IT সেক্টরে ছাঁটাইয়ের হিড়িক।Tech Layoffs 2026: একদিকে AI-তে ঢালাও বিনিয়োগ। অন্যদিকে ক্রমেই কর্মী কমানোর চেষ্টা। মাত্র এক মাসেই Meta, Oracle এবং Microsoft মিলিয়ে প্রায় ৪৬,৭৫০ কর্মী কাজ হারিয়েছেন। উল্লেখ্য, এই সব সংস্থাই আবার AI-তে বিপুল বিনিয়োগ করছে। ফলে প্রশ্ন উঠছে, IT সেক্টরে চাকরির ভবিষ্যৎ কি বদলে যাচ্ছে?
গত এক মাসে টেক দুনিয়ার পরিস্থিতি কার্যত উদ্বেগজনক। যে IT-র চাকরি এতদিন মধ্যবিত্তদের জীবন স্বচ্ছল করে তুলেছে, এখন সেটাই অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। একদিকে সংস্থাগুলি বলছে ইনোভেশন বাড়ছে। অন্যদিকে, হাজার হাজার কর্মী হঠাৎ চাকরি হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়ছেন। বিশেষজ্ঞদের মতে, AI-র দ্রুত বিস্তারই এই পরিবর্তনের বড় কারণ।
সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে Meta। সংস্থাটি প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। মোট কর্মীর প্রায় ১০ শতাংশ। শুধু তাই নয়, আগের পরিকল্পনা থাকা সত্ত্বেও হাজার হাজার নতুন নিয়োগও বন্ধ করে দিয়েছে তারা। এ বছর AI-তে প্রায় ১৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে সংস্থা। সংস্থার প্রধান Mark Zuckerberg আগেই ইঙ্গিত দিয়েছিলেন, AI ভবিষ্যতে অনেক কাজ কম লোক দিয়ে করা সম্ভব করে দেবে।
অন্যদিকে Oracle-এ পরিস্থিতি আরও বিতর্কিত। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩০,০০০ কর্মী চাকরি হারিয়েছেন। অনেক কর্মী অভিযোগ করেছেন, হঠাৎ সকালে ইমেল পাঠিয়ে ছাঁটাইয়ের খবর দেওয়া হয়েছে। দীর্ঘদিনের কর্মী নিনা লুইস জানিয়েছেন, ৩৪ বছরের কাজের পর হঠাৎ এই সিদ্ধান্ত তাঁকে স্তম্ভিত করেছে। অনেকেই দাবি করেছেন, পারফরম্যান্স নয়, বরং অ্যালগরিদমের ভিত্তিতে ছাঁটাই করা হয়েছে।
Microsoft সরাসরি ছাঁটাই না করে প্রায় ৭ শতাংশ কর্মীকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রায় ৮,৭৫০ কর্মী এই সুযোগ পেতে পারেন। সংস্থার দাবি, কর্মীদের নিজের শর্তে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়াই এই পরিকল্পনার লক্ষ্য। একই সঙ্গে AI ও ক্লাউড অবকাঠামোয় বিনিয়োগ বাড়াচ্ছে তারা।
বিশেষজ্ঞরা বলছেন, এই তিন সংস্থার ঘটনাই এক নতুন ট্রেন্ডের ইঙ্গিত। AI যত বাড়ছে, ততই কম লোক দিয়ে বেশি কাজ করার চেষ্টা করছে কোম্পানিগুলি। ফলে ভবিষ্যতে চাকরির বাজারে বড় পরিবর্তন আসতে পারে।
সব মিলিয়ে, একদিকে প্রযুক্তির উন্নতি, অন্যদিকে চাকরির অনিশ্চয়তা; এই দুইয়ের মাঝেই দাঁড়িয়ে টেক দুনিয়া।