রেলে চাকরির সুযোগ। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? সেক্ষেত্রে রইল বড় খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) মাধ্যমে গ্রুপ ডি পদে প্রায় ৩০ হাজার কর্মী নিয়োগ হতে পারে। দীপাবলির আগেই নোটিফিকেশন বের হতে পারে বলে জানা গিয়েছে। তবে ঠিক কতগুলি পদে কর্মী নেওয়া হবে, তা এখনও ফাইনাল হয়নি। তবে এবার বেশ ভালই ভ্যাকেন্সি আছে বলে মনে করা হচ্ছে। কেন?
সূত্রের খবর, রেলের বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের জন্য শূন্যপদের হিসেব চাওয়া হয়েছে। বিভিন্ন রেল জোন এবং উৎপাদনকারী সংস্থাকে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে। সেই তথ্য খতিয়ে দেখার পরেই মোট শূন্যপদের সংখ্যা নির্ধারণ করা হবে। ফলে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত নিয়োগের সংখ্যা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
কবে থেকে আবেদন করা যাবে?
নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। রেলের নিয়োগ ক্যালেন্ডার মেনে দ্রুত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। ট্র্যাক মেনটেনার, পয়েন্টসম্যান-সহ একাধিক পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে কোন পদে কত জন কর্মী নেওয়া হবে, তা বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের পরেই জানা যাবে।
কবে হতে পারে পরীক্ষা?
চাকরিপ্রার্থীদের নজর রয়েছে পরীক্ষার দিনক্ষণেও। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার প্রথম পর্যায় আয়োজন করা হতে পারে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আবেদন শুরুর দিন, পরীক্ষার সূচি এবং নিয়োগের অন্যান্য নিয়ম জানতে প্রার্থীদের চূড়ান্ত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।
আবেদনের আগে কী কী প্রস্তুতি নেবেন?
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে শিক্ষাগত যোগ্যতা, বয়সের ঊর্ধ্বসীমা, আবেদনমূল্য এবং আবেদনের শেষ তারিখ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে যাঁরা পরীক্ষা দেন তাঁরা এগুলি মোটামুটি সবই জানেন। তাই আপাতত প্র্যাকটিস, মক টেস্টে মনপ্রাণ ঢেলে দিন।
পাশাপাশি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সরকারি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন। যেকোনও দিন নোটিফিকেশন বের হতে পারে।