Dinhata Election Result 2026: উদয়ন গুহ পিছিয়ে পড়তেই তৃণমূল-বিজেপি বচসায় দিনহাটায় রণক্ষেত্র, সামাল দিতে বাহিনীর লাঠিচার্জDinhata Election Result 2026: দিনহাটা মানেই উত্তেজনা, আর ভোটের ফল প্রকাশের দিনে তা যে দ্বিগুণ হবে, সেটাই যেন দস্তুর। সোমবার সকালে দিনহাটা কলেজের গণনাকেন্দ্রের বাইরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। সিতাই ও দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা যখন পুরোদমে চলছে, ঠিক তখনই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, উত্তেজিত জনতাকে হঠাতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে হয়। শুরু হয় ব্যাপক লাঠিচার্জ।
গণনাকেন্দ্রের ভেতর থেকে আসা খবর অনুযায়ী, দিনহাটা কেন্দ্রে তৃণমূলের দাপুটে নেতা তথা বিদায়ী মন্ত্রী উদয়ন গুহ বেশ কয়েক হাজার ভোটে পিছিয়ে পড়েছেন। যত সময় গড়াচ্ছে, ব্যবধান তত বাড়ছে। আর এই খবর বাইরে চাউর হতেই মেজাজ হারান ঘাসফুল শিবিরের কর্মীরা। অন্যদিকে, জয়ের গন্ধ পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন বিজেপি সমর্থকরা। গেরুয়া শিবিরের এই জয়োল্লাস সহ্য করতে না পেরেই তেড়ে যান তৃণমূল কর্মীরা।
শুরুটা হয়েছিল নিছকই স্লোগান পাল্টা স্লোগান দিয়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। দুই পক্ষের এই সংঘাত রুখতে প্রথমে স্থানীয় পুলিশ চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শেষমেশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসরে নেমে লাঠিচার্জ শুরু করলে ছত্রভঙ্গ হয়ে যায় দুই দলের কর্মীরা।
দুপুর গড়ালেও উত্তেজনা বিন্দুমাত্র কমেনি। দিনহাটা কলেজের সামনে এখন মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি বজায় রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে। তবে মন্ত্রীর পিছিয়ে পড়া এবং বাহিনীর লাঠিচার্জ নিয়ে কোচবিহারের রাজনীতিতে এখন তোলপাড় অবস্থা।