সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।RRB Technician Recruitment 2026: আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? সেক্ষেত্রে রেলে চাকরির সুবর্ণ সুযোগ। ভারতীয় রেলের (Indian Railways) তরফে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি (RRB)-র নোটিফিকেশন অনুযায়ী, রেলের বিভিন্ন জোনে টেকনিশিয়ান পদে ছ’হাজারেরও বেশি কর্মী নিয়োগ করা হবে। সবচেয়ে বড় বিষয়টি হল, এ বার খোদ পশ্চিমবঙ্গেই অর্থাৎ কলকাতা, মালদহ এবং শিলিগুড়ি জোনে ভালো সংখ্যায় শূন্যপদ রয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
শূন্যপদ
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত দু’টি বিভাগে নিয়োগ করা হবে। টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল (Technician Grade-I Signal) এবং টেকনিশিয়ান গ্রেড-৩ (Technician Grade-III)। সারা দেশ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৬,৫৫৭টি।
অনেকসময় দেখা যায় রেলের পরীক্ষা থাকলেও বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হয়। তবে এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলওয়ে জোনেই শূন্যপদ রাখা হয়েছে।
কলকাতা জোন: ২২৪টি শূন্যপদ
শিলিগুড়ি জোন: ৯৪টি শূন্যপদ
মালদা জোন: ৭৬টি শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
উল্লিখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যিক:
১) স্নাতক: টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল পদের জন্য আবেদনকারীকে পদার্থবিদ্যা (Physics), তথ্যপ্রযুক্তি (IT), ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে স্নাতক (B.Sc/B.Tech) হতে হবে।
২) আইটিআই ও ডিপ্লোমা: টেকনিশিয়ান গ্রেড-৩ পদের ক্ষেত্রে মাধ্যমিক বা দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর নির্দিষ্ট ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI) থেকে শংসাপত্র থাকা বাধ্যতামূলক। এ ছাড়া ইঞ্জিনিয়ারিং শাখার ডিপ্লোমাধারীরাও এই পদের জন্য আবেদন করার যোগ্য।
বয়সের ঊর্ধ্বসীমা:
টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।
টেকনিশিয়ান গ্রেড-৩: এই পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর ধার্য করা হয়েছে।
(তবে নিয়ম অনুযায়ী রিজার্ভেশন থাকলে, অর্থাৎ এসসি, এসটি ও ওবিসি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।)
বেতন কাঠামো ও সিলেকশন প্রসেস
রেলে চাকরি পাওয়ার পর আকর্ষনীয় বেতন পাবেন। পদ অনুযায়ী প্রতি মাসে মূল বেতন ১৯,৯০০ টাকা থেকে শুরু করে ২৯,২০০ টাকা পর্যন্ত হতে পারে। এর সাথে কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সমস্ত সুযোগ-সুবিধা ও ভাতা মিলবে। সব মিলিয়ে তা প্রায় দ্বিগুণ ইন-হ্যান্ড হতে পারে।
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায়। প্রথমে দিতে হবে অনলাইন কম্পিউটার বেস্ড টেস্ট (CBT)। এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের নথিপত্র যাচাই (Document Verification) এবং সবশেষে চূড়ান্ত মেডিক্যাল টেস্টের (Medical Examination) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আবেদন ফি এবং গুরুত্বপূর্ণ তারিখ
আগ্রহী প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন করতে হবে।
আবেদন মূল্য: সাধারণ বা অসংরক্ষিত (General/OBC) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। সংরক্ষিত শ্রেণি (SC/ST/PwD/মহিলা) ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ দিন: আগামী ২৯ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ আবেদনপত্র অনলাইন পোর্টালে জমা করতে হবে।
ফি জমা দেওয়ার শেষ দিন: আবেদন মূল্য বা ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই।