ফ্যাক্ট চেক: খালেদা জিয়ার মুক্তির দৃশ্য দাবিতে ভাইরাল পাঁচ মাসের পুরনো ভিডিও

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে দাবি করা হচ্ছে সেটি গত ৫ আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির পরের দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: খালেদা জিয়ার মুক্তির দৃশ্য দাবিতে ভাইরাল পাঁচ মাসের পুরনো ভিডিও

২০১৮ সালে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া। সেই সময় তাঁকে ১৭ বছরের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু ২০২০ সাল থেকে অসুস্থতার কারণে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও গৃহবন্দিই ছিলেন খালেদা। তবে হাসিনা সরকারের পতনের পরই গত ৫ আগস্ট তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।

আর এই সার্বিক পরিস্থিতির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খালেদা জিয়ার মুক্তি সংক্রান্ত একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে একটি গাড়ি থেকে নেমে কাউকে জড়িয়ে ধরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁকে ঘিরে রয়েছে বহু সংখ্যক মানুষ। সেটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিয়োটি গত ৫ আগস্ট খালেদা জিয়ার মুক্তির পরে তোলা।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, “দীর্ঘ ১৫ বছর পর মানুষটা আজ মুক্তি পেল। জীবনে একটা যুগ পার করে দিয়েছে কারাগারে বন্দি থেকে। আল্লাহর আপনাকে সুস্থতা দান করুক বেগম খালেদা জিয়া।” (সব বানান অপরিবর্তিত।) এমনই একটি পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিয়োটি গত ৫ আগস্ট খালেদা জিয়ার মুক্তির সময়ের নয়। বরং সেটি চলতি বছরের জানুয়ারি মাসে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে খালেদা জিয়ার গুলশানের বাড়ি ফেরার দৃশ্য।

কীভাবে জানা গেল সত্য?

ভাইরাল ভিডিয়োর সত্যতা জানতে আমরা সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলির রিভার্স ইমেজ সার্চ করি। তখন আমরা চলতি বছরের ১১ জানুয়ারি বাংলাদেশি সংবাদমাধ্যম সময় টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে হুবহু একই ভিডিয়োটি দেখতে পাই। সেখানে ভিডিয়োটি পোস্ট করে শিরোনামে লেখা হয়েছে, “বাসায় ফিরেই ভাগ্নের মেয়েকে জড়িয়ে ধরলেন বেগম জিয়া।” এর থেকে স্পষ্ট হয় যে ভাইরাল ভিডিয়োটি গত ৫ আগস্ট খালেদা জিয়ার মুক্তির সময়ের নয়।

Advertisement

এরপর উক্ত তথ্যের ভিত্তি করে একাধিক কিওয়ার্ড সার্চ করলে তখন আমরা ২০২৪ সালের ১১ জানুয়ারি বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিয়ো দেখতে পাই। সেখানে উল্লেখ করা হয়েছে, পাঁচ মাস ধরে হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। সন্ধ্যা ৭টার দিকে তিনি গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের তাঁর বাসা ফিরোজায় পৌঁছান।

এরপর ওই একই দিন অর্থাৎ চলতি বছরের ১১ জানুয়ারি আমরা সময় টিভির অফিশিয়াল ওয়েবসাইটেও এই সংক্রান্ত একটি প্রতিবেদন খুঁজে পাই। সেখানে ভাইরাল ভিডিয়োর ফ্রেমের সঙ্গে মিল থাকা একটি ছবি-সহ লেখা হয়েছে, “পাঁচ মাস পর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায়। এ সময় গাড়ি থেকে নেমে হাসিমুখে বাসার গেটে অপেক্ষমাণ স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।”

এর থেকে প্রমাণ হয় যে চলতি বছরের জানুয়ারি মাসে খালেদা জিয়ার হাসপাতাল থেকে বাড়ি ফেরার ভিডিয়োকে সম্প্রতি তাঁর জেলমুক্তির দৃশ্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিয়োতে দেখা যাচ্ছে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির পরের দৃশ্য।

ফলাফল

ভিডিয়োটি চলতি বছরের ১১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে খালেদা জিয়ার গুলশানের বাড়ি ফেরার সময় তোলা হয়।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement