প্রচুর ফ্রেসার নেবে ইনফোসিসএখন এআই-এর যুগ। এই সময় অধিকাংশ ক্ষেত্রেই আইটি কোম্পানি থেকে ছাঁটাইয়ের খবর সামনে আসে। তবে এই নেগেটিভ ট্রেন্ডের মধ্যেই এবার ভাল খবর দিল ভারতের আইটি জায়েন্ট ইনফোসিস। তারা জানিয়ে দিয়েছে,
চলতি বছরের শেষের দিকে কর্মীদের বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) প্রক্রিয়া শুরু হবে। তিন ধাপে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। বৃহস্পতিবার সংস্থার সিইও সলিল পারেখ এই ঘোষণা করেছেন। পাশাপাশি সংস্থা যে এবার প্রচুর সংখ্যায় ফ্রেসার নিতে চলেছে, সেটাও ঘোষণা করলেন তিনি।
চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারের ফলাফল ঘোষণার পরই ইনক্রিমেন্ট নিয়ে মুখ খোলে ইনফোসিস। সাংবাদিক বৈঠকে সলিল পারেখ জানান, বেশিরভাগ কর্মী অক্টোবর মাসে বর্ধিত হারে বেতন হাতে পাবেন। কিন্তু সিনিয়র কর্মীরা এখনই ইনক্রিমেন্ট পাবেন না। তাঁদের আগামী বছরের জানুয়ারি মাসে মাইনে বাড়বে।
তিন ধাপে হবে বেতন বৃদ্ধি
ইনফোসিস জানিয়েছে, তিন ধাপে এবার বেতন বৃদ্ধি হবে। অক্টোবর থেকে শুরু হবে এই প্রক্রিয়া। জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে ইনক্রিমেন্ট দেওয়া হবে। তবে কত শতাংশ হারে বেতন বাড়বে, তা নিয়ে কিছুই জানানো হয়নি।
২০ হাজার নতুন কর্মী নিয়োগ করবে ইনফোসিস
এআই-এর যুগে আইটি ফ্রেসারদের চাকরি পেতে জটিলতার মুখে পড়তে হবে বলে এতদিন দাবি করে এসেছেন বিশেষজ্ঞরা। তবে ইনফোসিস যা বলেছে, সেটা যদি সত্যি হয়, তাহলে পরিস্থিতি এতটাও খারাপ বলে ধরে নেওয়া যায় না।
সংস্থার তরফে জানান হয়েছে, তারা এবছরও ক্যাম্পাস রিক্রুটমেন্ট চালিয়ে যাবে। এই ফিনান্সিয়াল ইয়ারেই ২০ হাজার ফ্রেসার নিয়োগ করা হতে পারে।
সংস্থা আরও জানিয়েছে, এপ্রিল থেকে জুন, এই তিন মাসে ইতিমধ্যেই ৪ হাজারেরও বেশি নতুন কর্মী নিয়োগ করা হয়েছে। আর এই সংখ্যাটা নেহাত ছোট নয়।
কর্মী ছাড়ার হার সামান্য বেড়েছে
তবে এসবের মাঝে খারাপ খবরও দিয়েছে ইনফোসিস। গত এক বছরে ইনফোসিসের কর্মী ছাড়ার হার বেড়ে ১৩ শতাংশ হয়েছে। আগের কোয়ার্টারে এই হার ছিল ১২.৬ শতাংশ।
৩০ জুন পর্যন্ত ইনফোসিসের মোট কর্মীসংখ্যা ছিল ৩,২৮,০৬২ জন। মার্চ মাসের শেষে এই সংখ্যা ছিল ৩,২৮,৫৯৪। অর্থাৎ কর্মীসংখ্যা সামান্য কমেছে।
এআই থেকে বাড়ছে আয়
ইনফোসিস জানিয়েছে, এআই ভিত্তিক নানা পরিষেবা থেকে আয় বেড়েছে। চলতি কোয়ার্টারে মোট আয়ের ৮.২ শতাংশ এসেছে এআই পরিষেবা থেকে। ডিসেম্বর কোয়ার্টারে এই হার ছিল ৫.৫ শতাংশ।