CCRUM Recruitment 2026: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে বিভিন্ন যোগ্যতায় বহু চাকরি, আবেদনের শেষ দিন ও যোগ্যতা কী?CCRUM Recruitment 2026: সরকারি স্বাস্থ্য দফতরে স্থায়ী চাকরির অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রক। মন্ত্রকের অধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন বা সিসিআরইউএম মোট ১৭৯টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি মিলিয়ে একাধিক পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন এবং সরকারি নিয়মে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে।
শূন্যপদের বিবরণ
বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ এ বিভাগে রিসার্চ অফিসার ইউনানি পদে ১৬টি ব্যাকলগ শূন্যপদ রয়েছে। এছাড়া রিসার্চ অফিসার প্যাথলজি পদে ২টি এবং রিসার্চ অফিসার ফিজিওলজি পদে ১টি শূন্যপদ রয়েছে।
গ্রুপ বি বিভাগে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোলজি পদে ১টি, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোগনসি বা বোটানি পদে ২টি, স্টাফ নার্স পদে ৭টি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি পদে ২টি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানি পদে ৩টি, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদে ১২টি, ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিকস পদে ৩টি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে ৩টি এবং অ্যাকাউন্টস অফিসার, প্রুফ রিডার ও হিন্দি অ্যাসিস্ট্যান্ট পদে ১টি করে শূন্যপদ রয়েছে।
গ্রুপ সি বিভাগে হিন্দি অ্যাসিস্ট্যান্ট পদে ৬টি, আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি পদে ৩১টি, লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পদে ২৬টি, মাল্টি টাস্কিং স্টাফ পদে ৪৩টি, ফার্মাসিস্ট পদে ৬টি, স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পদে ৭টি, কম্পাউন্ডার পদে ৩টি, সোশ্যাল ওয়ার্কার পদে ২টি, রেডিওগ্রাফার পদে ১টি এবং স্টাফ কার ড্রাইভার পদে ৪টি শূন্যপদ রয়েছে। মাল্টি টাস্কিং স্টাফ পদের মধ্যে মেসেঞ্জার, ওয়ার্ড বয় এবং ল্যাব অ্যাটেনডেন্ট পদও অন্তর্ভুক্ত রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
পদভেদে শিক্ষাগত যোগ্যতা আলাদা রাখা হয়েছে। রিসার্চ অফিসার ইউনানি পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে এমডি অথবা এমএস ডিগ্রি এবং এনসিআইএসএমে নাম নথিভুক্ত থাকতে হবে। স্টাফ নার্স পদের জন্য বিএসসি অনার্স নার্সিং অথবা জিএনএম ডিপ্লোমা এবং এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ইউডিসি পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। এলডিসি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য মাধ্যমিক অথবা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা
বিভিন্ন পদের জন্য বয়সসীমা আলাদা হলেও সাধারণভাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, পিডব্লিউবিডি এবং প্রাক্তন সেনাকর্মীরা বয়সে ছাড় পাবেন।
বেতনক্রম
সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী গ্রুপ এ পদের বেতন হবে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত। গ্রুপ বি পদের বেতন ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। গ্রুপ সি পদের ক্ষেত্রে মাল্টি টাস্কিং স্টাফের বেতন ১৮ হাজার টাকা থেকে শুরু হয়ে পদ অনুযায়ী সর্বোচ্চ ৯২ হাজার ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হলে সিসিআরইউএমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য, ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র পূরণ করতে হবে। নির্ধারিত ফি অনলাইনে জমা দিয়ে আবেদনপত্র জমা করার পর একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখতে হবে।
পরীক্ষার ফি
মহিলা, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, পিডব্লিউবিডি এবং প্রাক্তন সেনাকর্মীদের পরীক্ষার ফি লাগবে না। তাঁদের শুধু ৫০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে। সাধারণ এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে গ্রুপ এ পদের জন্য মোট ২০০০ টাকা, গ্রুপ বি পদের জন্য ১৫০০ টাকা এবং গ্রুপ সি পদের জন্য ১৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। গ্রুপ এ পদের ক্ষেত্রে ৭০ নম্বরের অনলাইন পরীক্ষা এবং ৩০ নম্বরের ইন্টারভিউ হবে। গ্রুপ বি এবং গ্রুপ সি পদের ক্ষেত্রে ১০০ নম্বরের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। স্টেনোগ্রাফার, এলডিসি এবং ড্রাইভার পদের জন্য অতিরিক্ত স্কিল টেস্ট, টাইপিং টেস্ট অথবা ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষাগুলি শুধুমাত্র যোগ্যতা নির্ধারণের জন্য। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। তবে মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে কোনও নেগেটিভ মার্কিং থাকবে না।
অনলাইন আবেদন এবং ফি জমা শুরু হয়েছে ১ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে ৩ আগস্ট থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।