কেন্দ্রীয় বাহিনীর টহলভোটে কোনও রকম সমস্যা না হয় সে কারণে সপ্তম দফাতেও নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভোাট রয়েছে। নিরাপত্তা আঁটসাঁট করা হচ্ছে। আগের মতো এই দফাতেও প্রতি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, সপ্তম দফাতে রাজ্যে মোট ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। তবে নিরাপত্তার পাশাপাশি এই দফাতেও কঠোর করোনা বিধি পালনের কথা বলেছে কমিশন।
আগামী ২৬ এপ্রিল, সোমবার সপ্তম দফায় ৫ জেলার মোট ৩৪ আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে উত্তরবঙ্গে ১২টি আসনে ভোট রয়েছে। দক্ষিণ দিনাজপুরের ৬, মালদহের ৬ টি আসনে ভোাট হবে। এই দফায় মোট ভোটার রয়েছেন ৮৬ লক্ষ ৭৮ হাজার ২২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ লক্ষ ৪৪ হাজার ৬৩৪ এবং মহিলা ভোটার ৪২ লক্ষ ৩৩ হাজার ৩৫৮ জন রয়েছেন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২২৯ জন।
এই দফায় ৫ জেলার মোট ১২ হাজার ৬৮টি বুথে ভোটগ্রহণ হবে। অশান্তি এড়াতে এই দফাতেও বিশেষ তৎপর কমিশন। সোমবার ৩৪ আসনে ভোটের জন্য মোট ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছে কমিশন। এর মধ্যে দক্ষিণ দিনাজপুরে ১০৮ এবং মালদহে ১২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। শুধুমাত্র ৬৫৩ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথগুলির ভোট পরিচালনার কাজে। আগের দফাগুলির মতো এই দফায়ও কিছু বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থাও রাখছে কমিশন।
অন্য দিকে, পঞ্চম ও ষষ্ঠ দফার মতো এই দফাতেও কলকাতার কয়েকটি আসনে ৮০ বছরের উর্ধ্বে বয়স্কদের জন্য বিনামূল্যে উবের পরিষেবা থাকলেও উত্তরবঙ্গে তা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।
শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে এক দিকে যেমন নিরাপত্তার কড়াকড়ি রয়েছে, ঠিক তেমনই বর্তমান কোভিড পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে বিশেষ পদক্ষেপ নিচ্ছে কমিশন। কমিশন সূত্রে খবর, ভোট গ্রহণের আগে প্রতিটি বুথ স্যানিটাইজেশন করা হবে। পর্যাপ্ত পরিমাণে হাত শুদ্ধির ব্যবস্থাও থাকবে। এ ছাড়া ভোটের লাইনে যথাযথ দূরত্ব-বিধি মানা হবে এবং প্রত্যেক ভোটার যাতে মাস্ক পরে তা-ও নিশ্চিত করা হবে।