Thalapathy Vijay: তামিলনাড়ুতে এগিয়ে বিজয়।দক্ষিণের রাজনীতিতে নয়া অধ্যায়? তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমকে দিলেন থলপতি বিজয়। ভোটগণনার প্রাথমিক প্রবণতা বলছে, তাঁর দল Tamilaga Vettri Kazhagam (TVK) একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসতে পারে। বহু দশকের DMK-AIADMK দ্বৈরথ ভেঙে কি এবার মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে এগোচ্ছেন বিজয়? সেই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে। সোমবার সকাল থেকে ভোটগণনা শুরু হতেই ছবিটা স্পষ্ট হতে শুরু করে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, TVK এগিয়ে রয়েছে ১০৮টি আসনে। সেখানে ক্ষমতাসীন DMK এগোচ্ছে মাত্র ৫২টি আসনে। অন্য দিকে AIADMK ৭৩টি আসনে লিড নিয়ে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে। ফলে তামিলনাড়ুর রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত মিলছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিশেষ করে শহরাঞ্চলে বিজয়ের দলের সাফল্য নজর কেড়েছে। চেন্নাই অঞ্চলের ৩৭টি আসনের মধ্যে ৩১টিতেই এগিয়ে TVK। পাশাপাশি ৬৫টি শহুরে আসনের মধ্যে ৪৯টিতে লিড নিয়েছে বিজয়ের দল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শহুরে তরুণ ভোটারদের বড় অংশ TVK-র দিকে ঝুঁকেছে। বিজয়ের সিনেমার নায়ক হিসাবে যে 'লার্জার দ্যান লাইফ' ইমেজ রয়েছে, সেটিও কাজ করেছে। আর তার জেরেই বড় ধাক্কা খেয়েছে DMK।
শুধু শহর নয়, দক্ষিণ তামিলনাড়ুতেও এগিয়ে TVK। সেখানে ৫৮টি আসনের মধ্যে ২৭টিতে এগিয়ে তারা। যদিও গ্রামীণ এলাকায় এখনও AIADMK-র প্রভাব যথেষ্ট রয়েছে। ১১৬টি গ্রামীণ আসনের মধ্যে ৪৯টিতে তারা লিড ধরে রেখেছে। তবে সেখানেও ৩৩টি আসনে এগিয়ে গিয়ে চমক দিয়েছে বিজয়ের দল।
এ বারের নির্বাচনে ব্যক্তিগত ভাবেও এগিয়ে রয়েছেন বিজয়। পেরাম্বুর এবং ত্রিচি ইস্ট; দুই কেন্দ্রেই লিড নিয়েছেন তিনি। অন্যদিকে বড় ধাক্কা খেয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তাঁর কেন্দ্র কোলাথুরে TVK প্রার্থীর কাছে পিছিয়ে পড়েছেন তিনি।
শুধু স্টালিন নন, আরও একাধিক হেভিওয়েট নেতাও চাপে পড়েছেন। বিজেপি নেত্রী তথা প্রাক্তন তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন মাইলাপুর কেন্দ্রে পিছিয়ে। বিজেপির তামিলনাড়ু সভাপতি নাইনার নাগেন্দ্রনও সাট্টুর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। AIADMK-র প্রবীণ নেত্রী বি ভালারমতীও থাউজ্যান্ড লাইটস কেন্দ্রে লড়াইয়ে পিছিয়ে পড়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে জনঅসন্তোষ, যুব সমাজের সমর্থন এবং তৃণমূল স্তরে সংগঠন গড়ে তোলার কৌশল; এই তিনের জোরেই TVK এ বার বড় সাফল্যের মুখ দেখছে। অভিনেতা হিসেবে বিপুল জনপ্রিয়তাকে ভোটে রূপান্তর করতে পেরেছেন বিজয়।
ফল ঘোষণার আগেই বিজয়ের বাড়ির বাইরে শুরু হয়েছে উৎসবের আবহ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে পরিবারের উদ্যাপনের ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, পরিবারের সদস্যরা আলিঙ্গন করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশও। ক্রমেই ভিড় বাড়ছে সমর্থকদের।