কোল ইন্ডিয়ায় ৬৬০ শূন্যপদে নিয়োগ, মাসে বেতন ১.৮০ লক্ষ টাকা পর্যন্তরাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেডে (Coal India Limited) চাকরির সুযোগ। একসঙ্গে ৬৬০টি শূন্যপদে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিলেকশন হলে আকর্ষণীয় বেতন। মাসিক ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত স্যালারি।
দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড। সংস্থার বিভিন্ন ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। ফলে চাকরির খোঁজে আছেন এমন যুবক-যুবতীদের জন্য এটি ভাল সুযোগ।
কোন কোন বিভাগে নিয়োগ?
সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং সিস্টেম ইঞ্জিনিয়ারিং শাখার স্নাতকেরা আবেদন করতে পারবেন। এছাড়াও হিন্দি এবং জিওলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও ম্যানেজমেন্ট ট্রেনি পদে আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনকারীদের স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগের আবেদনকারীদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE) পাশ হওয়া বাধ্যতামূলক।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ অনূর্ধ্ব ৩০ বছর বয়সি যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
কীভাবে সিলেকশন?
কোল ইন্ডিয়া জানিয়েছে, কম্পিউটার বেসড টেস্ট (CBT) নেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের সিলেক্ট করা হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্ত ও নিয়মাবলি বিস্তারিত ভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কত বেতন?
নির্বাচিত প্রার্থীদের ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে। চাকরিতে যোগ দেওয়ার পর মাসিক বেতন ৬০ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ফলে স্যালারির নিরিখেও এই চাকরি যথেষ্ট আকর্ষণীয়।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুন। আবেদন করার সময় প্রার্থীদের নাম নথিভুক্ত করার পাশাপাশি আবেদন ফি বাবদ ১,১৮০ টাকা জমা দিতে হবে।