাতে সরকারি ওয়েবসাইটের ঠিকানা লিখে ঢোকাই ভালো।

EPFO-র সরকারি ওয়েবসাইট ও পোর্টালগুলি হল:

epfindia.gov.in

epfo.gov.in

unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

এই সরকারি পোর্টালগুলির মাধ্যমেই PF অ্যাকাউন্ট, UAN, ক্লেম এবং অন্যান্য পরিষেবা ব্যবহার করুন।

সন্দেহজনক কিছু দেখলেই সতর্ক হন

মনে রাখবেন, PF অ্যাকাউন্টে বছরের পর বছর ধরে জমে আপনার ভবিষ্যতের সঞ্চয়। তাই কোনও ফোন কল, SMS বা ই-মেলের চাপে পড়ে কখনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না।

কোনও সন্দেহজনক লিঙ্ক পেলে ক্লিক করবেন না। অচেনা ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বা OTP শেয়ার করবেন না। URL-এ সামান্য পরিবর্তন বা বানান ভুল থাকলেও সতর্ক হয়ে যান।

সাইবার প্রতারণা এড়ানোর সবচেয়ে সহজ নিয়ম হল- কেউ যতই জরুরি বলে চাপ দিক, PF সংক্রান্ত কোনও ব্যক্তিগত তথ্য বা OTP কাউকে দেবেন না। প্রয়োজন হলে সরাসরি EPFO-র সরকারি ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করুন। সামান্য সচেতনতাই আপনার PF অ্যাকাউন্টে জমে থাকা কষ্টের টাকা সুরক্ষিত রাখতে বড় ভূমিকা নিতে পারে।
 

POST A COMMENT
Advertisement