শমীক ভট্টাচার্য রাজ্যে কোনও হিংসা বরদাস্ত করা হবে না। যদি কোনও বিজেপি কর্মী হিংসা চালান তাহলে তাঁকে দল থেকে বরখাস্ত করা হবে। কড়া বার্তা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যর।
সোমবার ভোটের ফলাফল সামনে আসার পর থেকে জায়গায় জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। তাতে বিজেপি কর্মীদের নামও জড়িয়েছে। তবে শমীকের সাফ বার্তা, কোনও হিংসায় আমল দেওয়া চলবে না। হিংসামুক্ত বাংলা গড়ে তোলা তাঁদের লক্ষ্য।
এদিন শমীক বলেন, 'পরিষ্কার করে বলে দিচ্ছি বিজেপির পতাকা নিয়ে কোনও হিংসা করা চলবে না। কোনও হিংসা বরদাস্ত করা হবে না। কোনও তৃণমূলের পার্টি অফিসে যদি ভাঙচুর চলে, মুখ্যমন্ত্রী বা তার পরিবারের সদস্যদের যদি কদর্য ভাষায় আক্রমণ করা হয় তাহলে আমি তাঁদের দল থেকে বরখাস্ত করব। সেই ক্ষমতা আমার দল আমাকে দিয়েছে।'
প্রশাসনকেও সক্রিয়ও হওয়ার বার্তা দেন তিনি। কেউ তোলাবাজি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে বার্তা দেন। বলেন, 'যদি কেউ অটো-টোটো থেকে টাকা তোলার চেষ্টা করে, কোনও কারখানা থেকে টাকা তোলে তাহলে প্রশাসনকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। তাদের গ্রেফতার করতে হবে। কোনও রাজনৈতিক দলের রং দেখলে চলবে না'
প্রসঙ্গত, এর আগে শমীকও দলীয় কর্মীদের সতর্ক করেছিলেন। বলেছিলেন, 'জয়ের পরে বিজেপি কর্মীরা যেন হিংসার আশ্রয় না নেন। বিভিন্ন জায়গায় মরিয়া হয়ে একটা রাজনৈতিক দল কিছু অবাঞ্ছিত লোকজনকে জড়ো করছে। কিন্তু এ বার সেই সব করে গণনায় গন্ডগোল করা যাবে না।'