SIR : আরও ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR এপ্রিলেই, প্রস্তুতির নির্দেশ কমিশনের

চিঠিতে আরও উল্লেখ, গত বছরের জুন মাসে সারা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকাকে আরও নির্ভুল করা হল কমিশনের লক্ষ্য।

Advertisement
আরও ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR এপ্রিলেই, প্রস্তুতির নির্দেশ কমিশনের এপ্রিল মাসে ফের SIR
হাইলাইটস
  • দেশের ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার কার্ডের বিশেষ নিবিড় সংশোধন হবে
  • জানাল নির্বাচন কমিশন

পরবর্তী পর্যায়ে দেশের ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার কার্ডের বিশেষ নিবিড় সংশোধন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া চলবে, জানাল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই মর্মে সংশ্লিষ্ট রাজ্যগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে, এপ্রিল মাস থেকে SIR প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হবে। নির্ধারিত সময়ের আগেই সমস্ত প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

যে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR হবে সেগুলির মধ্যে রয়েছে আন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্নাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, ওড়িশা, পঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা ও উত্তরাখণ্ড।

চিঠিতে আরও উল্লেখ, গত বছরের জুন মাসে সারা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকাকে আরও নির্ভুল করা হল কমিশনের লক্ষ্য। বিহারে ইতিমধ্যেই SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এছাড়া বর্তমানে নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ চলছে।

অন্যদিকে, অসমে SIR-এর পরিবর্তে 'বিশেষ পুনর্বিবেচনা' সম্পন্ন হয়েছে গত ১০ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতি শেষ হলে পর্যায়ক্রমে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই প্রক্রিয়ার আওতায় আনা হবে। কমিশনের আশা, নির্ধারিত সময় অনুযায়ী এপ্রিল থেকেই সারা দেশে এই গুরুত্বপূর্ণ কার্যক্রম শুরু করা যাবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এখনও SIR প্রক্রিয়া চলছে। SIR-এর কাজে গাফিলতির অভিযোগে সম্প্রতি রাজ্যের ৭ জন এইআরও এবং ৩ জন মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করেছে কমিশন। আবার এই প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। তবে কমিশন জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলায় বিশেষ নিবিড় সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

POST A COMMENT
Advertisement