শনিবার একাধিক পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করা যায়নি। CBSE-র উত্তরপত্র দেখা নিয়ে বিতর্ক। NEET এর প্রশ্নফাঁসের অভিযোগ। আর এবার CUET UG 2026 পরীক্ষাতেও গণ্ডগোল। প্রযুক্তিগত সমস্যার জেরে বিপাকে পড়লেন বহু পরীক্ষার্থী। শনিবার একাধিক পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করা যায়নি। পরিস্থিতি সামাল দিতে পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীরাই মূলত সমস্যায় পড়েন। নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অনেককে। পরে NTA জানায়, পরিষেবা প্রদানকারী সংস্থার(TCS) গলদেই পুরোটা হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণেই এই পরিস্থিতিষ।
দ্বিতীয় শিফটের সময় বদল
NTA-র প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী, দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীদের দুপুর ২:৩০টা থেকে রিপোর্টিং করতে বলা হয়েছে। তবে পরীক্ষা শুরু হবে বিকেল ৪টায়। আগে এই শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়।
প্রথম শিফটের পরীক্ষার্থীদের ক্ষেত্রেও আলাদা করে ঘোষণা করেছে সংস্থা। NTA জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে যে সময় নষ্ট হয়েছে, তার 'ক্ষতিপূরণ' দেওয়া হবে। অর্থাৎ, বাড়তি সময় পাবেন তাঁরা।
অতিরিক্ত সময়
সংস্থার দাবি, সকল পরীক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। পরীক্ষার সময় নষ্ট হওয়ায় কেউ যাতে অসুবিধার মুখে না পড়েন, সে দিকটি মাথায় রেখেই অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে।
একই সঙ্গে পরীক্ষার্থী এবং অভিভাবকদের কাছে অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে NTA। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থা।
TCS-এর প্রযুক্তিগত সমস্যার অভিযোগ
এক্স (টুইটার)-এ এ বিষয়ে একটি বিবৃতি দেয় NTA। তাতে জানায়, পরিষেবা প্রদানকারী সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS)-এর প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা দেখা দেয়। যদিও পরে দ্রুত সেই সমস্যার সুরাহা করা হয়েছে বলে দাবি।
হেল্পলাইন
পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যা বা প্রশ্ন থাকলে কী করবেন? NTA-র হেল্পলাইন নম্বর +91-11-40759000-এ যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি ইমেলের মাধ্যমেও সাহায্য পাওয়া যাবে। CUET UG-এর অফিসিয়াল পোর্টালে অবশ্যই নজর রাখুন।