চেতলায় প্রচারে ফিরহাদ হাকিম।-ফাইল ছবিনিজের কেন্দ্র ছেড়ে ভবানীপুরে মাটি কামড়ে পড়েছেন ফিরহাদ হাকিম। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কেন্দ্রকে ‘পাখির চোখ’ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
রবিবার চেতলার অহীন্দ্র মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীকে ৬০ হাজারের বেশি ভোটে জেতানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়। সূত্রের খবর, সেই লক্ষ্যকেই নিজের ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।
নিজের কেন্দ্র কলকাতা বন্দরের চেয়েও এখন ভবানীপুরে বেশি সময় দিচ্ছেন তিনি। সকাল থেকে অলিগলি চষে বেড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। দলনেত্রীর জয়ের ব্যবধান বাড়াতে তিনি যে কতটা গুরুত্ব দিচ্ছেন, তা তাঁর প্রচারের ধরনেই স্পষ্ট। বুধবারও চেতলা পিতম্বর ঘটক লেন ও তেওয়ারি পাড়ার বাড়ি বাড়ি প্রচার করেন ফিরহাদ। বিলি করেন 'উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে' লেখা লিফলেট।
এ প্রসঙ্গে ফিরহাদ আগেই বলেছেন, 'মুখ্যমন্ত্রীর জয়ই তাঁদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে আমরা সবাই জিতব। বাংলার সম্মান মমতাদির জয়ের ব্যবধানের ওপর নির্ভর করছে।'
ভবানীপুরের মানুষের সমর্থন নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। প্রচারের ফাঁকেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি একটি ধারণা পেয়েছেন বলে দাবি করেন। তাঁর মতে, প্রতি ১০ জন ভোটারের মধ্যে অন্তত ৮ জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন।
তবে এই প্রচারের মাঝেই ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং বিরোধীদের কড়া সমালোচনা করেছেন ফিরহাদ। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (SIR) থেকে বহু নাম বাদ পড়া বা ঝুলে থাকার ঘটনায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি দাবি করেন, বিজেপি-সহ বিরোধীরা ভোটার তালিকা নিয়ে কারচুপির চেষ্টা করছে।