উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডউচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ভুল। প্রচুর স্কুলের ছাত্রছাত্রীদের রোল নম্বরের সঙ্গে একটা বাড়তি দশমিক বা শূন্য এসেছে বলে খবর। আর সেই ভুলে ভরা অ্যাডমিট কার্ডই বিলি হয়ে গিয়েছিল স্কুলের তরফ থেকে। সেগুলি নিয়েই বাড়ি চলে গিয়েছিলেন পড়ুয়ারা। যার ফলে আপাতত বিপাকে অসংখ্য ছাত্রছাত্রী।
সূত্রের খবর, ২৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্কুলগুলি পেয়ে গিয়েছিল। অনলাইনে ওয়েবসাটইের মাধ্যমেই অ্যাডমিট কার্ড পেয়ে যায় রাজ্য বোর্ডের সব স্কুল। তারপর সেগুলি প্রিন্ট করা হয়। দিয়ে দেওয়া হয় পড়ুয়াদের হাতে। তবে তাতেই ছিল ভুল। কিছু স্কুলের পড়ুয়াদের হাতে ভুলে ভরা অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হয়।
আর সেই বিষয়টা বুঝে ওঠার পরই সংসদে খবর যায়। তাঁরা আবার নিজের মতো করে এই ভুল সংশোধনের কাজে লেগে পড়ে। তারপর ৮ ফেব্রুয়ারি জানান হয় যে সব সফট কপির ভুল সংশোধন করা হয়ে গিয়েছে। তারপরও অ্যাডমিট কার্ড নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে পড়ুয়া এবং অভিভাবকদের মনে।
তাঁদের প্রশ্ন হল, অ্যাডমিট কার্ডে ভুল থাকলে এখন কী করতে হবে? নতুন অ্যাডমিট কার্ড মিলবে কী করে? এই পরিস্থিতিতে সংসদের পক্ষ থেকে জানান হয় যে অ্যাডমিট কার্ড আবার স্কুলে পাঠানো হয়ে হয়েছে। স্কুলেরই দায়িত্ব নতুন অ্যাডমিট কার্ড প্রিন্ট করে দিয়ে দেওয়ার।
তাই অ্যাডমিট কার্ডে ভুল থাকলে টেনশন করা চলবে না। বরং দ্রুত স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে প্রধান শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে দেখা করে কথা বলতে হবে। তাঁদের কাছে পুরনো কার্ডটি জমা করে দিতে হবে। তার বদলে নিতে হবে নতুন কার্ড। তাহলেই সমস্যা শেষ। পরীক্ষা দেওয়ার সময় কোনও সমস্যা থাকবে না।
সব মহলেই ক্ষোভ রয়েছে
সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর সেই পরীক্ষার অ্যাডমিট কার্ডে এত বড় ভুল থাকাটা কোনও কাজের কথা নয়। যার ফলে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, এতে পরীক্ষার আগেই মনে ভয় ঢুকে যাচ্ছে। পাশাপাশি নতুন অ্যাডমিট আনার জন্য যেতে হবে স্কুলেও। তাতে সময়ও নষ্ট হবে।
ঠিক একই মত একাধিক স্কুল শিক্ষক সংগঠনের। তাদের পক্ষ দাবি করা হয়েছে যে সংসদের ভুলে শিক্ষকদের খাটনি বেড়েছে। এমনকী বারবার অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে গিয়ে বাড়তি টাকাও খরচ হচ্ছে। পরীক্ষার্থীদেরও আসতে হচ্ছে স্কুল। যার ফলে তাদের পড়াশোনার ক্ষতি হতে পারে।
যদিও এই বিষয়টা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি সংসদ। তাদের পক্ষ থেকে ভুল সংশোধন করার বার্তাই শুধু দেওয়া হয়েছে।