

পালা বদলের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক রাজনৈতিক হিংসার পাশাপাশি সংখালঘু মুসলিমদের উপর হামলার ঘটনাও সামনে এসেছে। এই আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে কোনও একটি স্থানে বেশকিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিক্ষোভ প্রদর্শন করতে এবং ভাঙচুর চালাতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদীদের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন সংখ্যালঘু মুসলিমরা।
উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী সেটির ফ্রেমের উপরে লিখেছেন, “পশ্চিমবঙ্গে মুসলিমরা এক হয়ে গেছে, এবার উগ্র হিন্দুরা পালাতে বাধ্য... BJP ক্ষমতায় আসার পর থেকে কট্টরপন্থী হিন্দুরা মুসলিমদের উপর অমানবিক অত্যাচার চালায়, তার প্রতিবাদ শুরু হয়ে গেছে।” পাশাপাশি, ভিডিও-র ফ্রেমের উপরে লেখা হয়েছে, “ভারতে মুসলিমরা এবার এক হয়েছে উগ্র হিন্দুদের দমন করতে। উত্তাল পশ্চিমবঙ্গ।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গ কিংবা ভারতের নয়। বরং সেটি ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগে ২০২৫ সালের ২৮ অগস্ট বাংলাদেশের দিনাজপুর জেলার কাঞ্চনঘাটে 'জীবন মহল' নামক একটি রিসোর্টে ক্ষুব্ধ জনতার হামলার দৃশ্য।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম সংগ্রহ করে সেগুলিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৫ সালের ২৯ অগস্ট এই ঘটনার অন্য ক্যামের অ্যাঙ্গেল থেকে তোলা ভিডিও-সহ বিবিসি নিউজ বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, সেটি বাংলাদেশের দিনাজপুরের 'জীবন মহল' নামক একটি রিসোর্টে ক্ষুব্ধ জনতার তরফে হামলার দৃশ্য।

এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে এই ঘটনার ছবি-সহ প্রথম আলো-সহ একাধিক বাংলাদেশ ভিত্তিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ২৮ অগস্ট বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চনঘাটে অবস্থিত 'জীবন মহল' নামক একটি রিসোর্ট তথা পার্কে হামলা চালায় ‘তৌহিদি জনতা’র ব্যানারে কয়েকশো মানুষ। মূলত,ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগে তুলে এই হামলা চালানো হয়। এমনকি, 'জীবন মহল' রিসোর্টে ভাঙচুরের পাশাপাশি রিসোর্টের ভিতরে থাকা ‘জীবনীয়া’ নামক একটি দরবারেও আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।

এই ঘটনায় একজন সংবাদকর্মী-সহ অন্তত ১২ জন আহত হন। এর আগে ১৭ অগস্ট 'জীবন মহল' রিসোর্টে অভিযান চালিয়ে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ রিসোর্টের ম্যানেজার-সহ কয়েকজনকে কারাদণ্ড ও জরিমানা করে প্রশাসন। পাশাপাশি, এরপর আমরা গুগল ম্যাপেও বাংলাদেশের দিনাজপুরের কাঞ্চনঘাটে অবস্থিত 'জীবন মহল' রিসোর্টটি খুঁজে বার করি। যার সঙ্গে ভাইরাল ভিডিওতে থাকা রিসোর্টের হুবহু মিল পাওয়া যায়। নীচে গুগল ম্যাপটি দেখা যাবে।
পাশাপাশি, ভাইরাল ভিডিও-র শেষের অংশে কোনও একটি স্থানে বেশকিছু জনকে একে অন্যকে লক্ষ্য করে ইট ছুঁড়তে দেখা যাচ্ছে। এই ক্লিপটিও পশ্চিমবঙ্গের নয় বরং নেপালের। আগে এই ক্লিপটি নিয়ে আজতক বাংলা ফ্যাক্ট চেকের তরফে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেটি দেখতে এখানে ক্লিক করুন।
এর থেকে প্রমাণ হয় যে, পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদীদের অত্যাচারের বিরুদ্ধে মুসলিমদের বিক্ষোভ দাবিতে ছড়ানো হচ্ছে বাংলাদেশের ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদীদের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন সংখ্যালঘু মুসলিমরা।
ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গ কিংবা ভারতের নয়। বরং সেটি ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগে বাংলাদেশের দিনাজপুর জেলার কাঞ্চনঘাটে 'জীবন মহল' নামক একটি রিসোর্টে ক্ষুব্ধ জনতার হামলার দৃশ্য।