
একটি সাপের ভিডিও শেয়ার করে তা আসানসোলের বলে দাবি করা হল
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে একটি বিশালাকৃতির সাপকে রাস্তা পারাপার করতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অজগরের মতো দেখতে একটি বিরাট বড় সাপ অন্ধকারের মধ্যে দিয়ে একটি রাস্তার একদিক থেকে অন্যদিকে যাচ্ছে। জনৈক কোনও পথচারী সেই ভিডিওটি রেকর্ড করেছেন।

বাংলা২৪ নিউজ নামের একটি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার কর হয়েছে। ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, "আসানসোল বানপুর ISSCO রোডে দেখা গেল বৃহৎ আকৃতির সাপ।"
ভাইরাল হওয়া ভিডিওটির আর্কাইভ এখানে দেখা যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধানে পেয়েছে যে ভিডিওটির সঙ্গে যে দাবি করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। এই ভিডিওটি আসানসোলের বার্ণপুরের নয়। বরং কর্নাটকের একটি জঙ্গলের। বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই ভিডিওটি মিথ্যা দাবির সঙ্গে ছড়ানো হয়েছে।
আফয়া তদন্ত
বিষয়টির গভীরে গিয়ে এর উৎস খুঁজতে সবার প্রথম আমরা এই সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করি। কিন্তু এমন কোনও নির্ভরযোগ্য সংবাদ প্রতিষ্ঠানের খবর পাওয়া যায়নি যা থেকে এটা বলা যায় যে ভিডিওটি আসানসোলেরই।
ফলে এর সত্যতা বুঝতে চেয়ে ইনভিড টুলের মাধ্যমে আমরা ভিডিওটিকে একাধিক কিফ্রেমে ভাগ করি এবং তার রিভার্স ইমেজ সার্চ করি। তখন গত ৬ মার্চ ২০২২-এ প্রকাশ পাওয়া ইটিভি ভারতের একটি প্রতিবেদন আমরা দেখতে পাই যেখানে হুবহু একই সাপকে একই ভাবে রাস্তা পেরোতে দেখা যায়।
প্রতিবেদনে লেখা হয়, এটি আসলে একটি ১২ ফুট লম্বা পাইথন। সাপটিকে কর্নাটকের উত্তর কানাড়া জেলার হানাকোনা গ্রামের কাছে দেখতে পাওয়া গিয়েছিল। সেখানকার স্থানীয়রাই ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় দেন যা পরে ভাইরাল হয়ে যায়। সেখানে আরও লেখা হয় যে পাইথনটিকে একটি ফরেস্ট এরিয়াতে দেখা গিয়েছিল।

সেই সূত্র ধরে আমরা যখন কিওয়ার্ড সার্চ করি, তখন বিজয় কর্নাটকা নামের একটি পোর্টালেও এই ছবি দেওয়া একটি প্রতিবেদন নজরে পড়ে। সেখানে লেখা হয়, সুশান্ত নন্দ নামক একজন ফরেস্টের আধিকারিক নাকি এই ভিডিওটি শেয়ার করেছিলেন। সেটিকে সূত্র ধরে আমরা সুশান্তর টুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি খুঁজে পাই যা তিনি গত ৫ মার্চ পোস্ট করেছিলেন। যদিও ভিডিওটি কোথাকার সেখানে তা উল্লেখ করা ছিল না।
Wild always have the right of way. Please give them safe passage🙏🙏 pic.twitter.com/WHWdjOBjhU
— Susanta Nanda IFS (@susantananda3) March 5, 2022
তবে সুশান্তর টুইটের তলায় আমরা অন্য এক ব্যবহারকারীর একটি টুইট দেখতে পাই। তিনি ওই সাপটির তোলা একটি টপ শট নিজের টুইটে শেয়ার করেন। তিনি জানান যে এই সাপটিকে নাকি তিনি অন্ধ্র প্রদেশ ও কর্ণাটকের মাঝে কোনও জঙ্গলে দেখেছিলেন।

এ বাদেও দক্ষিণ ভারতের আরেকটি পোর্টালে এই সাপের ভিডিও নিয়ে একটি খবর ছাপা হয়, সেখানেও এটিকে কর্নাটকের ঘটনা বলেই উল্লেখ করা হয়।
সুতরাং, এ কথা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কর্নাটকের জঙ্গলের ১২ ফুট দীর্ঘ পাইথন সাপের ভিডিও বিভ্রান্তিকর দাবির সঙ্গে শেয়ার করা হচ্ছে।

আসানসোল, বার্নপুরের ISSCO রোডে দেখা গেল বৃহৎ আকৃতির সাপ।
ভাইরাল ভিডিওটি কর্নাটকের একটি জঙ্গলে দিনকয়েক আগেই তোলা হয়। ভিডিওতে থাকা সাপটি আসলে একটি ১২ ফুট দীর্ঘ পাইথন।