‘মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশন’ আয়োজিত হতে চলেছে।WBPSC recruitment 2026: ভোটের মুখে বড় নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। বিভিন্ন দফতরে একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ‘মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশন’ হতে চলেছে। ইতিমধ্যেই এই পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে থাকবে প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে অবজেক্টিভ ধরনের প্রশ্ন থাকবে। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য আয়োজন করা হবে মূল লিখিত পরীক্ষা। এই ধাপে পরীক্ষার্থীদের ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। সবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। উল্লেখযোগ্য বিষয় হল, লিখিত পরীক্ষাগুলি বাংলা বা ইংরেজি; যে কোনও একটি ভাষায় দেওয়া যাবে।
পরীক্ষা কেন্দ্রের দিক থেকেও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। রাজ্যের বিভিন্ন শহরে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। তবে মূল পরীক্ষা দিতে হলে কলকাতায় আসতে হবে। একইভাবে, ইন্টারভিউয়ের জন্যও প্রার্থীদের কলকাতার পাবলিক সার্ভিস কমিশনের দফতরে উপস্থিত থাকতে হবে। মোট ৩৬টি কেন্দ্রে এই পরীক্ষা আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।
এই পরীক্ষার মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। যেমন; অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইয়ুথ অফিসার, ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, অডিটর, লেডি এক্সটেনশন অফিসার-সহ আরও নানা পদ। যদিও এখনও পর্যন্ত মোট শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়নি।
যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেই এই পরীক্ষায় বসা যাবে। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩৯ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সসীমায় ছাড় পাবেন। পাশাপাশি বাংলা ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক। দার্জিলিং ও কালিম্পং জেলার ক্ষেত্রে নেপালি ভাষা জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন কাঠামো
সিলেকশন হলে মাসে ২৮,৯০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। পাবেন বাড়িভাড়া ও অন্যান্য ভাতাও।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। আগ্রহীদের কমিশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি ১৬০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি দিতে হবে না। আবেদন শুরু হবে ৩০ এপ্রিল থেকে। চলবে ২০ মে পর্যন্ত।