বিচারক হওয়ার মিনিমাম এক্সপিরিয়েন্সের নিয়মে বড় বদল।বিচারক হওয়ার 'মিনিমাম এক্সপিরিয়েন্স' কমাল সুপ্রিম কোর্ট। এতদিন বিচারক হওয়ার জন্য আইনজীবী হিসেবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হত। তবে এখন থেকে মাত্র এক বছরের অভিজ্ঞতা হলেই হবে। আপাতত আগামী ২০২৭ সাল পর্যন্তই এই নিয়মই চলবে।
দেশজুড়ে আইনের স্নাতক এবং তরুণ আইনজীবীদের জন্য় এটি নিঃসন্দেহে বেশ ভাল খবর। শুক্রবার, সুপ্রিম কোর্ট তার মে ২০২৫-এর সিদ্ধান্তের সংশোধন করে। দেওয়ানি জজ (জুনিয়র ডিভিশন) প্রবেশিকা স্তরের বিচার বিভাগীয় পরীক্ষায় বসার জন্য আগে ৩ বছরের এক্সপিরিয়েন্স লাগত। এখন সেটা কমিয়ে এক বছর করা হয়েছে।
প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি এ. জি. মসিহ এবং বিচারপতি কে. বিনোদ চন্দ্রনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ ২:১ সংখ্যাগরিষ্ঠতায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে এই ঐতিহাসিক রায় দিয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবীদের স্বার্থের কথা মাথায় রেখে একটি বড় অন্তর্বর্তীকালীন ব্যবস্থাও গ্রহণ করেছে।
৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত স্বস্তি: আইনজীবীরা কোনও পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ২৫ মে, ২০২৫ থেকে ৩১ মার্চ, ২০২৭-এর মধ্যে নোটিফিকেশন বেরিয়েছে, এমন সকল বিচার বিভাগীয় পরীক্ষায় বসতে পারবেন।
১ বছর প্রশিক্ষণ + ১ বছর ক্লার্কশিপ: তবে পরীক্ষা ক্র্যাক করলেই বিচারক হবেন না। এক্সপিরিয়েন্স নেই এমন ক্যান্ডিডেটদের প্রথমে জুডিশিয়াল একাডেমিতে 'ট্রেনি জুডিশিয়াল অফিসার' হিসেবে ১ বছরের প্রশিক্ষণ নিতে হবে। ১ বছরের স্ট্রাকচারাল ক্লার্কশিপ কমপ্লিট করতে হবে।
১ এপ্রিল, ২০২৭ থেকে নতুন নিয়ম লাগু হবে: ১ এপ্রিল, ২০২৭-এর পরে নিয়োগের ক্ষেত্রে মিনিমাম ১ বছরের ল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে।
আদালত পর্যবেক্ষণ, কোনও সংশোধন বা সময়সীমা ছাড়াই হঠাৎ করে তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে ক্রাইটেরিয়া, তাতে তরুণ আইনজীবী ও আইন স্নাতকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই সীমিত সময়ের জন্য় এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ মে সুপ্রিম কোর্ট নতুন আইনে স্নাতকদের জন্য মিনিমাম তিন বছর ল প্র্যাকটিসের নিয়ম বাধ্যতামূল করেছিল। সেটা থাকলে তবেই বিচারক হওয়ার যে বিভিন্ন পরীক্ষা, তাতে বসা যেত।
আইনের হাতে কলমে অভিজ্ঞতা অপরিহার্য, কিন্তু নিয়মকানুনও বাস্তবসম্মত হওয়া উচিত: প্রধান বিচারপতি
সংখ্যাগরিষ্ঠ রায় প্রদানকালে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, বেঞ্চ তার পূর্ববর্তী সিদ্ধান্তের অন্তর্নিহিত যুক্তিতে কোনো ত্রুটি খুঁজে পায়নি। এটা তো স্বাভাবিকই যে বিচার বিভাগে যোগদানের আগে আইনের পেশায় প্র্যাকটিকাল এক্সপিরিয়েন্স থাকা উচিত। তবে, বেঞ্চের মতে, এই অভিজ্ঞতার শর্তটি যুক্তিসঙ্গত হওয়া প্রয়োজন। এটি যেন তরুণদের জন্য বাধা হয়ে না দাঁড়ায়।