ফ্যাক্ট চেক: ‘একটি পার্টি রামের নামে ভোট চেয়ে রাজনীতি করে!’ এমন কথা বলেছেন নানা?

সম্প্রতি এমনই এক বলিউড তারকার নাম করে ফেসবুকে ভাইরাল করা হচ্ছে একটি বিশেষ পোস্ট। তাতে দাবি করা হয়েছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকর বলেছেন, দেশে একটিমাত্র রাজনৈতিক দল ভগবান রামের নামে ভোট চায়।

Advertisement
ফ্যাক্ট চেক: ‘একটি পার্টি রামের নামে ভোট চেয়ে রাজনীতি করে!’ এমন কথা বলেছেন নানা?

শনিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত মোট ৭ দফায় হবে ভোট। তবে নির্বাচনের দিন ঘোষণার অনেক আগে থেকেই প্রার্থীদের নাম প্রকাশ করা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। পাশাপাশি সমান হারে চলছে ভোট প্রচার।

সেই প্রচারের আঁচ লক্ষ্য করা গেছে সোশ্যাল মিডিয়াতেও। আর তাতে জড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে বিনোদন জগতের তারকাদের নামও। সম্প্রতি এমনই এক বলিউড তারকার নাম করে ফেসবুকে ভাইরাল করা হচ্ছে একটি বিশেষ পোস্ট। তাতে দাবি করা হয়েছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকর বলেছেন, দেশে একটিমাত্র রাজনৈতিক দল ভগবান রামের নামে ভোট চায় বা রাজনীতি করে।

উদাহরণস্বরূপ, সঞ্চিতা দাস নামক এক ফেসবুক ব্যবহারকারী নানা পাটেকরের ছবি সহ একটি পোস্ট করেছেন। সেখানে লেখা হয়েছে, "খৃষ্টান কখনো যীশুর নামে ভোট চায় না। শিখ কখনো গুরু নানকের নামে ভোট চায় না। মুসলমান কখনো হজরত মহম্মদের নামে ভোট চায় না। কিন্তু একটি পার্টি রামের নামে ভোট চেয়ে রাজনীতি করে।"-অভিনেতা -নানা পাটেকর।” (ক্যাপশনের সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল পোস্টের দাবিটি সম্পূর্ণরূপে মিথ্যা। অর্থাৎ বলিউড অভিনেতা নানা পাটেকর এহেন কোনও মন্তব্য করেননি।

কীভাবে জানা গেল সত্য?

যদি অভিনেতা নানা পাটেকর এমন কোনও মন্তব্য করেন যে, খ্রিস্টানরা কখনও যীশুর নামে ভোট চায় না। শিখরা কখনও গুরু নানকের নামে ভোট চায় না। মুসলমানরা কখনও মহাম্মদের নামে ভোট চায় না। কিন্তু কেবলমাত্র একটি পার্টি রামের নামে ভোট চেয়ে রাজনীতি করে। তাহলে অবশ্যই সেই সংক্রান্ত খবর নির্ভরযোগ্য সংবাদ মাধ্যগুলিতে প্রাকাশিত হতো। কিন্তু এ বিষয়ে আমাদের কিওয়ার্ড সার্চে কোনও নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। যা থেকে আন্দাজ করা যায় নানা পাটেকর সম্ভবত এহেন মন্তব্য করেননি।

Advertisement

পক্ষান্তরে, কিওয়ার্ড সার্চ করার সময় আমরা ২০২৩ সালের ২৮ ডিসেম্বর এনএমএফ নিউজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে নানা পাটেকরের সাক্ষাৎকার সংক্রান্ত একটি খবর দেখতে পাই। সেখানে লোকসভা ভোটের আগেই তৃতীয়বারের জন্য মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার ভবিষ্যদ্বাণী করেছেন এই বলিউড অভিনেতা। তিনি বলেছেনে, “দেশে মোদীর কোনও বিকল্প নেই এবং তাঁর নেতৃত্বে দুর্দান্ত কাজ করছে কেন্দ্রীয় সরকার। একটু অপেক্ষা করুন তাহলে দেখতে পাবেন কীভাবে আরও বেশি সংখ্যক আসন নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরে আসে বিজেপি।”

সেই সাক্ষাৎকার নানা পাটেকর আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি যদি ৩৭৫ থেকে ৪০০ আসন পায় তাতেও তিনি অবাক হবেন না। আমরা ২০২৩ সালের ২৬ ডিসেম্বর নিউজ১৮-এর অফিশিয়াল ওয়েব সাইটে এই একই সাক্ষাৎকার সংক্রান্ত একটি প্রতিবেদনও দেখতে পাই। সেই প্রতিবেদনেও এই একই তথ্য উল্লেখ করা হয়েছে।

তবে কিওয়ার্ড সার্চের সময় গত ৫ মার্চ নানা পাটেকরকে নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা একটি প্রতিবেদন আমাদের নজরে আসে। সেখানে লেখা হয়েছে, সম্প্রতি মহারাষ্ট্রের নাসিকে কৃষকদের একটি সভায় বক্তব্য রাখার সময় বিজেপি সরকারকে নিয়ে কিছুটা সুর বদলাতে দেখা গেছে এই প্রবীণ অভিনেতাকে। তিনি সেখানে কৃষকদের উদ্দেশ্য করে বলেন, “আপনাদের আচ্ছে দিনের জন্য আর অপেক্ষা করার উচিত নয়। বরং নিজেদের উদ্যোগে আচ্ছে দিন নিয়ে আসা দরকার। আর তার জন্য কোন সরকার ক্ষমতায় আসবে সেটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে।”

আমরা এই একই সভার খবর গত ৭ মার্চ নিউজ তাকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও দেখতে পাই। সেখানে নানা পাটেকর আরও বলেন, “যখন সোনার দাম বাড়ছে, তখন চালের দাম বাড়ছে না কেন? কৃষকরা সমগ্র জাতির জন্য খাদ্য সরবরাহ করে কিন্তু সরকারের কাছে তাদের অভিযোগ সমাধানের সময় নেই। এমন সরকারের কাছে কৃষকদের কিছু চাওয়া উচিত নয়।” 

ভাইরাল পোস্টের ইঙ্গিত যে কেন্দ্রের শাসকদল বিজেপির দিকে তা স্পষ্ট। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারকে নিয়ে নানা পাটেকরের দুটি ভিন্ন বক্তব্য পেয়েছি। একটিতে তিনি অনুমান করেছেন আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ৩৭৫-৪০০ আসন পেতে পারে। অপরটিতে কৃষকদের সমস্য নিয়ে আচ্ছে দিনকে কটাক্ষ করতেও দেখা গেছে তাঁকে । কিন্তু আমরা তাঁর এমন কোনও বক্তব্য খুঁজে পাইনি যেখানে তিনি বলছেন যে, কেবলমাত্র একটি পার্টি রামের নামে ভোট চেয়ে রাজনীতি করে। 

এরপর ভাইরাল পোস্টের বিষয়ে অভিনেতা নানা পাটেকরের মতামত জানতে আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “আমি এমন কোনও মন্তব্য করিনি। আমার নাম নিয়ে কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচার চালাচ্ছে। আমি সকলকে অনুরোধ করব এই ধরনের কোনও পোস্ট বা দাবি যেন কেউ বিশ্বাস না করেন।”

এর থেকেই প্রমাণ হয় যে, ভগবান রামের নাম নিয়ে একটি মাত্র দল রাজনীতি করছে বলে বলিউড অভিনেতা নানা পাটেকরের ভাইরাল দাবিটি মিথ্যা। তিনি এহেন কোনও মন্তব্য করেননি। কিছু মানুষ তাঁর নাম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচার করছে। 

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

অভিনেতা নানা পাটেকর বলেছেন, খ্রিস্টানরা কখনও যীশুর নামে ভোট চায় না। শিখরা কখনও গুরু নানকের নামে ভোট চায় না। মুসলমানরা কখনও মহম্মদের নামে ভোট চায় না। কিন্তু কেবলমাত্র একটি পার্টি রামের নামে ভোট চেয়ে রাজনীতি করে।

ফলাফল

অভিনেতা নানা পাটেকরের ভাইরাল দাবিটি মিথ্যা। তিনি এহেন কোনও মন্তব্য করেননি। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement